সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি যমুনা ত্যাগ করে গুলশানে নিজের বাসভবনে ওঠেন বলে একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। সূত্র আরও জানায়, যমুনা ছাড়ার পর ভবনটিতে সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে সরকারি বাসভবন হিসেবে উঠবেন বলে জানা গেছে। আসন্ন ঈদুল ফিতরে বিদেশি কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের প্রস্তুতির অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে তার ব্যক্তিগত বাসভবনে অবস্থান করছেন। ড. ইউনূস ২০২৪ সালের আগস্ট থেকে যমুনায় অবস্থান করছিলেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হওয়ার পরও তিনি সেখানে ছিলেন। তবে নতুন সরকার গঠনের পর তিনি নিজ বাসভবনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এদিকে সংশ্লিষ্টরা জানিয়েছেন, ড. ইউনূস এখন তার প্রতিষ্ঠিত ইউনূস সেন্টার ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অধিক মনোযোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’— এই স্লোগানকে সামনে রেখে দিনটি ঘিরে ব্যাপক কর্মসূচি নিয়েছে দলটি। শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে বিশাল ইফতার মাহফিল ও মিলনমেলার আয়োজন করা হয়েছে। গত বছরের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করা তরুণ রাজনৈতিক শক্তি এনসিপি মাত্র এক বছরের ব্যবধানে দেশের রাজনীতিতে আলোচিত অবস্থান তৈরি করেছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের উদ্যোগেই দলটির জন্ম। প্রতিষ্ঠার পর থেকেই রাষ্ট্র সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজপথ ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে এনসিপি। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক হিসেবে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দলটি। নির্বাচনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ ছয় তরুণ নেতা সংসদ সদস্য নির্বাচিত হয়ে আইনসভায় প্রতিনিধিত্ব করছেন। প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানিয়েছেন, আজকের আয়োজন শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধাদের মিলনমেলায় পরিণত হবে। ইফতার মাহফিলে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, শিক্ষক, সাংবাদিক, শ্রমিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন। বিকেল চারটা থেকে শুরু হওয়া এ আয়োজনে গত এক বছরের রাজনৈতিক পথচলার উল্লেখযোগ্য মুহূর্ত নিয়ে বিশেষ চিত্রপ্রদর্শনী ও ‘স্ট্রিট ওয়াল’ প্রোমো প্রদর্শন করা হবে। রাজধানীর পাশাপাশি বিভাগীয় শহরগুলোতেও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি নিয়েছে দলটি। আগামী ২ মার্চ চট্টগ্রাম, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহসহ পর্যায়ক্রমে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ৩ মার্চ কুমিল্লায় বিশেষ ইফতার আয়োজনের মাধ্যমে স্থানীয় নেতাকর্মী ও শহীদ পরিবারের মধ্যে সংযোগ জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।
জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে আজ অংশ নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। জামায়াতের আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দেশের রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক, ওলামা-মাশায়েখ, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করেছেন। গত ২৫ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবার নিজেদের দলীয় ইফতার মাহফিলে আমন্ত্রণ জানায় জামায়াতে ইসলামী। ওইদিন সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় তার সঙ্গে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় ছাত্রদলের দেওয়া শোকজ নোটিশের বিষয়ে নিজের অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও ডাকসুর সাবেক জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় হামিম বলেন, রাত প্রায় ১১টা ৪০ মিনিটের দিকে তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি শোকজ পত্র দেখতে পান। সেখানে তার নাম উল্লেখ করে তাকে শোকজ করা হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, শোকজ নোটিশটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী, সাংবাদিক এবং সারা দেশের ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ফোন করে জানতে চান কেন তাকে শোকজ করা হয়েছে। কিন্তু তিনি নিজেই তখন পর্যন্ত কারণ জানতেন না। শেখ তানভীর বারী হামিম জানান, শোকজের কারণ জানতে তিনি তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করেন। তার ভাষ্যমতে, তিনি জানতে চান—“ভাই কী কারণে আমাকে শোকজ করা হয়েছে? সেটাতো জানি না, উত্তরটা দিবো কীভাবে?” জবাবে দপ্তর সম্পাদক তাকে জানান, তিনিও কারণ জানেন না; তবে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে শোকজ করা হয়েছে। তাকে সরাসরি সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলার পরামর্শ দেওয়া হয়। পরবর্তীতে তিনি জানতে পারেন, ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তার আয়োজিত একটি ইফতার মাহফিলকে কেন্দ্র করেই তাকে শোকজ করা হয়েছে। এ প্রসঙ্গে হামিম বলেন, ওই দিন তিনি শিক্ষার্থীদের নিয়ে একটি ইফতার মাহফিলের আয়োজন করেন, যেখানে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতাও ছিল। এরপর শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেন। তার দাবি, এটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ। ইফতার আয়োজনের পেছনের উদ্দেশ্য ব্যাখ্যা করে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার প্রাণের সংগঠন। অতীতে ডাকসু নির্বাচনে এই সংগঠন তাকে জিএস পদে মনোনয়ন দিয়েছিল এবং তিনি প্রায় সাড়ে পাঁচ হাজার ভোট পেয়েছিলেন। রমজান উপলক্ষে শিক্ষার্থীদের প্রতি নিজের দায়বদ্ধতা থেকেই তিনি এ আয়োজন করেন বলে দাবি করেন। তিনি জানান, প্রায় এক হাজার শিক্ষার্থী ওই ইফতারে অংশ নেন। শোকজ নোটিশের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন হামিম। তার বক্তব্য, এখন পর্যন্ত তাকে ব্যক্তিগতভাবে কোনো নোটিশ পাঠানো হয়নি। কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, আমি জানি না যে আমি কোনো বড় ধরনের অন্যায় করেছি কি না, যে অন্যায়ের কারণে শোকজ পত্রটা শুধু ফেসবুকে আপলোড দেওয়া হলো, এখন পর্যন্ত আমাকে ব্যক্তিগতভাবে জানানো হলো না বা অবহিত করাও হলো না। লিখিত জবাব না দেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যায় তিনি বলেন, যেহেতু তাকে আনুষ্ঠানিকভাবে কোনো নোটিশ সরাসরি দেওয়া হয়নি, তাই তিনি লিখিত জবাব দেবেন না। তার ভাষায়, আমি লিখিত জবাব দিতে পারতাম, কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে কোনো শোকজ পত্র পাঠানো হয়নি। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে শোকজ প্রকাশের কারণে সারা দেশের মানুষ তাকে ফোন করছেন এবং জানতে চাইছেন তিনি কী এমন অন্যায় করেছেন। সবশেষে নিজের অবস্থান স্পষ্ট করে শেখ তানভীর বারী হামিম বলেন, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীরা মনে করেন তিনি ভুল করেছেন, তাহলে তিনি সেই দায় স্বীকার করে ক্ষমা চাইতে প্রস্তুত। আর যদি মনে করেন তার সঙ্গে অন্যায় হয়েছে, সেটিও সবার বিবেচনার ওপর ছেড়ে দিলেন। তিনি বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়।
সরকারি বাসভবন ছাড়ার আগে সাবেক উপদেষ্টাদের নিয়ে ইফতারের আয়োজন করেছেন ড. ফাওজুল কবির খান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ইফতার আয়োজনের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শফিকুল আলম লেখেন, ড. ফাওজুল কবির খানের আয়োজনে একটি মনোরম ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। তিনি ও তার পরিবার মিন্টো রোডের সরকারি বাসভবন ছেড়ে একটি ভাড়া ফ্ল্যাটে চলে যাচ্ছেন। প্রকাশিত ছবিতে সাবেক অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাকে দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একটি ছবিতে তাকে কেক কাটতেও দেখা গেছে। পোস্টে বিস্তারিত কিছু উল্লেখ না থাকলেও ধারণা করা হচ্ছে, মিন্টো রোডের সরকারি বাসভবন ছাড়াকে কেন্দ্র করে ফাওজুল কবির খান একটি বিদায়ী সৌজন্য সভার আয়োজন করেন। উল্লেখ্য, ফাওজুল কবির খান অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাজধানীর মোহাম্মদপুরে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, অফিস দখলকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। এ সময় দলটির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি ভাঙচুর করা হয়। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান মেইন রোডে, বিট অফিসের বিপরীত পাশে অবস্থিত ১০০ নম্বর ওয়ার্ড আওতাভুক্ত ঢাকা উদ্যান দক্ষিণ ইউনিট বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১০০ নম্বর ওয়ার্ড বিএনপির ইউনিট সভাপতি ইউসুফ আলী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন। এতে মোহাম্মদপুর থানা ছাত্রদলের আহ্বায়ক বসির উল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিছুল হক টিপু, যুগ্ম আহ্বায়ক পারভেজ, ছাত্রদল কর্মী আরিফ, নয়ন ও মিরাজের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তরা অতর্কিতভাবে বিএনপি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় অফিসে থাকা আসবাবপত্র ভেঙে চুরমার করা হয়। বাদীর দাবি, এতে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অফিসে টাঙানো দলীয় শীর্ষ নেতাদের ছবিও ভাঙচুর করা হয়। ভাঙচুর শেষে অভিযুক্তরা আরও লোকজন নিয়ে বিজয় মিছিল করে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিকেলের দিকে হঠাৎ করে ৫০-৬০ জনের একটি দল এসে কার্যালয়ে হামলা চালায় এবং পরে মিছিল বের করে। অভিযোগের বিষয়ে মোহাম্মদপুর থানা ছাত্রদলের আহ্বায়ক বসির উল্লাহ বলেন, ঘটনার সময় তিনি তেজগাঁও এলাকায় একটি ইফতার মাহফিলে ছিলেন। তার নাম ব্যবহার করে কারা এমন ঘটনা ঘটিয়েছে, তা তিনি জানেন না। বিষয়টি জানতে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানান। তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, একটি এজাহার পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেফতার আহম্মদ আলী দেওয়ানকে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির পদ থেকে বহিষ্কার করেছে সদর উপজেলা বিএনপি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বাক্ষরিত দলীয় চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। তার রাজনৈতিক কার্যকলাপ দলীয় গঠনতন্ত্র পরিপন্থী এবং দলীয় ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। আনীত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে, কিশোরী ধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাকে গাজীপুরের মাওনা থেকে এবং হযরত আলী নামে আরও এক আসামিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার আহম্মদ আলী দেওয়ানসহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্ষণের অভিযোগ ধামাচাপা দিতে সালিশ বৈঠকের আয়োজন এবং পরবর্তীতে ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে আহম্মদ আলী দেওয়ানের বিরুদ্ধে।
কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা মো. জোয়াহেরুল ইসলাম (৭০)। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি লাইফ সাপোর্টে ছিলেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার মাল্টি অর্গান ফেলিওর এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে লাশ হাসপাতালেই রাখা হবে। ভোরে তার লাশ সংরক্ষণের জন্য কলকাতার পিস হেভেনে নিয়ে যাওয়া হবে। প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন হলে বাংলাদেশে লাশ পাঠানো হতে পারে। জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর পেশায় আইনজীবী মো. জোয়াহেরুল ইসলাম ভারতে আসেন এবং কলকাতার নিউটাউনে বসবাস শুরু করেন। পরবর্তীতে তার স্ত্রী মেডিকেল ভিসায় ভারতে যান। পরিবার-পরিজনসহ নিউটাউনেই অবস্থান করছিলেন সাবেক এই সংসদ সদস্য। জোয়াহেরুল ইসলাম ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান।
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর কেন্দ্রীয় সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল শাখার আহ্বায়ক ও ডাকসুর জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সংগঠনটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম এ নোটিশ পাঠান। শোকজ নোটিশে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না—এ মর্মে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন বলেও উল্লেখ করা হয়। নোটিশে আরও জানানো হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নির্দেশনা প্রদান করেছেন। তবে তানভীর বারী হামিম ঠিক কোন ধরনের শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তা নোটিশে উল্লেখ করা হয়নি।
ব্যাংকের টাকা এ দেশের জনগণের, কোনো দলের নয়—এমন মন্তব্য করে মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, বাংলাদেশ ব্যাংক-এ একজন ব্যবসায়ীকে গভর্নর হিসেবে বসানো হয়েছে, যার ব্যাংকিং খাতে অভিজ্ঞতা নেই। এতে দেশের ব্যাংকিং খাত ঝুঁকির মধ্যে পড়তে পারে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বরিশালে আলেম-ওলামা ও পেশাজীবীদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। বরিশাল ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বরিশাল মহানগর শাখার সভাপতি মো. লোকমান হাকিম। মুফতি ফয়জুল করীম বলেন, তারা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আশা করেছিলেন, কিন্তু তা হয়নি। দেশে একটি সাজানো ও ‘ইঞ্জিনিয়ারিংয়ের’ নির্বাচন হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তার দাবি, পরিকল্পিতভাবে সারা দেশে হাতপাখার প্রার্থীদের ভোটে হারানো হয়েছে এবং নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের মাধ্যমে ফলাফল প্রভাবিত করা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। নরসিংদীতে কিশোরী হত্যাকাণ্ডসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নিপীড়নের ঘটনার উল্লেখ করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
ঢাকার ধানমন্ডিতে ঝটিকা মিছিলের সময় মহিলা আওয়ামী লীগের সাত নেত্রী ও তাদের বহনকারী মাইক্রোবাসের চালককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোরবেলা ধানমন্ডি ২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোঁরার সামনে থেকে ২০-২৫ জন নারী একটি মিছিল বের করেন। ‘মুজিব প্রেমিক বাংলার নারীরা’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে ৩ নম্বর সড়কের দিকে যায়। এ সময় ধানমন্ডি মডেল থানার পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। তারা মহিলা আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেফতার করে। অন্যরা পালিয়ে যান। মিছিলে অংশ নেওয়া মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের আনার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ঘটনাস্থল থেকে জব্দ করার কথা জানিয়েছে পুলিশ। পুলিশ বলেছে, এ ঘটনায় মাইক্রোবাসের চালককেও গ্রেফতার করা হয়েছে। পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান বলেছেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অমর একুশে বইমেলাকে আগামীতে আন্তর্জাতিক বইমেলায় আয়োজন করা যায় কি না, তা ভেবে দেখার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমিতে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রস্তাব দেন। তারেক রহমান বলেন, ‘বাংলা একাডেমির সৃজনশীল কার্যক্রমের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ অমর একুশে বইমেলা। তবে সময়ের পরিপ্রেক্ষিতে আগামী বছরগুলোতে অমর একুশে বইমেলা, অমর এক আন্তর্জাতিক বইমেলা হিসেবে আয়োজন করার সুযোগ রয়েছে কি না সেটি আমি আপনাদের সবাইকে ভেবে দেখার অনুরোধ জানাব। অমর একুশে আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হলে বিশ্ব সাহিত্যের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি বহু ভাষা এবং সংস্কৃতি শেখা-জানা এবং বোঝার দিকে আমাদের নাগরিকদের আগ্রহী করে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি বা মনে করি।’ তিনি বলেন, ‘বর্তমান গ্লোবাল ভিলেজে এই সময় মাতৃভাষা ছাড়াও আরও একাধিক ভাষার সঙ্গে পরিচিত হওয়া অত্যন্ত জরুরি। বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্বে সমৃদ্ধি এবং সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে জ্ঞান এবং মেধাভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার মনে হয় বিকল্প নেই আমাদের সামনে। এজন্য আমাদের জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে মেধায় নিজেদের সমৃদ্ধ হওয়া প্রয়োজন। একই সঙ্গে বাংলা ভাষাকে জাতিসংঘের অফিশিয়াল ভাষা হিসেবে স্বীকৃত আদায়ের জন্য আমাদের মনে হয় কাজ শুরু করা প্রয়োজন।’ প্রধানমন্ত্রী বলেন, ‘মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠায় ৫২-এর ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে আমরা স্বগৌরবে প্রতি বছর একুশ পালন করে থাকি। দিবসটি এখন শুধু আর বাংলাদেশের নয়, অমর একুশে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বেই পালিত হচ্ছে। ভাষা আন্দোলনের শহীদের আকাঙ্ক্ষাকে ধারণ করে আজকের এই স্থানটি অর্থাৎ এই বাংলা একাডেমি।’ ‘বইমেলা হয়ে উঠুক প্রাণের মিলন মেলা’ তারেক রহমান বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার তার যাত্রা শুরু করেছে। জনগণের প্রতি জবাবদিহিমূলক সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়। অমর ২১ বইমেলা কেবল বই বেচাকেনার মেলা নয়, বরং এই মেলা হয়ে উঠুক। শিক্ষা এবং সংস্কৃতি বিকাশের সূতিকাগার।’ তিনি বলেন, ‘অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে বাংলা একাডেমি মাসব্যাপী আলোচনা অনুষ্ঠান সাংস্কৃতিক পরিবেশনা এবং বিশেষ করে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, সঙ্গীত-আবৃত্তি প্রতিযোগিতা যে আয়োজন করে এসব উদ্যোগ নতুন প্রজন্মের সামনে তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে দেয়। এভাবেই বইমেলা হয়ে উঠুক আমাদের সবার মিলনমেলা প্রাণের মেলা।’ ‘বইমেলা সারাদেশে করতে হবে’ প্রধানমন্ত্রী পরামর্শ দিয়ে বলেন, ‘অমর একুশে বইমেলা শুধু একটি নির্দিষ্ট মাসে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দি উদ্যানে সীমাবদ্ধ না রেখে, সারা বছর দেশের সব বিভাগ জেলা ও উপজেলায় আয়োজিত করা যেতে পারে। এ ব্যাপারে বই প্রকাশকরা উদ্যোগী হয়ে ভূমিকা রাখতে পারেন বলে আমি মনে করি। সরকারের পক্ষ থেকে যদি সহযোগিতার কোনো অবকাশ থাকে, অবশ্যই বর্তমান সরকার সেখানে এগিয়ে আসবে। এ ব্যাপারে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আপনাদের নিশ্চয়ই প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছেন।’ ‘সবার আগে বাংলাদেশ’ সরকারপ্রধান বলেন, ‘জাতির মননের প্রতীক বাংলা একাডেমি আমাদের তরুণ-তরুণীদের মেধা ও মনন বিকাশের জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। এর মধ্যে বিভিন্ন মেয়াদি গবেষণাবৃত্তি, তরুণ লেখক প্রশিক্ষণ কর্মসূচি এবং আন্তর্জাতিক সেমিনার আয়োজন…। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে তরুণ প্রজন্মকে বাংলা ভাষা ও দেশজ সংস্কৃতির মূল ধারার সঙ্গে যুক্ত করা চেষ্টা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের সমৃদ্ধ সাহিত্য, ইংরেজিসহ নানা বিদেশি ভাষায় অনুবাদের কার্যক্রম বাংলা একাডেমি পরিচালনা করছে।’ তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে আশা করি, এ কার্যক্রম আরও বেগবান হবে ইনশাআল্লাহ এবং আমাদের সমৃদ্ধ সাহিত্যের সঙ্গে বিশ্ব সাহিত্যের পরিচয় আরও দৃঢ় হবে ইনশাআল্লাহ। এজন্যই আমরা বলি সবার আগে বাংলাদেশ। এই দেশকে সব প্রকার অন্ধকার ও পশ্চাৎ পদত থেকে মুক্ত করে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে আমি আপনাদের সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।’ গবেষণাধর্মী বই প্রকাশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বের অনেক দেশেই বইমেলার হয়। তবে, আমাদের বইমেলা অন্য দেশের বইমেলার মতন নয়। আমাদের বইমেলা আমাদের মাতৃভাষার ভাষার অধিকার আদায় এবং বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার স্মারক হিসেবে চিহ্নিত।’ তিনি বলেন, ‘প্রতি বছর মেলার আকার আয়তন বাড়লেও সেই হারে মনে হয় গবেষণাধর্মী বই প্রকাশিত হচ্ছে কি না, কিংবা মানুষের বই পড়ার অভ্যাস বাড়ছে কি না। এই বিষয়গুলো নিয়ে বর্তমানে মনে হয় চিন্তাভাবনা করার অবকাশ আছে।’ জার্মান এক দার্শনিকের উক্তি উদ্ধৃতি দিয়ে তারেক রহমান বলেন, ‘তিনি বলেছিলেন বই ছাড়া ঘর, আত্মা ছাড়া দেহের মতন। বিজ্ঞানী এবং গবেষকরা বলছেন, বই শুধুমাত্র বিদ্যা শিক্ষা কিংবা অবসরের সঙ্গী নয়, বরং বই পড়া মস্তিষ্কের জন্য এক ধরনের ব্যায়াম। গবেষণায় দেখা গেছে, নিয়মিত বই পড়ার অভ্যাস মস্তিষ্কের কোষগুলোর মধ্যে নতুন সংযোগ তৈরি করে। যেটি মানুষের স্মৃতিশক্তি এবং জাজমেন্ট ক্ষমতা বা বিশ্লেষণী ক্ষমতা বাড়ায়। এমনকি আলজাইমার বা ডিভেনশিয়ার মতন রোগের ঝুঁকিও ক্ষেত্র বিশেষে কমিয়ে নিয়ে আসে।’
সীমান্ত অঞ্চলজুড়ে যখন রাজনীতি পরিবর্তন হয়, তা সচরাচর কেবল আদর্শগত পরিবর্তনের গল্প নয়। বরং সেটি উপস্থিতির গল্প- কে মাঠে আছে, কে মানুষের কথা শুনছে, আর দূরবর্তী রাষ্ট্র যে ফাঁকা জায়গা ফেলে রেখেছে তা কে পূরণ করছে। বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কিছু জেলায়, বিশেষ করে ভারতের দীর্ঘ সীমান্তঘেঁষা অঞ্চলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাম্প্রতিক নির্বাচনি অগ্রগতি নাটকীয় আদর্শগত বাঁক নয়; বরং এটি স্মরণ করিয়ে দেয় যে, অবহেলিত অঞ্চলগুলো শেষ পর্যন্ত নিজেদের মতো করে রাজনীতিকে পুনর্গঠন করে। খবর দ্য স্টেটসম্যানের সম্পাদকীয়র। ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষে থাকা রংপুর, রাজশাহী এবং খুলনা- এই জেলাগুলো দীর্ঘদিন ধরেই জাতীয় উন্নয়নের মূল স্রোতের বাইরে পড়ে আছে। এগুলো কেবল মানচিত্রের প্রান্তসীমা নয়; এগুলো এমন স্থান, যেখানে অবকাঠামো দুর্বল, জনসেবা খণ্ডিত, আর তরুণদের কাছে সুযোগের চেয়ে প্রবাসগমনই যেন একমাত্র পথ। সীমান্তের ওপারে ভারতের পশ্চিমবঙ্গ ও আসামও একই ধরনের চাপে জর্জরিত। আছে কর্মসংস্থান সংকট, নাগরিকত্ব বিতর্ক, আর ছিদ্রযুক্ত সীমান্ত পেরিয়ে মানুষের চলাচল নিয়ে উদ্বেগ। এমন বাস্তবতায় রাজনীতি হয়ে ওঠে তীব্রভাবে স্থানীয় ইভেন্টকেন্দ্রিক, যদিও এর আন্তর্জাতিক পরিণতি আছে। এসব সীমান্তবর্তী জেলাগুলোতে জামায়াতের সাফল্য একটি পরিচিত রাজনৈতিক ধারার দিকে ইঙ্গিত করে। যেখানে রাষ্ট্রের উপস্থিতি ক্ষীণ এবং মূলধারার দলগুলো বিশ্বাসযোগ্যতা হারায়, সেখানে ভোটাররা এমন সংগঠনকে পুরস্কৃত করে যারা মাঠে থাকে- সেবা দেয়, শৃঙ্খলা বজায় রাখে, স্থানীয়ভাবে সংগঠিত থাকে। ঢাকায় বসে তৈরি করা স্লোগানের চেয়ে স্থানীয় ক্লিনিক, স্কুল, ত্রাণ কার্যক্রম ও নিবিড় সাংগঠনিক নেটওয়ার্ক অনেক বেশি কার্যকর হয়ে ওঠে। বহু বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় রাজনীতিতে প্রাধান্য বিস্তার করেছে। কিন্তু কেন্দ্রের প্রভাব স্বয়ংক্রিয়ভাবে প্রান্তিক পর্যায়ে আস্থা তৈরি করে না। ভারতের ক্ষেত্রে সীমান্তের কাছে কোনো ইসলামপন্থি দলের উত্থানকে নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে দেখা হবে। অভিবাসন বিতর্ক, বিশেষ করে আসামে নাগরিকপঞ্জি (এনআরআই) নিয়ে বিতর্ক, কিংবা পশ্চিমবঙ্গে সময় সময় উত্তেজনা- এসব ইতিহাস সেই প্রতিক্রিয়াকে বোধগম্য করে তোলে। তবে অতিরঞ্জিত আশঙ্কা বাস্তবতাকে আড়াল করতে পারে। নির্বাচনি মানচিত্র কোনো ব্যাপক আদর্শিক রূপান্তরের ইঙ্গিত দেয় না; বরং দেখায় স্থানীয় অসন্তোষের পকেট, যেখানে শাসনব্যবস্থা দূরবর্তী মনে হয় আর বিকল্পগুলো স্পর্শযোগ্য হয়ে ওঠে। ঢাকার জন্য এই বার্তাটি প্রতিরক্ষামূলক হওয়ার চেয়ে আত্মসমালোচনামূলক হওয়া উচিত। সীমান্তবর্তী জেলাগুলোকে প্রায়শই ‘বাফার’ অঞ্চল হিসেবে দেখা হয়- নিরাপত্তা ব্রিফিংয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু উন্নয়ন পরিকল্পনায় কম জরুরি। অথচ সড়ক, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও স্থানীয় কর্মসংস্থানই একটি সীমান্তকে স্থিতিশীল করে, স্থিতিশীলতা নিয়ে বক্তৃতা নয়। যদি ভোটাররা শক্তিশালী তৃণমূল কাঠামোসম্পন্ন দলের দিকে ঝুঁকে থাকে, তার কারণ দৈনন্দিন শাসনব্যবস্থা মানুষের দৈনন্দিন চাহিদার সঙ্গে তাল মেলাতে পারেনি। নয়াদিল্লির দিক থেকেও গত এক দশকে বাণিজ্য, ট্রানজিট রুট ও নিরাপত্তা সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে বড় বিনিয়োগ হয়েছে। এই কাঠামো টেকসই হতে পারে- কিন্তু তখনই, যখন দুই পক্ষই মনে রাখবে যে সীমান্ত কেবল টহল ও প্রোটোকল দিয়ে পরিচালিত হয় না। এটি পরিচালিত হয় জীবিকা, প্রাতিষ্ঠানিক আস্থা এবং সেই নীরব বিশ্বাস দিয়ে যে, রাজনীতি এখনো ফল দিতে পারে। সীমান্তঘেঁষা অঞ্চলগুলোর প্রকৃত বার্তা আদর্শিক নয়; এটি প্রশাসনিক ও অর্থনৈতিক। প্রান্তিক অঞ্চলকে দীর্ঘদিন উপেক্ষা করলে, তারাই একসময় নিজের রাজনৈতিক কাহিনি নিজে লিখতে শুরু করে।
রুহুল আমিন দীর্ঘদিন ধরেই বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক দলগুলো নিয়ে হতাশ ছিলেন। তিনি অপেক্ষা করছিলেন একটি বিশ্বাসযোগ্য তৃতীয় শক্তির জন্য। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ছাত্রনেতারা যখন ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) গঠন করেন, তখন ত্রিশের কোঠায় থাকা রুহুল আমিন মনে করেন অবশেষে তিনি এমন একটি দল পেয়েছেন, যাকে ভোট দিতে পারেন এবং নিজের দল বলতে পারেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এনসিপি। নেতারা ব্যাপক জনসমর্থন ও উজ্জ্বল নির্বাচনি সম্ভাবনার দাবি করেন, এমনকি ভবিষ্যতে সরকার গঠনের ইঙ্গিতও দেন। কিন্তু বাস্তবতা দ্রুত সামনে আসে। আন্দোলনের সময় ব্যাপক জনপ্রিয়তা থাকলেও দলটি জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে লড়ার মতো তৃণমূল সংগঠন গড়ে তুলতে পারেনি। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে জনমত জরিপে দেখা যায়, দলটির সমর্থন এক অঙ্কের নিচু পর্যায়ে ঘোরাফেরা করছে। অবশেষে এনসিপি জামায়াতে ইসলামী বাংলাদেশের সঙ্গে জোট বাঁধে জুনিয়র অংশীদার হিসেবে। তারা ৩০০ আসনের মধ্যে মাত্র ৩০টিতে প্রতিদ্বন্দ্বিতা করে এবং জয় পায় ছয়টিতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২ আসনে জয়ী হয়ে ভূমিধস বিজয় পায়। আর জামায়াত নেতৃত্বাধীন জোট পায় ৭৭টি আসন। তবে নব প্রতিষ্ঠিত দলের এই বিজয় রুহুল আমিনের আশায় ভাটা ফেলেনি। তিনি বাংলাদেশের পশ্চিমাঞ্চল কুষ্টিয়া থেকে আল জাজিরাকে বলেন, নতুন দল হিসেবে আমরা ভালো করেছি। এটা কেবল শুরু। আগামী কয়েকটি নির্বাচনি চক্রে এনসিপিই বড় শক্তি হয়ে উঠবে। আন্দোলন থেকে সংসদে ২০২৪ সালের অভ্যুত্থানে যেসব এনসিপি নেতা সামনে ছিলেন, তাদের কয়েকজন এখন সংসদ সদস্য। সমর্থকদের কাছে ছয়টি আসন একটি নবীন দলের জন্য অপ্রত্যাশিত সাফল্য। সমালোচকদের মতে, এটি প্রমাণ করে যে প্রতিবাদ আন্দোলন থেকে আনুষ্ঠানিক রাজনীতিতে রূপান্তরের পথে কাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে। দলের মুখপাত্র আসিফ মাহমুদ, যিনি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন, তিনি ফলাফলকে উৎসাহব্যঞ্জক বলে উল্লেখ করেন। তিনি বলেন, মাত্র ১১ মাস বয়সি একটি দলের জন্য এটি খুব ভালো ফলাফল। অবশ্যই আরও ভালো হতে পারত। আমরা বেশি আশা করেছিলাম। তবে পরিস্থিতি বিবেচনায় আমরা সন্তুষ্ট। তিনি অভিযোগ করেন, ভোট গণনায় অনিয়মের কারণে তারা আরও দুই-তিনটি আসন হারাতে পারে। যদিও প্রমাণ চাইলে তিনি বলেন, দল নির্বাচন প্রক্রিয়ার মধ্যেই আপত্তি জানিয়েছে। তিনি স্বীকার করেন, নির্বাচনে অংশ নিতে গিয়ে আপস করতে হয়েছে। ‘প্রথমে আমরা এককভাবে লড়তে চেয়েছিলাম। কিন্তু রাজনৈতিক কাঠামো বিবেচনায় প্রতিনিধিত্ব ও টিকে থাকার জন্য জোটে যেতে হয়েছে।’ এই জোটই এখন এনসিপির ভবিষ্যতের সবচেয়ে বড় টানাপোড়েন। জোট রাজনীতি ও অভ্যন্তরীণ বিভাজন দেশের ধর্মভিত্তিক বৃহত্তম দল জামায়াত ঐতিহাসিকভাবে শরিয়াভিত্তিক আইনের পক্ষে অবস্থান নিয়েছে এবং নারীর অধিকার বিষয়ে রক্ষণশীল। যদিও সাম্প্রতিক সময়ে তারা অন্তর্ভুক্তিমূলক ও ধর্মনিরপেক্ষ সংবিধানের প্রতি প্রতিশ্রুতি দিয়েছে, এমনকি প্রথমবারের মতো একজন হিন্দু প্রার্থীও মনোনয়ন দিয়েছে, তবু জোট ঘোষণার পর এনসিপির ভেতরে বিভাজন দেখা দেয়। এক সপ্তাহের মধ্যে দলটির এক ডজনের বেশি জ্যেষ্ঠ নেতা পদত্যাগ করেন। তাদের আশঙ্কা ছিল, জামায়াতের সঙ্গে জোট এনসিপির আদর্শ ও ২০২৪ সালের অভ্যুত্থানের অন্তর্ভুক্তিমূলক চেতনার সঙ্গে সাংঘর্ষিক। তবে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা ছায়া রাজনীতি করছি না। আমাদের আদর্শ জামায়াতের সঙ্গে এক নয়।’ তিনি জোর দিয়ে বলেন, এটি নির্বাচনি জোট, রাজনৈতিক একীভূতকরণ নয়। বান্দরবান থেকে নির্বাচনে পরাজিত এনসিপি নেতা এসএম সুজা উদ্দিন বলেন, জোট ছিল রাজনৈতিক বাস্তবতা। ‘আমাদের জন্য বিকল্প ছিল সীমিত।’ অন্যদিকে, সাবেক নেতা অনিক রায়, যিনি জোট ঘোষণার আগেই পদত্যাগ করেন, তিনি মনে করেন, ‘এনসিপি এখন কাঠামোগতভাবে জামায়াতের সঙ্গে বাঁধা পড়ে গেছে।’ তার ভাষায়, ‘তারা যদি আবার স্থানীয় নির্বাচনে জামায়াতের সঙ্গে যায়, সেটাই তাদের দিক নির্দেশ করবে।’ তিনি প্রশ্ন তোলেন দলের আদর্শিক অবস্থান নিয়েও। ‘তারা যদি মধ্যপন্থি বলে দাবি করে, তবে সেটা মধ্য-ডান না মধ্য-বাম?’ তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? এনসিপির রাজনৈতিক পুঁজি মূলত ২০২৪ সালের ছাত্রনেতৃত্বাধীন অভ্যুত্থান থেকে এসেছে। সেই সময়ে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দলের নেতারা গণতন্ত্র পুনরুদ্ধারের বৃহত্তর আন্দোলনে যুক্ত ছিলেন। ২০২৪ সালের জুলাই আন্দোলনের অন্যতম মুখ নাহিদ ইসলাম এখন এনসিপির আহ্বায়ক। তিনি ঢাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বর্তমানে বিরোধী জোটের চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করছেন। আসিফ মাহমুদ বলেন, আন্দোলনের সময় আর দলীয় রাজনীতি এক নয়। দলীয় রাজনীতিতে সংঘাত অনিবার্য। যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির পিএইচডি গবেষক ও বিশ্লেষক আসিফ বিন আলী মনে করেন, বাস্তবে এনসিপি স্বতন্ত্র তৃতীয় শক্তি হওয়ার আগ্রহ খুব কম দেখিয়েছে। নির্বাচনের পর তারা জামায়াতের ছায়াতেই স্বচ্ছন্দ ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবদুল লতিফ মাসুম বলেন, স্বতন্ত্র শক্তিশালী তৃতীয় শক্তি হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা সীমিত। তবে সংসদে প্রবেশ ইতিবাচক সূচনা। সামনে কী? বিশেষজ্ঞদের মতে, এনসিপি এখন এক দ্ব্যর্থক অবস্থানে। তারা সংসদে আছে, একটি ঐতিহাসিক আন্দোলনের সঙ্গে প্রতীকীভাবে যুক্ত, কিন্তু একই সঙ্গে জোট রাজনীতির জটিল বাস্তবতায় পথ খুঁজছে। ছয়টি আসন কি সত্যিই তৃতীয় শক্তির ভিত্তি হবে? সেটি নির্ভর করবে- দলটি জোট রাজনীতির বাইরে গিয়ে তৃণমূলে বিস্তার করতে পারে কি না, এবং আদর্শিক অবস্থান স্পষ্ট করতে পারে কি না তার ওপর। রুহুল আমিন আশাবাদী। তার কাছে ছয়টি আসন শেষ নয়, বরং এটা তার কাছে প্রমাণ যে ছাত্রনেতৃত্বাধীন একটি পরীক্ষা বাংলাদেশের কঠিন রাজনৈতিক বাস্তবতায় টিকে থাকতে পারে। তিনি বলেন, ‘আমরা রাস্তায় শুরু করেছি। এখন সংসদে। আমরা আর পেছনে ফিরব না।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের পর দেশের ধ্বংসপ্রাপ্ত ব্যাংকিং সেক্টরসহ আর্থিক খাতে শৃঙ্খলা নিয়ে আসতে অন্তর্বর্তী সরকার দেশের অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব দেন। আহসান এইচ মনসুরকে সরিয়ে দিয়ে আর্থিক খাতে লুটপাটের পথ উন্মুক্ত করল বিএনপি সরকার। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই আর্থিক খাতে শৃঙ্খলা আনতে অনেকটাই সফল হন তিনি। ব্যাংকিং খাতে বেশকিছু সংস্কার সাফল্যের সঙ্গে বাস্তবায়ন করেন তিনি। এর মধ্য দিয়ে আর্থিক খাত কিছুটা ঘুরে দাঁড়াতে সক্ষম হয়। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে পাচারকৃত অর্থ ফেরত আনতে অত্যন্ত দৃঢ় পদক্ষেপ নেন আহসান এইচ মনসুর। বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে দেশের মানুষের কষ্টার্জিত টাকা ফেরত আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন তিনি। এর পাশাপাশি আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে অর্থপাচার বন্ধের উদ্যোগও নেন এ অর্থনীতিবিদ। তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংককে সাংবিধানিক প্রতিষ্ঠান করে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করার উদ্যোগও নিয়েছিলেন আহসান এইচ মনসুর। যা বাস্তবায়ন সম্ভব হলে ব্যাংকিং সেক্টরে সরকার দলীয় ব্যবসায়ীদের নগ্ন হস্তক্ষেপ মোটা দাগে বন্ধ করা সম্ভব হতো। এসব সংস্কারের কারণে বিএনপি-আওয়ামী লীগের সুবিধাভোগী গোষ্ঠীর লুটপাটের পথ কিছুটা বন্ধ হয়ে যায়। এ কারণে গভর্নর আহসান এইচ মনসুরের ওপর তারা ক্ষিপ্ত ছিলেন। নাহিদ ইসলাম আরও বলেন, নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পর সরকারের পৃষ্ঠপোষকতায় কেন্দ্রীয় ব্যাংকে দখল ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা শুরু করেন বিএনপি-আওয়ামী লিগপন্থি কর্মকর্তারা। ব্যাংকের বিধির তোয়াক্কা না করে হঠকারিতা শুরু করেন তারা। এর ধারাবাহিকতায় আজ বিএনপি-আওয়ামী লিগপন্থি কর্মকর্তাদের নির্লজ্জ মবের সাক্ষী হয় দেশের কেন্দ্রীয় ব্যাংক। গভর্নরের উপদেষ্টাকে রীতিমতো শারীরিক হেনস্তা করে কেন্দ্রীয় ব্যাংক থেকে বের করে দেওয়া হয়। তিনি বলেন, এই ন্যাক্কারজনক হামলার নেতৃত্ব দেন নওশাদ মোস্তফা, সারোয়ার, মাসুম বিল্লাহ, গোলাম মোস্তফা শ্রাবণসহ বেশকয়েকজন কর্মকর্তা। এরা ব্যাংকের অভ্যন্তরে বর্তমানে নতুন করে বিএনপিপন্থি হিসেবে পরিচিত। এদের মধ্যে মাসুম বিল্লাহ ও গোলাম মোস্তফা শ্রাবণ আওয়ামীপন্থি নীল দল থেকে নির্বাচন করে বাংলাদেশ ব্যাংকের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এসব অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পরিবর্তে সরকার সফল গভর্নর আহসান এইচ মনসুরকে অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী কায়দায় দায়িত্ব থেকে সরিয়ে দেয়। তাকে না জানিয়েই নতুন গভর্নর নিয়োগ দেয়, যা অত্যন্ত অপমানজনক। এর মধ্য দিয়ে গত কয়েকদিনের ঘটনার সঙ্গে সরকারের ঊর্ধ্বতন মহলের সম্পৃক্ততাও স্পষ্ট হয়েছে। এনসিপি আহ্বায়ক বলেন, এখানেই শেষ নয়, সরকার নজিরবিহীনভাবে একজন বিতর্কিত দলীয় ব্যবসায়ীকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ দেয়। নতুন এ গভর্নর একজন (সাবেক) ঋণ খেলাপি। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে তার ৮৯ কোটি ২ লাখ টাকার ঋণ খেলাপি ছিল। গত বছরের জুনে ২ শতাংশ ডাউনপেমেন্ট দিয়ে বিশেষ বিবেচনায় ১০ বছরের জন্য তার ঋণ পুনঃ তপশিল করা হয়েছে। এ ধরনের একজন অনৈতিক সুবিধাপ্রাপ্ত ব্যবসায়ীর হাতে দেশের সর্বোচ্চ ব্যাংক ও আর্থিক খাত নিরাপদ থাকবে–তা বিশ্বাস করার কোনো সুযোগ নেই। এর মধ্য দিয়ে এটা স্পষ্ট, সরকার ব্যাংকিং সেক্টর ও আর্থিক খাতে ফ্যাসিবাদী আমলের মতো নতুন করে লুটপাটের বন্দোবস্ত করতে ইচ্ছুক। সবশেষ এনসিপি আহ্বায়ক বলেন, আহসান এইচ মনসুরের মতো অভিজ্ঞ অর্থনীতিবিদকে সরিয়ে দেওয়া আমাদের হতবাক করেছে। তাকে সরিয়ে সুবিধাভোগী গোষ্ঠীর বিদেশে অর্থ পাচারের পথ আবারও সুগম করা হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। আমরা সরকারের এমন অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী পদক্ষেপে উদ্বিগ্ন। আমরা এমন সিদ্ধান্তের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি। দেশের অর্থনীতিকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করতে সৎ, দক্ষ ও অভিজ্ঞ অর্থনীতিবিদের হাতে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব দেওয়ার দাবি জানাচ্ছি।
দেশের আর্থিক খাতের শীর্ষ পদ নিয়ে মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, শেখ হাসিনা এবং তার ঋণখেলাপি কুশীলবরা এদেশের ব্যাংক খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে গিয়েছিল। ঋণখেলাপিদের দুষ্টচক্রের জন্য বাংলাদেশকে আইএমএফসহ বিভিন্ন দেশের দ্বারে দ্বারে হাজির হতে হয়েছে আর্থিক খাতকে বাঁচিয়ে রাখতে। সেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকার এই খাতকে টেনে তুলেছে মাত্র দেড় বছরে। রিজার্ভ দ্বিগুণ করে রেখে যাওয়াসহ খাদের কিনারায় থাকা ব্যাংকগুলোকে পূনর্বাসন করা হয়েছে। তিনি আরও লেখেন, আর্থিক খাতে আরও জঘন্য ভাবে কাজ শুরু করলো বর্তমান সরকার। হাজার হাজার কোটি টাকার ঋণখেলাপিদের এমপি, মন্ত্রী বানিয়ে প্রথমেই আর্থিক খাতকে হুমকির মুখে ফেলা হলো। সবশেষ আসিফ মাহমুদ লেখেন, আজ একজন ঋণখেলাপি ব্যবসায়ীকে আর্থিক খাতের অভিভাবক হিসেবে নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগের মাধ্যমে ঋণখেলাপি সিন্ডিকেটের হাতে তুলে দেওয়া হলো বাংলাদেশের আর্থিক খাত। আবারো এর পরিণতি ভোগ করতে আমাদের, দেশের সাধারণ জনগণের। মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ হাসিনার শাসনামলের শেষ সময়ের মতো দুঃস্বপ্নের দিনগুলো আবারো ফিরতে যাচ্ছে সম্ভবত। প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মোস্তাকুর রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে জানানো হয়, Bangladesh Bank Order, 1972 (President's Order No. 127 of 1972)-এর ১০(৫) ধারা অনুযায়ী মো. মোস্তাকুর রহমানকে তার যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, গভর্নর পদে দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। নিয়োগের অন্য বিষয়াদি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বাংলাদেশের মানুষ বিশেষ করে যুব সমাজ ১২ ফেব্রুয়ারির নির্বাচনে পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফলাফল পরিবর্তন করা হয়েছে।’ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর কাফরুল উত্তর ও দক্ষিণ থানা শাখার উদ্যোগে মনিপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচনে প্রতিটি ঘাটে শক্ত পাহারা দেব। জীবনের বিনিময়ে হলেও মানুষের ভোটের অধিকার রক্ষায় দাঁড়িয়ে যাব। তিনি বলেন, আমরা সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলব। আপনাদের অধিকার আদায় করে ছাড়ব। ঢাকা-১৫ আসনকে একটা মডেল আসন হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ ৫৪ বছরে অনেক আদর্শ দেখেছে। কিন্তু ইসলামী আদর্শের শাসন দেখার সৌভাগ্য এদেশের মানুষের হয়নি। দেশব্যাপী শুরু হওয়া চাঁদাবাজি বন্ধে সরকারি দলের প্রতি আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, অবিলম্বে চাঁদাবাজি বন্ধ করেন, তা না হলে দেশের মানুষকে সঙ্গে নিয়ে দেশব্যাপী শক্ত প্রতিরোধ গড়ে তুলব। বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক ঘোষিত ট্যাক্সমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করা ও প্রবাসীদের মৃতদেহ সম্মানের সাথে দেশে আনার প্রতিশ্রুতিকে অনুসরণ করার জন্য সরকারি দলকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মহানগরী মজলিশে শুরা সদস্য ও কাফরুল দক্ষিণ ও উত্তর থানার সেক্রেটারি যথাক্রমে মু. আবু নাহিদ ও মো. আশিকুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম, মহানগরী কর্মপরিষদ সদস্য মো. শহীদুল্লাহ, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও কাফরুল দক্ষিণ থানার আমির উপাধ্যক্ষ মু. আনোয়ারুল করিম, মহানগরী কর্মপরিষদ সদস্য ও কাফরুল উত্তর থানার আমির মো. রেজাউল করিম, কাফরুল জোন টিম সদস্য মো. জসিমুদ্দিন, আলাউদ্দিন মোল্লা, নাজমুল হাসান খান, মুফতি মাসুদুর রহমান, থানার কর্মপরিষদ সদস্য আবুল বাশার, সালাউদ্দিন শাহিন, পরশ আব্দুল্লাহ, মোস্তফা গাউসুল আজম, শহিদুল্লাহ বেপারী, মেসবাহ উদ্দিন মাহিন, ছাত্রশিবির, ওলামা ও যুব প্রতিনিধিসহ স্থানীয় নেতারা।
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ক্ষমতায় বসেই দেশের সিটি করপোরেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বিধি বহির্ভূতভাবে নিজেদের পছন্দের ব্যক্তিদের বসানোর প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অভিযোগ করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আমরা দেখেছি যে, প্রশাসক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সেখানে নির্দিষ্টভাবে কোনো মেয়াদ উল্লেখ করা হয়নি। প্রজ্ঞাপনটি দেখে মনে হয়েছে যে, আমৃত্যু হয়তো তারা প্রশাসক হিসেবে থাকবেন। অথচ সরকারের যেকোনো চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে সময়সীমা উল্লেখ করা বাধ্যতামূলক।’ তিনি বলেন, ‘নতুন সরকার ভয়ের রাজনীতি কায়েম করতে চাইছে। নানা বিধিনিষেধ আরোপ করে মানুষকে ভয় দেখাচ্ছে। রাজনৈতিক সরকার দায়িত্বে আসার সঙ্গে সঙ্গে বিএনপির এমন কর্মকাণ্ড বিধি বহির্ভূত, যা নতুন বাংলাদেশে গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, ‘দেশের জনগণকে প্রত্যেক কাজে নাগরিক সেবার ক্ষেত্রে ভোগান্তির শিকার হতে হয়। সেই বিবেচনায় খুব দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার প্রয়োজন এবং এই বিষয়ে সরকারে পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য আমরা এখনো পাইনি। আমরা আশা করি যে, তারা খুব দ্রুত সময়ের মধ্যে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের টাইম লাইনটা দেশের জনগণকে দেবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তিনি মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেবেন না। তিনি জানিয়েছেন, মন্ত্রী হবেন না—এটি জেনেই মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক এবং সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুস সাত্তার বেগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া ও আফতাব আহমেদ, কেরানীগঞ্জ মডেল থানার ওসি সাইফুল ইসলাম, দক্ষিণ থানার ওসি এম সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা। গয়েশ্বর বলেন, আমি জানতাম, মন্ত্রী হবো না। তবুও সেখানে গিয়েছিলাম। আমি আপনাদের বলে গেলাম, মৃত্যুর আগ পর্যন্ত আমি মন্ত্রিপরিষদে যোগ দেব না। আপনারা বলছেন মন্ত্রী না করায় রাগ করে চলে আসছি, এটা সত্য নয়। আমি সংসদ সদস্য, জনগণের প্রতিনিধি। শেষ পর্যন্ত মানুষের পক্ষে লড়াই করব, নিয়মের কথা বলব এবং নিয়ম প্রতিষ্ঠার চেষ্টা করব। এটাই আমার কাজ। ১৭ ফেব্রুয়ারি মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে তার সঙ্গে সংশ্লিষ্ট একটি বাগবিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ প্রসঙ্গে গয়েশ্বর জানান, মন্ত্রিসভায় ডাক পেলে তিনি আগেই জানতে পারতেন। একজন সিনিয়র নেতা হিসেবে তাকে সামনের সারিতে বসার আসন দেওয়া হয়েছিল। তবে এক কর্মকর্তা না জেনে মন্ত্রী ছাড়া অন্য সবাইকে আসন ছেড়ে দিতে বলেন। এমনকি না গেলে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ডাকার হুমকিও দেওয়া হয়। এই পরিস্থিতিতে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পরে ফেরার সময় অনেকে থাকতে অনুরোধ করলে কিছুটা রাগ প্রকাশ করেন, যা ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলের সম্ভাব্য নারী সংসদ সদস্যদের বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অসত্য ও বিভ্রান্তিকর তথ্য না করার আহ্বান জানিয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের-এর মাধ্যমে। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সম্ভাব্য নারী সংসদ সদস্যদের বিষয়ে ভুয়া নাম প্রকাশ করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। সেখানে দাবি করা হচ্ছে যে, দলের শীর্ষস্থানীয় নেতাদের স্ত্রী বা নিকটাত্মীয়রা মনোনয়ন পাচ্ছেন, যা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। জামায়াতে ইসলামী বলেছে, দল একটি ইসলামী, নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয়। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নসহ দলের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গঠনতন্ত্র অনুযায়ী নেওয়া হয়। আত্মীয়তা বা স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই। নারী সংসদ সদস্য মনোনয়ন প্রক্রিয়া গঠনতান্ত্রিক ও মহিলা বিভাগের সঙ্গে পরামর্শক্রমে সম্পন্ন হবে। সংগঠন দেশের মানুষকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে এবং এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সচেতন থাকার অনুরোধ জানিয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে যাওয়ার পথে তিনি অসুস্থ হন। ঢাকা মহানগর উত্তর জামায়াত-এর নায়েবে আমির আব্দুর রহমান মুসা জানান, ইফতার মাহফিলে জামায়াত আমিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল এবং তিনি রওনাও দিয়েছিলেন। কিন্তু যাত্রাপথে হঠাৎ বমি করেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। এ কারণে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছাতে পারেননি। তিনি সবার কাছে জামায়াত আমিরের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন। একই সংগঠনের ঢাকা মহানগর উত্তর শাখার আমির সেলিম উদ্দিন বলেন, আমরা জামায়াত আমিরের জন্য দোয়া করি—আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে দেন।
দেশের বাইরে মানুষকে পড়তে আসা উচিত কি না—এ নিয়ে ধর্মীয়, সামাজিক, ব্যক্তিগত নানা মত আছে। তবে আমার বিশ্বাস, সুযোগ থাকলে জীবনে একবার হলেও দেশের বাইরে পড়াশোনা করা উচিত। বিদেশে পড়লে একজন মানুষের দৃষ্টিভঙ্গি বদলায়, সে নতুন অভিজ্ঞতা অর্জন করে। চাইলে বিদেশে চাকরি করতে পারে, আবার চাইলে দেশে ফিরে অবদান রাখতে পারে—সেটলড হওয়াই একমাত্র লক্ষ্য নয়। কিন্তু যেটাই করুক, সে যে অভিজ্ঞতা বয়ে নিয়ে যায় সেটা অমূল্য হয়ে থাকে। তার দুনিয়াকে দেখার চোখ অন্যদের থেকে আলাদা হবে। অনেকেই দেশে হোস্টেলে থেকেছেন, বাবা–মা থেকে দূরে থেকেছেন। কিন্তু বিদেশে এসে যে ধাক্কাটা লাগে, সেটা আলাদা। এখানে সবই একা সামলাতে হয়। অসুস্থ হলে মাথায় নিজেই পানি দিতে হয়। হাজারো চ্যালেঞ্জ, হাজারো স্ট্রাগল—সব একা নিজের কাঁধে বয়ে বেড়াতে হয়। দেশে একা থাকা আর বিদেশে একা থাকার তফাৎ এখানেই। দেশে জুতা ছিঁড়লে মুচি আছে, বিদ্যুৎ গেলে মেকানিক আছে, গাড়ি নষ্ট হলে সাহায্য মিলবে, রান্নার জন্য বুয়া পাওয়া যাবে। কিন্তু বিদেশে জুতা সেলাই করতে যে টাকা লাগে, তা দিয়ে নতুন দুই জোড়া কিনে ফেলা যায়। শেফ রাখতে চাইলে তার বেতনই আপনার বেতনের চেয়ে বেশি হতে পারে। তাও দেশি স্বাদের রান্না নাও আসতে পারে। এখানে এসে আমি নিজের সাইকেলের চাকা নিজেই ঠিক করেছি ইউটিউব দেখে, জুতা নিজে সেলাই করেছি, গাড়ি নষ্ট হলে নিজে শিখে ঠিক করেছি। রান্না শিখেছি—কারণ বছরের পর বছর নিজের হাতের রান্নাই খেতে হয়। এসব তো কেবল কয়েকটা উদাহরণ; সব বলতে গেলে বই হয়ে যাবে। কঠিন পড়াশোনা আর গবেষণার পাশাপাশি বেঁচে থাকার প্রয়োজনে আরও শত স্কিল শিখতে হয়। চ্যালেঞ্জ যতই থাকুক, মানুষ প্রতিকূল পরিবেশে টিকে থাকতে শিখে। সময়ের সঙ্গে সঙ্গে সব সহজ হয়ে আসে। আর এসব সংগ্রাম—এসবই মানুষকে শক্তিশালী, সক্ষম ও পরিণত করে তোলে। তাই প্রবাসজীবনে সমস্যা যেমন আছে, তেমনি আছে অসংখ্য সুযোগ ও ইতিবাচক দিক। দেশে আমার পরিচিত অসংখ্য বন্ধু–পরিচিত ‘বেকার’। রূপক অর্থে বেকার। অর্থাৎ চাকরি থাকলেও তারা কাজকে অর্থবহ মনে করে না, নিজের কর্মজীবন নিয়ে গর্বিত হতে পারে না। বড় চাকরি, ছোট চাকরি, ব্যবসা—সব ক্ষেত্রেই বেশিরভাগ মানুষ সন্তুষ্ট না নিজের কাজ নিয়ে, না নিজের জীবনের মান নিয়ে। কিন্তু বিদেশে এই বিষয়টা তুলনামূলক কম। এখানে নিজের পছন্দের কাজ খুঁজে পাওয়ার সুযোগ অসীম—যদি আপনি সেই কাজের স্কিল শিখে নিতে পারেন। ক্যারিয়ারের মাঝপথে হঠাৎ মনে হলে যে আপনি অন্য কিছু করতে চান—এখানে সেটা ভাবার সাহস মানুষ দেখাতে পারে। নিজের জীবন নতুনভাবে গড়া এখানে সম্ভব। এখানে আপনাকে আপনার কাজ দিয়েই বিচার করা হবে। ব্যক্তিজীবন নিয়ে খুব কমই মানুষ মাথা ঘামায়। রেসিজম আছে ঠিকই—কিন্তু ক্ষমতার অপব্যবহার, কাউকে ‘কেনা গোলাম’ ভাবার প্রবণতা এখানে বিরল। আপনি নিজের কাজ ঠিকঠাক করলে কারো কাছে তোষামোদ করতে হবে না। নিজের আত্মসম্মান বিক্রি করতে হবে না। এই পরিবেশ জীবনকে কম টক্সিক করে তোলে। বাংলাদেশে তো পাসপোর্ট অফিসের পিয়নকেও ‘স্যার’ বলতে হয় ফাইলটা একটু ভেতরে ঢোকানোর জন্য—যা আমরা শ্রদ্ধা থেকে বলি না, বাধ্য হয়ে বলি। দেশে–বিদেশে কোথাও প্রতিদিন অসাধারণ লাগবে না। কিন্তু প্রতিদিন অন্তত মনে হওয়া উচিত—আপনি কোনো অর্থবহ কাজে যুক্ত আছেন। যদি সেটা না হয়, তাহলে নিজের কাজ, নিজের স্থান, নিজের পরিবেশ—সবই নতুন করে ভাবার সময় এসেছে। আপনি যদি নিজের কাজ নিয়ে, নিজের জায়গা নিয়ে, নিজের অবদান নিয়ে গর্ব করতে পারেন—তাহলে দেশে পরিবার–পরিজন নিয়ে জীবন কাটানোই শ্রেয়। আর সময়–সুযোগ পেলে একবার বিদেশে অভিজ্ঞতা নেওয়া যেতে পারে—জব করে, মাস্টার্স বা পিএইচডি করে, কিংবা কিছুদিন ভ্রমণ করে। তবে দয়া করে—ব্যাচেলর/অনার্স লেভেলের পড়াশোনায় সন্তানকে বিদেশে পাঠাবেন না। আর ব্যাংক লোন নিয়ে বিদেশ ভ্রমণ করতে যাবেন না—এটা বাড়াবাড়ি। লেখক : সাকলাইন মোস্তাক, পিএইচডি শিক্ষার্থী, যুক্তরাষ্ট্র
অবশেষে গ্রেফতার করা হয়েছে মিরপুরের বৈষম্য বিরোধী মামলা বানিজ্যের অন্যতম হোতা লুৎফুল বারী মুকুলকে। এক সময় মিরপুরের স্থানীয় বি এন পি-র রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও পরবর্তীতে নাসিম ও শাহেদা ওবায়েদের নেতৃত্বাধীন গড়বো বাংলাদেশ ও আসল বি এন পি নামের দুটি সংগঠনের সক্রিয় কর্মী হিসেবে বি এন পির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান তথা বি এন পি'র বিরুদ্ধে বিষোদগার এবং অপপ্রচারে লিপ্ত হন লুতফুল বারী মুকুল। হঠাৎ করেই বিগত ৫ আগষ্ট ২০২৪ এর পর মুকুল নিজেকে বি এন পি'র নেতা হিসেবে পরিচয় দিতে শুরু করে। এক যুগ পূর্বের বি এন পির সাবেক পদবী ব্যবহার করে তার তত্বাবধানে চাঁদাবাজি এবং পূর্ব শত্রুতার জেরে অনেক নিরীহ ব্যবসায়ী ও কর্মজীবিদেরকে বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন মামলায় অন্তর্ভুক্ত করে তাদেরকে ভয়ভীতি দেখাতে শুরু করেন এবং মামলা তুলে দিবেন এই মর্মে মোটা অংকের টাকা দাবী করে আসছিলেন। ইতোপূর্বে মুকুলের জালিয়াতি ও প্রতারনার অনেক অজানা তথ্যও উঠে আসে পুলিশ ব্যুরো অফ ইনভেষ্টিগেশন (পি বি আই) এর বিষদ এক তদন্ত রিপোর্টে। মুকুলের মামলা বাণিজ্যের শিকার সাভারের মাছুম তার প্রতি এই জুলুমের বিচার দাবী করেন। অন্যান্য অভিযোগকারীরা জানান মুকুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং বর্তমানে তার বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা চলমান। মিরপুরের ভুক্তভোগী একজন প্রৌড়া বিধবা নারী বলেন, মুকুল ও তার মদদ দাতাদের বিরুদ্ধে সেনাবাহিনী ও র্যাবের নিকট ইতোমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। আরও তথ্য রয়েছে যে সরকারের গোয়েন্দা বাহিনী ও বি এন পি'র হাই কমান্ডের নেতাদের নিকট মুকুল ও তাকে মদদদেয়া ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের প্রক্রিয়াধীন। অদ্য ধামরাই থানা পুলিশ- অর্থ আত্মসাত, চুরি ও প্রতারণার মামলায় মুকুলকে মিরপুরের পীরেরবাগের বাড়ী থেকে গ্রেফতার করে।
আজকাল অনলাইন জীবনে অ্যাপ, ওয়েবসাইট ও ইমেইলের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড রাখা একেবারেই ঝামেলার কাজ। সব পাসওয়ার্ড মনে রাখা কঠিন, আবার ভুলে গেলে “Forgot Password” ঝামেলাও কম নয়! এই সমস্যার সহজ সমাধান নিয়ে এসেছে গুগল — Google Password Manager। একবার সেটআপ করলেই আপনার পাসওয়ার্ড সবসময় থাকবে আপনার সঙ্গে—নিরাপদে সেভ থাকবে এবং প্রয়োজনে স্বয়ংক্রিয়ভাবে (Auto-fill) বসে যাবে লগইনের সময়। 🔒 Google Password Manager কীভাবে কাজ করে? এই ফিচারটি আপনার গুগল অ্যাকাউন্টে পাসওয়ার্ড সেভ করে রাখে। এরপর আপনি কোনো অ্যাপ বা ওয়েবসাইটে লগইন করতে গেলে এটি স্বয়ংক্রিয়ভাবে পাসওয়ার্ড পূরণ করে দেয়। ফলে বারবার টাইপ করার ঝামেলা বা ভুলে যাওয়ার ভয় আর থাকে না। 📱 অ্যান্ড্রয়েড ফোনে চালু করার সহজ উপায় 1. ফোনের Settings খুলুন 2. নিচে স্ক্রল করে Google অপশনে ট্যাপ করুন 3. Manage your Google Account-এ যান 4. উপরের দিকের Security ট্যাব নির্বাচন করুন 5. নিচে গিয়ে Password Manager-এ ট্যাপ করুন 6. Offer to save passwords অপশনটি On করে দিন এখন থেকে আপনি যখন কোনো অ্যাপ বা ওয়েবসাইটে লগইন করবেন, গুগল নিজেই জিজ্ঞাসা করবে — “পাসওয়ার্ড সেভ করতে চান?” 💻 কম্পিউটারে (Chrome ব্রাউজারে) চালু করার পদ্ধতি 1. Chrome ব্রাউজার খুলুন 2. উপরের ডান পাশে থাকা তিনটি ডট (⋮) এ ক্লিক করুন 3. Settings নির্বাচন করুন 4. বাম পাশে থাকা Autofill and Passwords মেনুতে ক্লিক করুন 5. Google Password Manager খুলুন 6. Offer to save passwords অপশনটি On করে দিন এখন থেকে গুগল আপনার সব পাসওয়ার্ড সেভ করে রাখবে এবং যেকোনো ডিভাইসে গুগল অ্যাকাউন্টে লগইন করলেই স্বয়ংক্রিয়ভাবে অটো-ফিল হয়ে যাবে। 🧭 সংক্ষেপে ফোনে: Settings → Google → Manage Account → Security → Password Manager → On কম্পিউটারে (Chrome): Settings → Autofill & Passwords → Google Password Manager → Offer to save passwords → On --- 🔐 আর পাসওয়ার্ড ভুলে যাওয়ার ভয় নয়! গুগল রাখবে আপনার সব পাসওয়ার্ড নিরাপদে, সহজে ও ঝামেলামুক্তভাবে। প্রযুক্তি হোক আরও স্মার্ট, জীবন আরও সহজ।
মালয়েশিয়ায় অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হয়ে বছরের পর বছর জেলের দুর্বিষহ জীবনে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন জাহাঙ্গীর। হারিয়েছেন বাকশক্তিও। শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন, আবার কখনো অঝোরে কেঁদে ফেলেন। ভাগ্য বদলের আশায় দালালের মাধ্যমে মালয়েশিয়া গিয়েছিলেন নরসিংদীর চরদিঘলদী ইউনিয়নের জিতরামপুর গ্রামের জাহাঙ্গীর আলম। সেখানে গিয়ে প্রথমদিকে পরিবারের সঙ্গে যোগাযোগ থাকলেও একসময় তা বন্ধ হয়ে যায়। পরিবারের সদস্যরা ধরে নেন, হয়তো মারাই গেছেন জাহাঙ্গীর। এভাবে কেটে গেছে দীর্ঘ দেড় যুগ। অবশেষে গত ৭ নভেম্বর দেশে ফিরেছেন তিনি। তবে এতোদিনে বাবা-মা আর নেই, স্ত্রীও এখন অন্যের সংসারে। জানা গেছে, ৬৬ বছর বয়সী জাহাঙ্গীর আলম চরদিঘলদী ইউনিয়নের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। পেশায় জেলে ছিলেন। বিশাল মেঘনার বুকে মাছ ধরে জীবিকা চলত তার। সংসারে ছিলেন বাবা-মা, স্ত্রী ও চার সন্তান। দালালের খপ্পরে পড়ে সন্তানসম্ভবা স্ত্রীকে রেখে অবৈধ পথে পাড়ি জমান মালয়েশিয়ায়। প্রবাস জীবনের প্রথমদিকে পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল জাহাঙ্গীরের। কিন্তু পরে সব বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন খোঁজ না পেয়ে পরিবার ধরে নেয়, তিনি হয়তো আর বেঁচে নেই। নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার জানান, গত ২১ অক্টোবর মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন থেকে নরসিংদী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে কল করেন কাউন্সেলর (লেবার) সৈয়দ শরীফুল ইসলাম। তিনি জানান, এক বাংলাদেশী সেখানে ক্যাম্পে আটক রয়েছেন। তার কাছে পাসপোর্ট কিংবা আইডি কার্ড, কোনো ডকুমেন্টই নেই। অসুস্থতার কারণে কথা বলতে পারেন না। এতে তার নাম-পরিচয় কিছুই জানা যাচ্ছিল না। হাইকমিশন সম্প্রতি ওই ব্যক্তির ছবি দিয়ে পরিচয় জানতে সামাজিক মাধ্যমে পোস্ট দেয়। এরপর দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে নিজেদের স্বজন দাবি করে যোগাযোগ করলেও কেউই যথাযথ প্রমাণ দেখাতে পারেননি। একই সময় নরসিংদী সদরের এক ব্যক্তি পোস্টের নিচে মন্তব্য করে জানান, লোকটি চরদিঘলদী ইউনিয়নের বাসিন্দা হতে পারেন। হাইকমিশন বিষয়টি যাচাই করার অনুরোধ জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবস্থা নেন। স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্টজনদের সহায়তায় খুঁজে পাওয়া যায় একটি পরিবারকে। কথা বলে নিশ্চিত হওয়া যায়, ওই ব্যক্তিই ১৮ বছর আগে মালয়েশিয়া গিয়ে নিখোঁজ হওয়া জাহাঙ্গীর আলম। পরিবারের আর্থিক অবস্থাও অত্যন্ত ভালো নয়- বিষয়টি উপলব্ধি করে প্রয়োজনীয় সব নথি সংগ্রহ করে দ্রুততম সময়ে হাইকমিশনে পাঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আর্থিক অসচ্ছলতার কথা উল্লেখ করে জাহাঙ্গীর আলমকে সরকারি ব্যয়ে দেশে পাঠানোর অনুরোধও জানান তিনি। দীর্ঘ দেড় যুগ পর গত ৭ নভেম্বর দেশে ফেরেন জাহাঙ্গীর আলম। পরিবারের সদস্যরা বিমানবন্দর থেকে তাকে বাড়িতে নিয়ে যান। কিন্তু এরপরও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। দেশে এসে দেখেন, বাবা-মাকে হারিয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন পরিবারে ঠাঁই নিয়েছেন তার স্ত্রীও। মালয়েশিয়ায় অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হয়ে বছরের পর বছর জেলের দুর্বিষহ জীবনে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন জাহাঙ্গীর। হারিয়েছেন বাকশক্তিও। শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন, আবার কখনো অঝোরে কেঁদে ফেলেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাহাঙ্গীর আলমকে ২০ হাজার টাকা নগদ সহায়তা ও প্রয়োজনীয় উপহারসামগ্রী দেয়া হয়। উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে তার জন্য প্রতিবন্ধী ভাতা অনুমোদনের প্রক্রিয়া চলছে। বর্তমানে তিনি নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। জাহাঙ্গীরের বড় ছেলে আমান উল্লাহ বলেন, আমরা বাবাকে পেয়ে আবেগে আপ্লূত। উনি আমাদের মাঝে ফিরে এসেছেন, এটাই বড় পাওয়া। আমাদের পরিবারের সবাই খুশি। চরদিঘলদী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসা. সেলিনা আক্তার বলেন, আমাদের পরিষদ থেকে কিছু অর্থ দেয়া হয়েছে। তাকে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, কেউ দালালের খপ্পরে পড়ে জাহাঙ্গীর আলমের মতো যেন কেউ দেশের বাইরে না যায়, সে বিষয়ে আমরাও সবাইকে সচেতন করার চেষ্টা করব। নরসিংদী সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জেনে বা না জেনে কেউই যেন জাহাঙ্গীর আলম বা তার পরিবারের মতো ভুল না করেন। দালালের খপ্পরে পড়ে অবৈধ পথে বিদেশে যাওয়ার চেষ্টা করবেন না। একটি ভুল যেন পরিবারের সারাজীবনের কান্না হয়ে না দাঁড়ায়।
রাজধানীর পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন (৫৬) নিহত হয়েছেন। আজ আদালতে তিনি একটি মামলার হাজিরা দিতে গিয়েছিলেন বলে জানিয়েছেন তার স্ত্রী রিপা আক্তার। সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মামুন লক্ষ্মীপুর সদরের মোবারক কলোনির এস এম ইকবাল হোসেনের ছেলে। নিহত মামুনের স্ত্রী রিপা আক্তার জানান, আমার স্বামী বিএনপি সমর্থিত একজন কর্মী ও পাশাপাশি ব্যবসা করতো। আজ তার কোর্টে হাজিরা ছিল। আমরা জানতে পারি আমার স্বামী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আছেন। পরে ঢাকা মেডিকেলে হাসপাতালে এসে আমার স্বামীকে মৃত অবস্থায় দেখতে পাই। এদিকে ঢাকা ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, আনুমানিক বেলা ১১টার দিকে তাদের হাসপাতালের সামনের গোলাগুলির ঘটনা ঘটে। শব্দ শুনে হাসপাতালের মেইন গেটের সামনের এসে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ন্যাশনাল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তবে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। এ দিকে নিহতের পরিচয় নিশ্চিত করে গুলিবিদ্ধ ব্যক্তির খালাতো ভাই হাফিজ জানান, আমার ভাই তারিক সাঈদ মামুন একজন সাধারণ মানুষ। কী কারণে তাকে কে হত্যা করা হলো, আমি জামি না। সে কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। কারা তাকে হত্যা করেছে, কী কারণে করেছে আমার জানা নেই। সিসিটিভি ফুটেছে দেখা যায়, হাসপাতালের সামনে দুইজন অস্ত্রধারী সন্ত্রাসী এসে গুলি করে। পরে তারা নির্দ্বিধায় পালিয়ে যায়। শীর্ষ সন্ত্রাসী মামুন নিহতের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, তারিক সাঈফ মামুন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি শীর্ষ সন্ত্রাসী কি না বলতে বলতে পারছি না। তবে তিনি ক্যাপ্টেন ইমন গ্রুপের লোক ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ডিসি তালেব বলেন, তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। আজ সে আদালতে হাজিরা দিতে গিয়েছিল। সেখান থেকে বের হওয়ার পরেই দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। জানা যায়, নিহত সাঈফ মামুন শীর্ষ সন্ত্রাসী ক্যাপ্টেন ইমনের এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তবে তার সঙ্গে দীর্ঘদিন যাবৎ শীর্ষ সন্ত্রাসী ক্যাপ্টেন ইমনের দ্বন্দ্ব চলছিল। দীর্ঘ ২৪ বছর জেল খাটার পর ২০২৩ সালে তিনি জেল থেকে বের হন। এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে তেজগাঁও সাত রাস্তায় মামুনকে লক্ষ্য করে গুলি করা হয়। ওই ঘটনায় মামুন আহত হলেও পথচারী ভুবন চন্দ্র শীল নিহত হয়। নিহত মামুন চিত্রনায়ক সোহেল চৌধুরী এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই শহীদ সাঈদ আহমেদ টিপু হত্যা মামলার আসামি ছিলেন।