সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি যমুনা ত্যাগ করে গুলশানে নিজের বাসভবনে ওঠেন বলে একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। সূত্র আরও জানায়, যমুনা ছাড়ার পর ভবনটিতে সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে সরকারি বাসভবন হিসেবে উঠবেন বলে জানা গেছে। আসন্ন ঈদুল ফিতরে বিদেশি কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের প্রস্তুতির অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে তার ব্যক্তিগত বাসভবনে অবস্থান করছেন। ড. ইউনূস ২০২৪ সালের আগস্ট থেকে যমুনায় অবস্থান করছিলেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হওয়ার পরও তিনি সেখানে ছিলেন। তবে নতুন সরকার গঠনের পর তিনি নিজ বাসভবনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এদিকে সংশ্লিষ্টরা জানিয়েছেন, ড. ইউনূস এখন তার প্রতিষ্ঠিত ইউনূস সেন্টার ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অধিক মনোযোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’— এই স্লোগানকে সামনে রেখে দিনটি ঘিরে ব্যাপক কর্মসূচি নিয়েছে দলটি। শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে বিশাল ইফতার মাহফিল ও মিলনমেলার আয়োজন করা হয়েছে। গত বছরের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করা তরুণ রাজনৈতিক শক্তি এনসিপি মাত্র এক বছরের ব্যবধানে দেশের রাজনীতিতে আলোচিত অবস্থান তৈরি করেছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের উদ্যোগেই দলটির জন্ম। প্রতিষ্ঠার পর থেকেই রাষ্ট্র সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজপথ ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে এনসিপি। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক হিসেবে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দলটি। নির্বাচনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ ছয় তরুণ নেতা সংসদ সদস্য নির্বাচিত হয়ে আইনসভায় প্রতিনিধিত্ব করছেন। প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানিয়েছেন, আজকের আয়োজন শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধাদের মিলনমেলায় পরিণত হবে। ইফতার মাহফিলে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, শিক্ষক, সাংবাদিক, শ্রমিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন। বিকেল চারটা থেকে শুরু হওয়া এ আয়োজনে গত এক বছরের রাজনৈতিক পথচলার উল্লেখযোগ্য মুহূর্ত নিয়ে বিশেষ চিত্রপ্রদর্শনী ও ‘স্ট্রিট ওয়াল’ প্রোমো প্রদর্শন করা হবে। রাজধানীর পাশাপাশি বিভাগীয় শহরগুলোতেও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি নিয়েছে দলটি। আগামী ২ মার্চ চট্টগ্রাম, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহসহ পর্যায়ক্রমে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ৩ মার্চ কুমিল্লায় বিশেষ ইফতার আয়োজনের মাধ্যমে স্থানীয় নেতাকর্মী ও শহীদ পরিবারের মধ্যে সংযোগ জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।
জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে আজ অংশ নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। জামায়াতের আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দেশের রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক, ওলামা-মাশায়েখ, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করেছেন। গত ২৫ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবার নিজেদের দলীয় ইফতার মাহফিলে আমন্ত্রণ জানায় জামায়াতে ইসলামী। ওইদিন সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় তার সঙ্গে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় ছাত্রদলের দেওয়া শোকজ নোটিশের বিষয়ে নিজের অবস্থান বিস্তারিতভাবে তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও ডাকসুর সাবেক জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় হামিম বলেন, রাত প্রায় ১১টা ৪০ মিনিটের দিকে তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি শোকজ পত্র দেখতে পান। সেখানে তার নাম উল্লেখ করে তাকে শোকজ করা হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, শোকজ নোটিশটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী, সাংবাদিক এবং সারা দেশের ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ফোন করে জানতে চান কেন তাকে শোকজ করা হয়েছে। কিন্তু তিনি নিজেই তখন পর্যন্ত কারণ জানতেন না। শেখ তানভীর বারী হামিম জানান, শোকজের কারণ জানতে তিনি তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করেন। তার ভাষ্যমতে, তিনি জানতে চান—“ভাই কী কারণে আমাকে শোকজ করা হয়েছে? সেটাতো জানি না, উত্তরটা দিবো কীভাবে?” জবাবে দপ্তর সম্পাদক তাকে জানান, তিনিও কারণ জানেন না; তবে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে শোকজ করা হয়েছে। তাকে সরাসরি সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলার পরামর্শ দেওয়া হয়। পরবর্তীতে তিনি জানতে পারেন, ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তার আয়োজিত একটি ইফতার মাহফিলকে কেন্দ্র করেই তাকে শোকজ করা হয়েছে। এ প্রসঙ্গে হামিম বলেন, ওই দিন তিনি শিক্ষার্থীদের নিয়ে একটি ইফতার মাহফিলের আয়োজন করেন, যেখানে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতাও ছিল। এরপর শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেন। তার দাবি, এটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ। ইফতার আয়োজনের পেছনের উদ্দেশ্য ব্যাখ্যা করে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার প্রাণের সংগঠন। অতীতে ডাকসু নির্বাচনে এই সংগঠন তাকে জিএস পদে মনোনয়ন দিয়েছিল এবং তিনি প্রায় সাড়ে পাঁচ হাজার ভোট পেয়েছিলেন। রমজান উপলক্ষে শিক্ষার্থীদের প্রতি নিজের দায়বদ্ধতা থেকেই তিনি এ আয়োজন করেন বলে দাবি করেন। তিনি জানান, প্রায় এক হাজার শিক্ষার্থী ওই ইফতারে অংশ নেন। শোকজ নোটিশের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন হামিম। তার বক্তব্য, এখন পর্যন্ত তাকে ব্যক্তিগতভাবে কোনো নোটিশ পাঠানো হয়নি। কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, আমি জানি না যে আমি কোনো বড় ধরনের অন্যায় করেছি কি না, যে অন্যায়ের কারণে শোকজ পত্রটা শুধু ফেসবুকে আপলোড দেওয়া হলো, এখন পর্যন্ত আমাকে ব্যক্তিগতভাবে জানানো হলো না বা অবহিত করাও হলো না। লিখিত জবাব না দেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যায় তিনি বলেন, যেহেতু তাকে আনুষ্ঠানিকভাবে কোনো নোটিশ সরাসরি দেওয়া হয়নি, তাই তিনি লিখিত জবাব দেবেন না। তার ভাষায়, আমি লিখিত জবাব দিতে পারতাম, কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে কোনো শোকজ পত্র পাঠানো হয়নি। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে শোকজ প্রকাশের কারণে সারা দেশের মানুষ তাকে ফোন করছেন এবং জানতে চাইছেন তিনি কী এমন অন্যায় করেছেন। সবশেষে নিজের অবস্থান স্পষ্ট করে শেখ তানভীর বারী হামিম বলেন, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীরা মনে করেন তিনি ভুল করেছেন, তাহলে তিনি সেই দায় স্বীকার করে ক্ষমা চাইতে প্রস্তুত। আর যদি মনে করেন তার সঙ্গে অন্যায় হয়েছে, সেটিও সবার বিবেচনার ওপর ছেড়ে দিলেন। তিনি বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়।
সরকারি বাসভবন ছাড়ার আগে সাবেক উপদেষ্টাদের নিয়ে ইফতারের আয়োজন করেছেন ড. ফাওজুল কবির খান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ইফতার আয়োজনের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শফিকুল আলম লেখেন, ড. ফাওজুল কবির খানের আয়োজনে একটি মনোরম ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। তিনি ও তার পরিবার মিন্টো রোডের সরকারি বাসভবন ছেড়ে একটি ভাড়া ফ্ল্যাটে চলে যাচ্ছেন। প্রকাশিত ছবিতে সাবেক অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাকে দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একটি ছবিতে তাকে কেক কাটতেও দেখা গেছে। পোস্টে বিস্তারিত কিছু উল্লেখ না থাকলেও ধারণা করা হচ্ছে, মিন্টো রোডের সরকারি বাসভবন ছাড়াকে কেন্দ্র করে ফাওজুল কবির খান একটি বিদায়ী সৌজন্য সভার আয়োজন করেন। উল্লেখ্য, ফাওজুল কবির খান অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাজধানীর মোহাম্মদপুরে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, অফিস দখলকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। এ সময় দলটির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি ভাঙচুর করা হয়। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান মেইন রোডে, বিট অফিসের বিপরীত পাশে অবস্থিত ১০০ নম্বর ওয়ার্ড আওতাভুক্ত ঢাকা উদ্যান দক্ষিণ ইউনিট বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১০০ নম্বর ওয়ার্ড বিএনপির ইউনিট সভাপতি ইউসুফ আলী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন। এতে মোহাম্মদপুর থানা ছাত্রদলের আহ্বায়ক বসির উল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিছুল হক টিপু, যুগ্ম আহ্বায়ক পারভেজ, ছাত্রদল কর্মী আরিফ, নয়ন ও মিরাজের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তরা অতর্কিতভাবে বিএনপি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় অফিসে থাকা আসবাবপত্র ভেঙে চুরমার করা হয়। বাদীর দাবি, এতে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অফিসে টাঙানো দলীয় শীর্ষ নেতাদের ছবিও ভাঙচুর করা হয়। ভাঙচুর শেষে অভিযুক্তরা আরও লোকজন নিয়ে বিজয় মিছিল করে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিকেলের দিকে হঠাৎ করে ৫০-৬০ জনের একটি দল এসে কার্যালয়ে হামলা চালায় এবং পরে মিছিল বের করে। অভিযোগের বিষয়ে মোহাম্মদপুর থানা ছাত্রদলের আহ্বায়ক বসির উল্লাহ বলেন, ঘটনার সময় তিনি তেজগাঁও এলাকায় একটি ইফতার মাহফিলে ছিলেন। তার নাম ব্যবহার করে কারা এমন ঘটনা ঘটিয়েছে, তা তিনি জানেন না। বিষয়টি জানতে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানান। তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, একটি এজাহার পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রোজা ফারসি শব্দ। আরবি ভাষায় শব্দটিকে ‘সাওম’ বলা হয়। সাওম শব্দের বহুবচন ‘সিয়াম’। আরবি সাওম শব্দের বাংলা আভিধানিক অর্থ বিরত থাকা, পানাহার পরিহার, উপবাস থাকা ইত্যাদি। আমাদের দেশে রোজা শব্দটি বহুল প্রচলিত। হজরত মুহাম্মদ (সা.) প্রচারিত পবিত্র ইসলাম ধর্ম পাঁচটি স্তম্ভের ওপর সুপ্রতিষ্ঠিত। এর মধ্যে রোজা মূল স্তম্ভের অন্যতম। আল্লাহ প্রত্যেক প্রাপ্তবয়স্ক নর ও নারীর জন্য রোজা পালন ফরজ ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হলো, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর, যেন তোমরা মোত্তাকি হতে পারো’ (সুরা আল বাকারা-১৮৩)। সব নবী-রসুলের যুগে রোজার বিধান প্রচলন ছিল। রসুল (সা.) বলেন, ‘হজরত নুহ (আ.) ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আজহার দিন ছাড়া সারা বছর সিয়াম পালন করতেন’ (ইবনে মাজাহ, পৃষ্ঠা ১২৩)। হাদিসে বর্ণিত আছে, আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রসুল (সা.) বলেন, ‘তুমি হজরত দাউদ (আ.)-এর সাওম পালন কর, যা আল্লাহর কাছে সর্বোত্তম। তিনি একদিন সাওম পালন করতেন এবং পরের দিন বাদ দিতেন’ (মুসলিম শরিফ প্রথম খণ্ড, পৃষ্ঠা ৩৬৭)। অতি প্রাচীনকাল থেকেই বিভিন্ন নবীর আমলে মুমিন বান্দাদের অন্তরের কলুষতা দূর করার জন্য রোজার বিধান চালু ছিল। ইসলাম ধর্মে অনুসারীদের জন্য আল্লাহ রমজানের রোজা এক মাস ফরজ করেন। আল্লাহ বলেন, ‘তোমাদের মধ্যে যে এ (রমজান) মাস পাবে, সে যেন এ মাসের রোজা রাখে’ (সুরা আল বাকারা-১৮৫)। ইসলামি পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার ও কামাচার হতে বিরত থাকাকে রোজা বলে। রোজা পালনের মাধ্যমে মানুষ লোভলালসা, হিংসাবিদ্বেষ, ক্রোধ-ক্ষোভ ও কাম-মানসিকতা পরিহারের মাধ্যমে আত্মিক দোষত্রুটি সংশোধন করে পরিশুদ্ধ হতে পারে। রোজা একজন ব্যক্তি ও তার মন্দ কাজের মাঝে ঢালস্বরূপ। রসুল (সা.)-এর ফরমান, ‘রোজা হচ্ছে ঢালস্বরূপ’ (বোখারি প্রথম খণ্ড, পৃষ্ঠা ২৫৪)। রোজা আমাদের আত্মশুদ্ধির প্রশিক্ষণ দিয়ে থাকে। রোজা পালনের মাধ্যমে যারা আত্মশুদ্ধি লাভ করে, আদর্শ চরিত্রের অধিকারী হতে পারেন, তারাই সফলতা অর্জন করে থাকে। হাদিসে কুদসিতে মহান আল্লাহ্ বলেন, ‘রোজা আমার জন্য এবং আমিই এর প্রতিদান দেব’ (আর প্রতিদান হলো মহান আল্লাহ নিজেই) (বোখারি প্রথম খণ্ড, পৃষ্ঠা ২৫৪)। রোজা মানুষের আমিত্বকে দূর করে আল্লাহর চরিত্রে চরিত্রবান হওয়ার শিক্ষা দেয়। রোজার মাধ্যমে আল্লাহকে পাওয়ার অর্থ হলো নিজের মাঝে আল্লাহর চরিত্র বিকশিত হওয়া। অন্তরের পাপকালিমা বিদূরিত করে হৃদয় মাঝে বিরাজমান আল্লাহর সুপ্ত নুর বিকশিত করার লক্ষ্যে শুদ্ধভাবে রোজা পালনের গুরুত্ব অপরিসীম। আল্লাহ রোজার মাধ্যমে বান্দাকে পরিশুদ্ধ করতে চান এবং পুরস্কার দেওয়ার অঙ্গীকার করেছেন। আল্লাহ বলেন, ‘যদি তোমরা রোজা রাখো; তবে তা হবে তোমাদের জন্য অধিকতর কল্যাণকর; যদি তোমরা তা বুঝতে’ (সুরা আল বাকারা-১৮৪)। আল্লাহর রসুল (সা.) রোজার ফজিলত সম্পর্কে বলেন, ‘আদম সন্তানের প্রতিটি নেক আমল ১০ থেকে ৭০০’ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। এরপর আল্লাহ যতদূর ইচ্ছা করেন। আল্লাহ বলেন, ‘তার সিয়াম, তা আমার জন্য; আমি নিজেই এর প্রতিদান দেব। সে প্রবৃত্তি এবং পানাহার আমার জন্যই বর্জন করে।’ সিয়াম পালনকারীর জন্য রয়েছে দুটি আনন্দ। একটি আনন্দ তার ইফতারের সময় এবং অন্য আনন্দটি হচ্ছে তার প্রতিপালকের সঙ্গে সাক্ষাতের সময়। সিয়াম পালনকারীর মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মিশকের ঘ্রাণ অপেক্ষা অধিক সুগন্ধিময় (সুনানু ইবনে মাজাহ, পৃষ্ঠা ১১৮)। রসুল (সা.) বলেন, ‘জান্নাতের একটি দরজার নাম “রায়্যান”। কিয়ামতের দিন সেখান থেকে এ বলে আহ্বান করা হবে; সাওম পালনকারীগণ কোথায়? যে ব্যক্তি সাওম পালনকারী হবে, সে ওই দরজা দিয়ে প্রবেশ করবে এবং যে ওই দরজা দিয়ে প্রবেশ করবে, সে কখনো পিপাসার্ত হবে না’ (সুনানু ইবনে মাজাহ্, পৃষ্ঠা ১১৮)। রোজার সামাজিক গুরুত্বও অপরিসীম। রোজা পালনের মাধ্যমে রোজাদার ব্যক্তি ক্ষুধার যন্ত্রণা উপলব্ধি করতে পারে, ফলে তার মধ্যে গরিব-দুঃখী মানুষের প্রতি সহানুভূতি ও ভালোবাসা সৃষ্টি হয়। রোজা পালনকারী ব্যক্তি অন্যায়-অশ্লীল কথাবার্তা পরিহার করে চলে এবং হানাহানি থেকে দূরে থাকে। ফলে সমাজে শান্তি বিরাজ করে। এ ছাড়া আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় একে অন্যকে সাহরি ও ইফতার করিয়ে থাকে এবং অভাবীকে আর্থিক সহযোগিতা করে থাকে। এভাবে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয় এবং সামাজিক বন্ধন আরও মজবুত ও শক্তিশালী হয়। চিকিৎসাবিজ্ঞানও রোজা রাখার উপকারিতা স্বীকার করে নিয়েছে। মহান আল্লাহর দরবারে প্রার্থনা-তিনি যেন দয়া করে আমাদের হাকিকতে রোজা পালনের মাধ্যমে তাঁর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন।
নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেফতার আহম্মদ আলী দেওয়ানকে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির পদ থেকে বহিষ্কার করেছে সদর উপজেলা বিএনপি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বাক্ষরিত দলীয় চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। তার রাজনৈতিক কার্যকলাপ দলীয় গঠনতন্ত্র পরিপন্থী এবং দলীয় ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। আনীত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে, কিশোরী ধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাকে গাজীপুরের মাওনা থেকে এবং হযরত আলী নামে আরও এক আসামিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার আহম্মদ আলী দেওয়ানসহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্ষণের অভিযোগ ধামাচাপা দিতে সালিশ বৈঠকের আয়োজন এবং পরবর্তীতে ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে আহম্মদ আলী দেওয়ানের বিরুদ্ধে।
কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা মো. জোয়াহেরুল ইসলাম (৭০)। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি লাইফ সাপোর্টে ছিলেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার মাল্টি অর্গান ফেলিওর এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে লাশ হাসপাতালেই রাখা হবে। ভোরে তার লাশ সংরক্ষণের জন্য কলকাতার পিস হেভেনে নিয়ে যাওয়া হবে। প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন হলে বাংলাদেশে লাশ পাঠানো হতে পারে। জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর পেশায় আইনজীবী মো. জোয়াহেরুল ইসলাম ভারতে আসেন এবং কলকাতার নিউটাউনে বসবাস শুরু করেন। পরবর্তীতে তার স্ত্রী মেডিকেল ভিসায় ভারতে যান। পরিবার-পরিজনসহ নিউটাউনেই অবস্থান করছিলেন সাবেক এই সংসদ সদস্য। জোয়াহেরুল ইসলাম ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান।
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর কেন্দ্রীয় সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল শাখার আহ্বায়ক ও ডাকসুর জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সংগঠনটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম এ নোটিশ পাঠান। শোকজ নোটিশে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না—এ মর্মে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন বলেও উল্লেখ করা হয়। নোটিশে আরও জানানো হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নির্দেশনা প্রদান করেছেন। তবে তানভীর বারী হামিম ঠিক কোন ধরনের শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তা নোটিশে উল্লেখ করা হয়নি।
ব্যাংকের টাকা এ দেশের জনগণের, কোনো দলের নয়—এমন মন্তব্য করে মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, বাংলাদেশ ব্যাংক-এ একজন ব্যবসায়ীকে গভর্নর হিসেবে বসানো হয়েছে, যার ব্যাংকিং খাতে অভিজ্ঞতা নেই। এতে দেশের ব্যাংকিং খাত ঝুঁকির মধ্যে পড়তে পারে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বরিশালে আলেম-ওলামা ও পেশাজীবীদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। বরিশাল ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বরিশাল মহানগর শাখার সভাপতি মো. লোকমান হাকিম। মুফতি ফয়জুল করীম বলেন, তারা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আশা করেছিলেন, কিন্তু তা হয়নি। দেশে একটি সাজানো ও ‘ইঞ্জিনিয়ারিংয়ের’ নির্বাচন হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তার দাবি, পরিকল্পিতভাবে সারা দেশে হাতপাখার প্রার্থীদের ভোটে হারানো হয়েছে এবং নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের মাধ্যমে ফলাফল প্রভাবিত করা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। নরসিংদীতে কিশোরী হত্যাকাণ্ডসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নিপীড়নের ঘটনার উল্লেখ করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ ২০২৫-এ প্রয়োজনীয় তথ্য না দেওয়ায় দেশের ১৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানের এডুকেশনাল ইনস্টিটিউশন আইডেন্টিফিকেশন নম্বর (ইআইআইএন) সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)। ব্যানবেইসের পরিসংখ্যান বিভাগের পরিচালক প্রফেসর মো. গোলাম ফিরোজ স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের বার্ষিক শিক্ষা জরিপ কার্যক্রম গত ২০ অক্টোবর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত বর্ধিত সময়সীমা দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে যে সকল প্রতিষ্ঠান তথ্য আপলোড করতে ব্যর্থ হয়েছে, তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, মাঠ পর্যায়ে তদন্ত এবং টেলিফোনিক যোগাযোগের মাধ্যমে জানা গেছে, তালিকায় থাকা অনেক প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে, কয়েকটির অস্তিত্ব নেই এবং কিছু প্রতিষ্ঠান শুধুমাত্র শর্ট কোর্স পরিচালনা করছে। সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং একাডেমিক সুপারভাইজারদের প্রত্যয়ন ও সুপারিশের ভিত্তিতে এই স্থগিতাদেশ কার্যকর করা হয়েছে বলে মাউশির মহাপরিচালককে জানিয়েছে ব্যানবেইস। এর ফলে ব্যানবেইসের ডাটাবেজে এই প্রতিষ্ঠানগুলোর ইআইআইএন এখন থেকে কার্যকর থাকবে না। সংযুক্ত তালিকায় ১৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোতে (মাউশি, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
ঢাকার ধানমন্ডিতে ঝটিকা মিছিলের সময় মহিলা আওয়ামী লীগের সাত নেত্রী ও তাদের বহনকারী মাইক্রোবাসের চালককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোরবেলা ধানমন্ডি ২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোঁরার সামনে থেকে ২০-২৫ জন নারী একটি মিছিল বের করেন। ‘মুজিব প্রেমিক বাংলার নারীরা’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে ৩ নম্বর সড়কের দিকে যায়। এ সময় ধানমন্ডি মডেল থানার পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। তারা মহিলা আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেফতার করে। অন্যরা পালিয়ে যান। মিছিলে অংশ নেওয়া মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের আনার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ঘটনাস্থল থেকে জব্দ করার কথা জানিয়েছে পুলিশ। পুলিশ বলেছে, এ ঘটনায় মাইক্রোবাসের চালককেও গ্রেফতার করা হয়েছে। পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান বলেছেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সেহরি খাওয়া সুন্নত। পেট ভরে খাওয়া জরুরি নয়, এক ঢোক পানি পান করলেও সেহরির সুন্নত আদায় হয়ে যাবে। রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা সেহরি খাও। কেননা, সেহরিতে বরকত রয়েছে।’ (মুসলিম : ১০৯৫) অন্য হাসিছে এসেছে, ‘তোমরা সেহরি পরিত্যাগ করো না। এক ঢোক পানি দিয়ে হলেও সেহরি করো। কারণ যারা সেহরি খায় আল্লাহ তায়ালা তাদের ওপর রহমত বর্ষণ করেন এবং ফিরিশতারা তাদের জন্য রহমতের দোয়া করেন।’ (মুসনাদে আহমাদ : ৩/১২, মুসান্নাফে ইবনে আবি শায়বা : ৯০১০, সহিহ ইবনে হিব্বান : ৩৪৭৬) কোন সময়ে সেহরি খাওয়া ভালো? হাদিসে বলা হয়েছে, সুবহে সাদিকের কাছাকাছি সময় সেহরি খাওয়া মুস্তাহাব। তবে এত দেরি করা মাকরুহ যে, সুবহে সাদিক হয়ে যাওয়ার আশঙ্কা হয়। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) ইরশাদ করেছেন, ‘সকল নবীকে সময় হওয়ার পরপরই ইফতার তাড়াতাড়ি করতে এবং সেহরি শেষ সময়ে খেতে আদেশ করা হয়েছে।’ (আলমুজামুল আওসাত-তবারানী : ১৮৮৪, মাজমাউয যাওয়ায়েদ : ৩/৩৬৮) আমর ইবনে মায়মুন আলআওদি (রাহ.) বলেন, সাহাবায়ে কেরাম দ্রুত ইফতার করতেন আর শেষ সময়ে সেহরি খেতেন। (মুসান্নাফে আবদুর রাজযাক : ৭৫৯১, মুসান্নাফে ইবনে আবি শাইবা : ৯০২৫) সেহরি খাওয়ার দোয়া সেহরির শুরুতে পড়ার মতো কোনো দোয়া কোরআন-হাদিসে বর্ণিত হয়নি। সেজন্য সেহরি খেতে নির্দিষ্ট কোনো দোয়া পড়ার দরকার নেই। অবশ্য যেকোনো খাবারের শুরুতে পড়ার জন্য রাসুল (সা.) থেকে বর্ণিত একটি দোয়া রয়েছে, সেহরির শুরুতে তা পাঠ করা যেতে পারে। আল্লাহর রাসুল (সা.) বলেন, তোমরা ‘বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ’ বলে খাবার গ্রহণ করো।’ {মুসতাদরাকে হাকেম : ৫/১৪৬, হাকেম ও হাফেজ জাহাবি (রাহ.) হাদিসটিকে সহিহ বলেছেন।} অবশ্য ‘আলা’ শব্দ যুক্ত করে ‘বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ’ এভাবেও পড়া যায়। দোয়াটি ইবনুল জাযারি (রাহ.) তার আলহিসনুল হাসিন গ্রন্থে (পৃ. ২৫৫) উল্লেখ করেছেন। তিনি আলমুসতাদরাক-এর উদ্ধৃতি দিয়েছেন।
অমর একুশে বইমেলাকে আগামীতে আন্তর্জাতিক বইমেলায় আয়োজন করা যায় কি না, তা ভেবে দেখার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমিতে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রস্তাব দেন। তারেক রহমান বলেন, ‘বাংলা একাডেমির সৃজনশীল কার্যক্রমের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ অমর একুশে বইমেলা। তবে সময়ের পরিপ্রেক্ষিতে আগামী বছরগুলোতে অমর একুশে বইমেলা, অমর এক আন্তর্জাতিক বইমেলা হিসেবে আয়োজন করার সুযোগ রয়েছে কি না সেটি আমি আপনাদের সবাইকে ভেবে দেখার অনুরোধ জানাব। অমর একুশে আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হলে বিশ্ব সাহিত্যের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি বহু ভাষা এবং সংস্কৃতি শেখা-জানা এবং বোঝার দিকে আমাদের নাগরিকদের আগ্রহী করে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি বা মনে করি।’ তিনি বলেন, ‘বর্তমান গ্লোবাল ভিলেজে এই সময় মাতৃভাষা ছাড়াও আরও একাধিক ভাষার সঙ্গে পরিচিত হওয়া অত্যন্ত জরুরি। বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্বে সমৃদ্ধি এবং সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে জ্ঞান এবং মেধাভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার মনে হয় বিকল্প নেই আমাদের সামনে। এজন্য আমাদের জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে মেধায় নিজেদের সমৃদ্ধ হওয়া প্রয়োজন। একই সঙ্গে বাংলা ভাষাকে জাতিসংঘের অফিশিয়াল ভাষা হিসেবে স্বীকৃত আদায়ের জন্য আমাদের মনে হয় কাজ শুরু করা প্রয়োজন।’ প্রধানমন্ত্রী বলেন, ‘মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠায় ৫২-এর ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে আমরা স্বগৌরবে প্রতি বছর একুশ পালন করে থাকি। দিবসটি এখন শুধু আর বাংলাদেশের নয়, অমর একুশে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বেই পালিত হচ্ছে। ভাষা আন্দোলনের শহীদের আকাঙ্ক্ষাকে ধারণ করে আজকের এই স্থানটি অর্থাৎ এই বাংলা একাডেমি।’ ‘বইমেলা হয়ে উঠুক প্রাণের মিলন মেলা’ তারেক রহমান বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার তার যাত্রা শুরু করেছে। জনগণের প্রতি জবাবদিহিমূলক সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়। অমর ২১ বইমেলা কেবল বই বেচাকেনার মেলা নয়, বরং এই মেলা হয়ে উঠুক। শিক্ষা এবং সংস্কৃতি বিকাশের সূতিকাগার।’ তিনি বলেন, ‘অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে বাংলা একাডেমি মাসব্যাপী আলোচনা অনুষ্ঠান সাংস্কৃতিক পরিবেশনা এবং বিশেষ করে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, সঙ্গীত-আবৃত্তি প্রতিযোগিতা যে আয়োজন করে এসব উদ্যোগ নতুন প্রজন্মের সামনে তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে দেয়। এভাবেই বইমেলা হয়ে উঠুক আমাদের সবার মিলনমেলা প্রাণের মেলা।’ ‘বইমেলা সারাদেশে করতে হবে’ প্রধানমন্ত্রী পরামর্শ দিয়ে বলেন, ‘অমর একুশে বইমেলা শুধু একটি নির্দিষ্ট মাসে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দি উদ্যানে সীমাবদ্ধ না রেখে, সারা বছর দেশের সব বিভাগ জেলা ও উপজেলায় আয়োজিত করা যেতে পারে। এ ব্যাপারে বই প্রকাশকরা উদ্যোগী হয়ে ভূমিকা রাখতে পারেন বলে আমি মনে করি। সরকারের পক্ষ থেকে যদি সহযোগিতার কোনো অবকাশ থাকে, অবশ্যই বর্তমান সরকার সেখানে এগিয়ে আসবে। এ ব্যাপারে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আপনাদের নিশ্চয়ই প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছেন।’ ‘সবার আগে বাংলাদেশ’ সরকারপ্রধান বলেন, ‘জাতির মননের প্রতীক বাংলা একাডেমি আমাদের তরুণ-তরুণীদের মেধা ও মনন বিকাশের জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। এর মধ্যে বিভিন্ন মেয়াদি গবেষণাবৃত্তি, তরুণ লেখক প্রশিক্ষণ কর্মসূচি এবং আন্তর্জাতিক সেমিনার আয়োজন…। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে তরুণ প্রজন্মকে বাংলা ভাষা ও দেশজ সংস্কৃতির মূল ধারার সঙ্গে যুক্ত করা চেষ্টা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের সমৃদ্ধ সাহিত্য, ইংরেজিসহ নানা বিদেশি ভাষায় অনুবাদের কার্যক্রম বাংলা একাডেমি পরিচালনা করছে।’ তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে আশা করি, এ কার্যক্রম আরও বেগবান হবে ইনশাআল্লাহ এবং আমাদের সমৃদ্ধ সাহিত্যের সঙ্গে বিশ্ব সাহিত্যের পরিচয় আরও দৃঢ় হবে ইনশাআল্লাহ। এজন্যই আমরা বলি সবার আগে বাংলাদেশ। এই দেশকে সব প্রকার অন্ধকার ও পশ্চাৎ পদত থেকে মুক্ত করে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে আমি আপনাদের সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।’ গবেষণাধর্মী বই প্রকাশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বের অনেক দেশেই বইমেলার হয়। তবে, আমাদের বইমেলা অন্য দেশের বইমেলার মতন নয়। আমাদের বইমেলা আমাদের মাতৃভাষার ভাষার অধিকার আদায় এবং বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার স্মারক হিসেবে চিহ্নিত।’ তিনি বলেন, ‘প্রতি বছর মেলার আকার আয়তন বাড়লেও সেই হারে মনে হয় গবেষণাধর্মী বই প্রকাশিত হচ্ছে কি না, কিংবা মানুষের বই পড়ার অভ্যাস বাড়ছে কি না। এই বিষয়গুলো নিয়ে বর্তমানে মনে হয় চিন্তাভাবনা করার অবকাশ আছে।’ জার্মান এক দার্শনিকের উক্তি উদ্ধৃতি দিয়ে তারেক রহমান বলেন, ‘তিনি বলেছিলেন বই ছাড়া ঘর, আত্মা ছাড়া দেহের মতন। বিজ্ঞানী এবং গবেষকরা বলছেন, বই শুধুমাত্র বিদ্যা শিক্ষা কিংবা অবসরের সঙ্গী নয়, বরং বই পড়া মস্তিষ্কের জন্য এক ধরনের ব্যায়াম। গবেষণায় দেখা গেছে, নিয়মিত বই পড়ার অভ্যাস মস্তিষ্কের কোষগুলোর মধ্যে নতুন সংযোগ তৈরি করে। যেটি মানুষের স্মৃতিশক্তি এবং জাজমেন্ট ক্ষমতা বা বিশ্লেষণী ক্ষমতা বাড়ায়। এমনকি আলজাইমার বা ডিভেনশিয়ার মতন রোগের ঝুঁকিও ক্ষেত্র বিশেষে কমিয়ে নিয়ে আসে।’
বর্তমান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সম্প্রতি জুলাইকে অসম্মান করে সাংবিধানিক দায়িত্ব ও শপথের পরিপন্থি বক্তব্য দেওয়ায় তাকে এ নোটিশ পাঠানো হয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার এ আইনি নোটিশটি পাঠান। নোটিশটি সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে প্রেরণ করেন তিনি। আইনি নোটিশে বলা হয়, জুলাইকে অসম্মান করে সাম্প্রতিক বক্তব্য দেওয়ায় শপথ ভেঙেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। আর তাই তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উদ্বোধন করাতে সংসদ সচিবালয় ও আইন সচিবকে আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার। নোটিশে আরও উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ মার্চ দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ দিন ধার্য করেন। এদিন অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা আদালতে কোনো প্রতিবেদন দাখিল করতে পারেননি।এ জন্য আদালত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন। মামলার সূত্রে জানা গেছে, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ পড়ে নির্বাচনী প্রচারণা শেষ করেন হাদি। এরপর সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে ওই দিন দুপুর ২টা ২০ মিনিটে হাদিকে বহনকারী অটোরিকশা পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় পৌছালে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতকারীরা হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অপারেশন শেষে এভারকেয়ারে পাঠানো হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান। পরবর্তী সময়ে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। তদন্ত শেষে গত ৬ জানুয়ারি সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ। তবে ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্রে অসন্তোষ জানিয়ে গত ১৫ জানুয়ারি নারাজির আবেদন করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন— প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ, তার বাবা মো. হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, বান্ধবী মারিয়া আক্তার লিমা, মো. কবির, মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, ভারতে পালাতে সহায়তার অভিযোগ থাকা সিবিয়ন দিউ, সঞ্জয় চিসিম, মো. আমিনুল ইসলাম ওরফে রাজু ও হত্যায় ব্যবহৃত অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার মো. ফয়সাল, মো. আলমগীর হোসেন ওরফে আলমগীর শেখ, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী, ভারতে পালাতে সহায়তাকারী ফিলিপ স্নাল, মুক্তি মাহমুদ ও জেসমিন আক্তার। অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিদের রাজনৈতিক পরিচয় এবং বিভিন্ন সময়ে হাদির দেওয়া রাজনৈতিক বক্তব্য বিশ্লেষণ করে প্রাথমিকভাবে বোঝা গেছে, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণেই’ হাদিকে গুলি করে হত্যা করা হয়। এ ছাড়া আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ‘বাধাগ্রস্ত করতে’ এবং ভোটারদের মধ্যে ‘ভয়ভীতি তৈরি করতেই’ আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে হাদির নির্বাচনী প্রচারে অনুপ্রবেশ করে।
সীমান্ত অঞ্চলজুড়ে যখন রাজনীতি পরিবর্তন হয়, তা সচরাচর কেবল আদর্শগত পরিবর্তনের গল্প নয়। বরং সেটি উপস্থিতির গল্প- কে মাঠে আছে, কে মানুষের কথা শুনছে, আর দূরবর্তী রাষ্ট্র যে ফাঁকা জায়গা ফেলে রেখেছে তা কে পূরণ করছে। বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কিছু জেলায়, বিশেষ করে ভারতের দীর্ঘ সীমান্তঘেঁষা অঞ্চলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাম্প্রতিক নির্বাচনি অগ্রগতি নাটকীয় আদর্শগত বাঁক নয়; বরং এটি স্মরণ করিয়ে দেয় যে, অবহেলিত অঞ্চলগুলো শেষ পর্যন্ত নিজেদের মতো করে রাজনীতিকে পুনর্গঠন করে। খবর দ্য স্টেটসম্যানের সম্পাদকীয়র। ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষে থাকা রংপুর, রাজশাহী এবং খুলনা- এই জেলাগুলো দীর্ঘদিন ধরেই জাতীয় উন্নয়নের মূল স্রোতের বাইরে পড়ে আছে। এগুলো কেবল মানচিত্রের প্রান্তসীমা নয়; এগুলো এমন স্থান, যেখানে অবকাঠামো দুর্বল, জনসেবা খণ্ডিত, আর তরুণদের কাছে সুযোগের চেয়ে প্রবাসগমনই যেন একমাত্র পথ। সীমান্তের ওপারে ভারতের পশ্চিমবঙ্গ ও আসামও একই ধরনের চাপে জর্জরিত। আছে কর্মসংস্থান সংকট, নাগরিকত্ব বিতর্ক, আর ছিদ্রযুক্ত সীমান্ত পেরিয়ে মানুষের চলাচল নিয়ে উদ্বেগ। এমন বাস্তবতায় রাজনীতি হয়ে ওঠে তীব্রভাবে স্থানীয় ইভেন্টকেন্দ্রিক, যদিও এর আন্তর্জাতিক পরিণতি আছে। এসব সীমান্তবর্তী জেলাগুলোতে জামায়াতের সাফল্য একটি পরিচিত রাজনৈতিক ধারার দিকে ইঙ্গিত করে। যেখানে রাষ্ট্রের উপস্থিতি ক্ষীণ এবং মূলধারার দলগুলো বিশ্বাসযোগ্যতা হারায়, সেখানে ভোটাররা এমন সংগঠনকে পুরস্কৃত করে যারা মাঠে থাকে- সেবা দেয়, শৃঙ্খলা বজায় রাখে, স্থানীয়ভাবে সংগঠিত থাকে। ঢাকায় বসে তৈরি করা স্লোগানের চেয়ে স্থানীয় ক্লিনিক, স্কুল, ত্রাণ কার্যক্রম ও নিবিড় সাংগঠনিক নেটওয়ার্ক অনেক বেশি কার্যকর হয়ে ওঠে। বহু বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় রাজনীতিতে প্রাধান্য বিস্তার করেছে। কিন্তু কেন্দ্রের প্রভাব স্বয়ংক্রিয়ভাবে প্রান্তিক পর্যায়ে আস্থা তৈরি করে না। ভারতের ক্ষেত্রে সীমান্তের কাছে কোনো ইসলামপন্থি দলের উত্থানকে নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে দেখা হবে। অভিবাসন বিতর্ক, বিশেষ করে আসামে নাগরিকপঞ্জি (এনআরআই) নিয়ে বিতর্ক, কিংবা পশ্চিমবঙ্গে সময় সময় উত্তেজনা- এসব ইতিহাস সেই প্রতিক্রিয়াকে বোধগম্য করে তোলে। তবে অতিরঞ্জিত আশঙ্কা বাস্তবতাকে আড়াল করতে পারে। নির্বাচনি মানচিত্র কোনো ব্যাপক আদর্শিক রূপান্তরের ইঙ্গিত দেয় না; বরং দেখায় স্থানীয় অসন্তোষের পকেট, যেখানে শাসনব্যবস্থা দূরবর্তী মনে হয় আর বিকল্পগুলো স্পর্শযোগ্য হয়ে ওঠে। ঢাকার জন্য এই বার্তাটি প্রতিরক্ষামূলক হওয়ার চেয়ে আত্মসমালোচনামূলক হওয়া উচিত। সীমান্তবর্তী জেলাগুলোকে প্রায়শই ‘বাফার’ অঞ্চল হিসেবে দেখা হয়- নিরাপত্তা ব্রিফিংয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু উন্নয়ন পরিকল্পনায় কম জরুরি। অথচ সড়ক, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও স্থানীয় কর্মসংস্থানই একটি সীমান্তকে স্থিতিশীল করে, স্থিতিশীলতা নিয়ে বক্তৃতা নয়। যদি ভোটাররা শক্তিশালী তৃণমূল কাঠামোসম্পন্ন দলের দিকে ঝুঁকে থাকে, তার কারণ দৈনন্দিন শাসনব্যবস্থা মানুষের দৈনন্দিন চাহিদার সঙ্গে তাল মেলাতে পারেনি। নয়াদিল্লির দিক থেকেও গত এক দশকে বাণিজ্য, ট্রানজিট রুট ও নিরাপত্তা সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে বড় বিনিয়োগ হয়েছে। এই কাঠামো টেকসই হতে পারে- কিন্তু তখনই, যখন দুই পক্ষই মনে রাখবে যে সীমান্ত কেবল টহল ও প্রোটোকল দিয়ে পরিচালিত হয় না। এটি পরিচালিত হয় জীবিকা, প্রাতিষ্ঠানিক আস্থা এবং সেই নীরব বিশ্বাস দিয়ে যে, রাজনীতি এখনো ফল দিতে পারে। সীমান্তঘেঁষা অঞ্চলগুলোর প্রকৃত বার্তা আদর্শিক নয়; এটি প্রশাসনিক ও অর্থনৈতিক। প্রান্তিক অঞ্চলকে দীর্ঘদিন উপেক্ষা করলে, তারাই একসময় নিজের রাজনৈতিক কাহিনি নিজে লিখতে শুরু করে।
রুহুল আমিন দীর্ঘদিন ধরেই বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক দলগুলো নিয়ে হতাশ ছিলেন। তিনি অপেক্ষা করছিলেন একটি বিশ্বাসযোগ্য তৃতীয় শক্তির জন্য। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ছাত্রনেতারা যখন ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) গঠন করেন, তখন ত্রিশের কোঠায় থাকা রুহুল আমিন মনে করেন অবশেষে তিনি এমন একটি দল পেয়েছেন, যাকে ভোট দিতে পারেন এবং নিজের দল বলতে পারেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এনসিপি। নেতারা ব্যাপক জনসমর্থন ও উজ্জ্বল নির্বাচনি সম্ভাবনার দাবি করেন, এমনকি ভবিষ্যতে সরকার গঠনের ইঙ্গিতও দেন। কিন্তু বাস্তবতা দ্রুত সামনে আসে। আন্দোলনের সময় ব্যাপক জনপ্রিয়তা থাকলেও দলটি জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে লড়ার মতো তৃণমূল সংগঠন গড়ে তুলতে পারেনি। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে জনমত জরিপে দেখা যায়, দলটির সমর্থন এক অঙ্কের নিচু পর্যায়ে ঘোরাফেরা করছে। অবশেষে এনসিপি জামায়াতে ইসলামী বাংলাদেশের সঙ্গে জোট বাঁধে জুনিয়র অংশীদার হিসেবে। তারা ৩০০ আসনের মধ্যে মাত্র ৩০টিতে প্রতিদ্বন্দ্বিতা করে এবং জয় পায় ছয়টিতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২ আসনে জয়ী হয়ে ভূমিধস বিজয় পায়। আর জামায়াত নেতৃত্বাধীন জোট পায় ৭৭টি আসন। তবে নব প্রতিষ্ঠিত দলের এই বিজয় রুহুল আমিনের আশায় ভাটা ফেলেনি। তিনি বাংলাদেশের পশ্চিমাঞ্চল কুষ্টিয়া থেকে আল জাজিরাকে বলেন, নতুন দল হিসেবে আমরা ভালো করেছি। এটা কেবল শুরু। আগামী কয়েকটি নির্বাচনি চক্রে এনসিপিই বড় শক্তি হয়ে উঠবে। আন্দোলন থেকে সংসদে ২০২৪ সালের অভ্যুত্থানে যেসব এনসিপি নেতা সামনে ছিলেন, তাদের কয়েকজন এখন সংসদ সদস্য। সমর্থকদের কাছে ছয়টি আসন একটি নবীন দলের জন্য অপ্রত্যাশিত সাফল্য। সমালোচকদের মতে, এটি প্রমাণ করে যে প্রতিবাদ আন্দোলন থেকে আনুষ্ঠানিক রাজনীতিতে রূপান্তরের পথে কাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে। দলের মুখপাত্র আসিফ মাহমুদ, যিনি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন, তিনি ফলাফলকে উৎসাহব্যঞ্জক বলে উল্লেখ করেন। তিনি বলেন, মাত্র ১১ মাস বয়সি একটি দলের জন্য এটি খুব ভালো ফলাফল। অবশ্যই আরও ভালো হতে পারত। আমরা বেশি আশা করেছিলাম। তবে পরিস্থিতি বিবেচনায় আমরা সন্তুষ্ট। তিনি অভিযোগ করেন, ভোট গণনায় অনিয়মের কারণে তারা আরও দুই-তিনটি আসন হারাতে পারে। যদিও প্রমাণ চাইলে তিনি বলেন, দল নির্বাচন প্রক্রিয়ার মধ্যেই আপত্তি জানিয়েছে। তিনি স্বীকার করেন, নির্বাচনে অংশ নিতে গিয়ে আপস করতে হয়েছে। ‘প্রথমে আমরা এককভাবে লড়তে চেয়েছিলাম। কিন্তু রাজনৈতিক কাঠামো বিবেচনায় প্রতিনিধিত্ব ও টিকে থাকার জন্য জোটে যেতে হয়েছে।’ এই জোটই এখন এনসিপির ভবিষ্যতের সবচেয়ে বড় টানাপোড়েন। জোট রাজনীতি ও অভ্যন্তরীণ বিভাজন দেশের ধর্মভিত্তিক বৃহত্তম দল জামায়াত ঐতিহাসিকভাবে শরিয়াভিত্তিক আইনের পক্ষে অবস্থান নিয়েছে এবং নারীর অধিকার বিষয়ে রক্ষণশীল। যদিও সাম্প্রতিক সময়ে তারা অন্তর্ভুক্তিমূলক ও ধর্মনিরপেক্ষ সংবিধানের প্রতি প্রতিশ্রুতি দিয়েছে, এমনকি প্রথমবারের মতো একজন হিন্দু প্রার্থীও মনোনয়ন দিয়েছে, তবু জোট ঘোষণার পর এনসিপির ভেতরে বিভাজন দেখা দেয়। এক সপ্তাহের মধ্যে দলটির এক ডজনের বেশি জ্যেষ্ঠ নেতা পদত্যাগ করেন। তাদের আশঙ্কা ছিল, জামায়াতের সঙ্গে জোট এনসিপির আদর্শ ও ২০২৪ সালের অভ্যুত্থানের অন্তর্ভুক্তিমূলক চেতনার সঙ্গে সাংঘর্ষিক। তবে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা ছায়া রাজনীতি করছি না। আমাদের আদর্শ জামায়াতের সঙ্গে এক নয়।’ তিনি জোর দিয়ে বলেন, এটি নির্বাচনি জোট, রাজনৈতিক একীভূতকরণ নয়। বান্দরবান থেকে নির্বাচনে পরাজিত এনসিপি নেতা এসএম সুজা উদ্দিন বলেন, জোট ছিল রাজনৈতিক বাস্তবতা। ‘আমাদের জন্য বিকল্প ছিল সীমিত।’ অন্যদিকে, সাবেক নেতা অনিক রায়, যিনি জোট ঘোষণার আগেই পদত্যাগ করেন, তিনি মনে করেন, ‘এনসিপি এখন কাঠামোগতভাবে জামায়াতের সঙ্গে বাঁধা পড়ে গেছে।’ তার ভাষায়, ‘তারা যদি আবার স্থানীয় নির্বাচনে জামায়াতের সঙ্গে যায়, সেটাই তাদের দিক নির্দেশ করবে।’ তিনি প্রশ্ন তোলেন দলের আদর্শিক অবস্থান নিয়েও। ‘তারা যদি মধ্যপন্থি বলে দাবি করে, তবে সেটা মধ্য-ডান না মধ্য-বাম?’ তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? এনসিপির রাজনৈতিক পুঁজি মূলত ২০২৪ সালের ছাত্রনেতৃত্বাধীন অভ্যুত্থান থেকে এসেছে। সেই সময়ে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দলের নেতারা গণতন্ত্র পুনরুদ্ধারের বৃহত্তর আন্দোলনে যুক্ত ছিলেন। ২০২৪ সালের জুলাই আন্দোলনের অন্যতম মুখ নাহিদ ইসলাম এখন এনসিপির আহ্বায়ক। তিনি ঢাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বর্তমানে বিরোধী জোটের চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করছেন। আসিফ মাহমুদ বলেন, আন্দোলনের সময় আর দলীয় রাজনীতি এক নয়। দলীয় রাজনীতিতে সংঘাত অনিবার্য। যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির পিএইচডি গবেষক ও বিশ্লেষক আসিফ বিন আলী মনে করেন, বাস্তবে এনসিপি স্বতন্ত্র তৃতীয় শক্তি হওয়ার আগ্রহ খুব কম দেখিয়েছে। নির্বাচনের পর তারা জামায়াতের ছায়াতেই স্বচ্ছন্দ ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবদুল লতিফ মাসুম বলেন, স্বতন্ত্র শক্তিশালী তৃতীয় শক্তি হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা সীমিত। তবে সংসদে প্রবেশ ইতিবাচক সূচনা। সামনে কী? বিশেষজ্ঞদের মতে, এনসিপি এখন এক দ্ব্যর্থক অবস্থানে। তারা সংসদে আছে, একটি ঐতিহাসিক আন্দোলনের সঙ্গে প্রতীকীভাবে যুক্ত, কিন্তু একই সঙ্গে জোট রাজনীতির জটিল বাস্তবতায় পথ খুঁজছে। ছয়টি আসন কি সত্যিই তৃতীয় শক্তির ভিত্তি হবে? সেটি নির্ভর করবে- দলটি জোট রাজনীতির বাইরে গিয়ে তৃণমূলে বিস্তার করতে পারে কি না, এবং আদর্শিক অবস্থান স্পষ্ট করতে পারে কি না তার ওপর। রুহুল আমিন আশাবাদী। তার কাছে ছয়টি আসন শেষ নয়, বরং এটা তার কাছে প্রমাণ যে ছাত্রনেতৃত্বাধীন একটি পরীক্ষা বাংলাদেশের কঠিন রাজনৈতিক বাস্তবতায় টিকে থাকতে পারে। তিনি বলেন, ‘আমরা রাস্তায় শুরু করেছি। এখন সংসদে। আমরা আর পেছনে ফিরব না।’
পবিত্র রমজান মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। তবে নির্দেশনা থাকলেও টাঙ্গাইলের কালিহাতিতে কিছু স্কুলে ক্লাস ও অ্যাকাডেমিক কার্যক্রম চালু রাখার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিয়ে উপজেলা শিক্ষা অফিস শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের সতর্ক করেছে। এর আগে ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৭.০০.০০০০০৯.০৮.০০২.০২(অংশ)-৭২ অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোতে পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবেকদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এতে আরো বলা হয়, সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও কালিহাতি উপজেলায় কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান পাঠদান ও শ্রেণি কার্যক্রম অব্যাহত রেখেছে মর্মে বিভিন্ন মহল হতে অভিযোগ পাওয়া যাচ্ছে; যা সরকারি নিদের্শনার পরিপন্থী। নির্দেশনা অনুযায়ী ২৬ মার্চ পর্যন্ত ছুটি নিশ্চিত করার জন্য সব শিক্ষা প্রতিষ্ঠানকে অনুরোধ করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিশুদের খাওয়ার প্রতি এমনিতেই অনীহা লক্ষ্য করা যায়। তার ওপর যদি হয় ফল তাহলে আর কোনো কথা নেই। তবে বাড়ন্ত শিশুদের পুষ্টির জন্য প্রয়োজন ফল। শিশু বড় হওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে নতুন স্বাদের সঙ্গে পরিচিত হয়। ফলমূল থেকে সে পায় প্রয়োজনীয় ভিটামিন ও পুষ্টি উপাদান। সাধারণত ছয় মাস বয়সের পর থেকেই অল্প পরিমাণে সম্পূরক খাবার শুরু করার পরামর্শ দেওয়া হয়। তবে সব খাবার শিশুর জন্য সমান নিরাপদ নয়। বিশেষ করে বীজযুক্ত ফল খাওয়ানোর ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি। সব ফল যে শিশুর জন্য নয় তা অনেকেই জানেন না। বিশেষ করে বীজযুক্ত ফল দেওয়ার আগে মানতে হবে প্রয়োজনীয় সতর্কতা। চলুন কেন সতর্কতা প্রয়োজন জেনে নেওয়া যাক— ফলের বীজ ছোট হলেও ঝুঁকি বড় হতে পারে—বিশেষ করে শিশুর ক্ষেত্রে। বরই, লিচু বা জামের মতো বড় বীজযুক্ত ফল তো আছেই, আপেল, আঙুর, কমলা কিংবা ডালিমের মতো তুলনামূলক ছোট বীজযুক্ত ফল খাওয়ার সময়ও দুর্ঘটনার আশঙ্কা থাকে। অসাবধানতায় বীজ শ্বাসনালিতে আটকে যেতে পারে। এমনকি কিছু কলাতেও সূক্ষ্ম বীজ থাকে, যা শিশুর জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। সতর্ক না থাকলে কী ঘটতে পারে— খাবার গিলতে মুখ ও গলার একাধিক পেশি সমন্বিতভাবে কাজ করে। তখনই আমরা বুঝে খেতে পারি— কোন অংশটি মুখে যাবে, আর কোনটি ফেলে দিতে হবে। প্রাপ্তবয়স্কদের এই নিয়ন্ত্রণ তুলনামূলকভাবে সুসংগঠিত হলেও শিশুদের ক্ষেত্রে তা পুরোপুরি বিকশিত হয় না। ফলে শক্ত বা ছোট কোনো বস্তু তাদের গলায় আটকে যাওয়ার ঝুঁকি বেশি থাকে। বিশেষ করে বীজের মতো শক্ত উপাদান শ্বাসনালিতে আটকে গেলে তা প্রাণঘাতীও হতে পারে। ফল খাওয়ার সময় এমন দুর্ঘটনা তুলনামূলক বেশি ঘটে। কারণ ফল সাধারণত পিচ্ছিল ধরনের। তাই অসাবধানতায় বীজ সহজেই গলার দিকে সরে যেতে পারে। এমনকি শক্ত ফলের ছোট টুকরোও শিশুর গলায় আটকে যাওয়ার আশঙ্কা থাকে। যে বয়সে যেভাবে ফলমূল দেবেন শিশুকে ফল খাওয়ানোর ক্ষেত্রে সতর্কতার কোনো বিকল্প নেই। ছয় মাস বয়স পার হলে সম্পূরক খাবারের অংশ হিসেবে ফল দেওয়া শুরু করা যায়। তবে শুরুতে শুধু ফলের নরম অংশ দিতে হবে। বীজ ও খোসা সম্পূর্ণ ফেলে দিয়ে নরম অংশ ভালোভাবে কচলে বা মিহি করে খাওয়াতে হবে। আপেলের মতো শক্ত ফল আগে সেদ্ধ করে নরম করে নিয়ে তারপর মিহি করে দেওয়া উচিত। শিশু যখন ধীরে ধীরে চিবিয়ে খেতে শিখবে, তখন নরম ফল ছোট ছোট টুকরো করে দেওয়া যেতে পারে। এ সময়ও বীজ ও খোসা এড়িয়ে চলতে হবে। দুই বছর বয়স পূর্ণ হলে টুকরো না করেও ফল হাতে দেওয়া যায়, তবে তখনও অবশ্যই সব ধরনের বীজ ফেলে দিতে হবে। সাধারণত পাঁচ বছর বয়স পূর্ণ হলে সুস্থ শিশুকে বীজসহ কিছু ফল খেতে দেওয়া যেতে পারে। তবু লিচু, জাম বা বরইয়ের মতো বড় বীজযুক্ত ফল পুরোটা একসঙ্গে মুখে দিতে না দেওয়াই ভালো। বরং বীজ বাইরে রেখে চারপাশের অংশ খাওয়ার অভ্যাস শেখানো নিরাপদ। এখন জেনে নেই জীবন বাঁচানোর কৌশল শিশু যখন খাবার খায়, তখন তার পাশে অন্তত একজন দায়িত্বশীল প্রাপ্তবয়স্কের উপস্থিতি থাকা জরুরি। শ্বাসনালিতে কিছু আটকে গেলে কী লক্ষণ দেখা দেয় এবং সেই মুহূর্তে কীভাবে দ্রুত ব্যবস্থা নিতে হয়— এসব বিষয়ে আগে থেকেই ধারণা রাখা প্রয়োজন। জীবনরক্ষাকারী সিপিআর প্রশিক্ষণ নেওয়াও গুরুত্বপূর্ণ। কারণ জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সঠিক পদক্ষেপই একটি শিশুর জীবন বাঁচাতে পারে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।
দেশের বাইরে মানুষকে পড়তে আসা উচিত কি না—এ নিয়ে ধর্মীয়, সামাজিক, ব্যক্তিগত নানা মত আছে। তবে আমার বিশ্বাস, সুযোগ থাকলে জীবনে একবার হলেও দেশের বাইরে পড়াশোনা করা উচিত। বিদেশে পড়লে একজন মানুষের দৃষ্টিভঙ্গি বদলায়, সে নতুন অভিজ্ঞতা অর্জন করে। চাইলে বিদেশে চাকরি করতে পারে, আবার চাইলে দেশে ফিরে অবদান রাখতে পারে—সেটলড হওয়াই একমাত্র লক্ষ্য নয়। কিন্তু যেটাই করুক, সে যে অভিজ্ঞতা বয়ে নিয়ে যায় সেটা অমূল্য হয়ে থাকে। তার দুনিয়াকে দেখার চোখ অন্যদের থেকে আলাদা হবে। অনেকেই দেশে হোস্টেলে থেকেছেন, বাবা–মা থেকে দূরে থেকেছেন। কিন্তু বিদেশে এসে যে ধাক্কাটা লাগে, সেটা আলাদা। এখানে সবই একা সামলাতে হয়। অসুস্থ হলে মাথায় নিজেই পানি দিতে হয়। হাজারো চ্যালেঞ্জ, হাজারো স্ট্রাগল—সব একা নিজের কাঁধে বয়ে বেড়াতে হয়। দেশে একা থাকা আর বিদেশে একা থাকার তফাৎ এখানেই। দেশে জুতা ছিঁড়লে মুচি আছে, বিদ্যুৎ গেলে মেকানিক আছে, গাড়ি নষ্ট হলে সাহায্য মিলবে, রান্নার জন্য বুয়া পাওয়া যাবে। কিন্তু বিদেশে জুতা সেলাই করতে যে টাকা লাগে, তা দিয়ে নতুন দুই জোড়া কিনে ফেলা যায়। শেফ রাখতে চাইলে তার বেতনই আপনার বেতনের চেয়ে বেশি হতে পারে। তাও দেশি স্বাদের রান্না নাও আসতে পারে। এখানে এসে আমি নিজের সাইকেলের চাকা নিজেই ঠিক করেছি ইউটিউব দেখে, জুতা নিজে সেলাই করেছি, গাড়ি নষ্ট হলে নিজে শিখে ঠিক করেছি। রান্না শিখেছি—কারণ বছরের পর বছর নিজের হাতের রান্নাই খেতে হয়। এসব তো কেবল কয়েকটা উদাহরণ; সব বলতে গেলে বই হয়ে যাবে। কঠিন পড়াশোনা আর গবেষণার পাশাপাশি বেঁচে থাকার প্রয়োজনে আরও শত স্কিল শিখতে হয়। চ্যালেঞ্জ যতই থাকুক, মানুষ প্রতিকূল পরিবেশে টিকে থাকতে শিখে। সময়ের সঙ্গে সঙ্গে সব সহজ হয়ে আসে। আর এসব সংগ্রাম—এসবই মানুষকে শক্তিশালী, সক্ষম ও পরিণত করে তোলে। তাই প্রবাসজীবনে সমস্যা যেমন আছে, তেমনি আছে অসংখ্য সুযোগ ও ইতিবাচক দিক। দেশে আমার পরিচিত অসংখ্য বন্ধু–পরিচিত ‘বেকার’। রূপক অর্থে বেকার। অর্থাৎ চাকরি থাকলেও তারা কাজকে অর্থবহ মনে করে না, নিজের কর্মজীবন নিয়ে গর্বিত হতে পারে না। বড় চাকরি, ছোট চাকরি, ব্যবসা—সব ক্ষেত্রেই বেশিরভাগ মানুষ সন্তুষ্ট না নিজের কাজ নিয়ে, না নিজের জীবনের মান নিয়ে। কিন্তু বিদেশে এই বিষয়টা তুলনামূলক কম। এখানে নিজের পছন্দের কাজ খুঁজে পাওয়ার সুযোগ অসীম—যদি আপনি সেই কাজের স্কিল শিখে নিতে পারেন। ক্যারিয়ারের মাঝপথে হঠাৎ মনে হলে যে আপনি অন্য কিছু করতে চান—এখানে সেটা ভাবার সাহস মানুষ দেখাতে পারে। নিজের জীবন নতুনভাবে গড়া এখানে সম্ভব। এখানে আপনাকে আপনার কাজ দিয়েই বিচার করা হবে। ব্যক্তিজীবন নিয়ে খুব কমই মানুষ মাথা ঘামায়। রেসিজম আছে ঠিকই—কিন্তু ক্ষমতার অপব্যবহার, কাউকে ‘কেনা গোলাম’ ভাবার প্রবণতা এখানে বিরল। আপনি নিজের কাজ ঠিকঠাক করলে কারো কাছে তোষামোদ করতে হবে না। নিজের আত্মসম্মান বিক্রি করতে হবে না। এই পরিবেশ জীবনকে কম টক্সিক করে তোলে। বাংলাদেশে তো পাসপোর্ট অফিসের পিয়নকেও ‘স্যার’ বলতে হয় ফাইলটা একটু ভেতরে ঢোকানোর জন্য—যা আমরা শ্রদ্ধা থেকে বলি না, বাধ্য হয়ে বলি। দেশে–বিদেশে কোথাও প্রতিদিন অসাধারণ লাগবে না। কিন্তু প্রতিদিন অন্তত মনে হওয়া উচিত—আপনি কোনো অর্থবহ কাজে যুক্ত আছেন। যদি সেটা না হয়, তাহলে নিজের কাজ, নিজের স্থান, নিজের পরিবেশ—সবই নতুন করে ভাবার সময় এসেছে। আপনি যদি নিজের কাজ নিয়ে, নিজের জায়গা নিয়ে, নিজের অবদান নিয়ে গর্ব করতে পারেন—তাহলে দেশে পরিবার–পরিজন নিয়ে জীবন কাটানোই শ্রেয়। আর সময়–সুযোগ পেলে একবার বিদেশে অভিজ্ঞতা নেওয়া যেতে পারে—জব করে, মাস্টার্স বা পিএইচডি করে, কিংবা কিছুদিন ভ্রমণ করে। তবে দয়া করে—ব্যাচেলর/অনার্স লেভেলের পড়াশোনায় সন্তানকে বিদেশে পাঠাবেন না। আর ব্যাংক লোন নিয়ে বিদেশ ভ্রমণ করতে যাবেন না—এটা বাড়াবাড়ি। লেখক : সাকলাইন মোস্তাক, পিএইচডি শিক্ষার্থী, যুক্তরাষ্ট্র