খেলাধুলা

ছবি : এক্স
সব নাটকের অবসান, বিদায় নিল পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে কম নাটক করেনি এবার পাকিস্তান।ক্রিকেটপ্রেমীদের অবশ্য সব নাটকের দৃশ্যই এখন মুখস্ত। আজ ফাইনালেও নাটকীয় এক জয় তুলে নিয়েছে টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়নরা।   তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে শ্রীলঙ্কাকে ৫ রানে হারিয়েও সেমিফাইনালে যেতে পারল না পাকিস্তান। অন্তত ৬৫ রানে জয়ের সমীকরণ ছিল পাকিস্তানের সামনে। ফলে নিউজিল্যান্ড নিশ্চিত করেছে সেমিফাইনাল। পাকিস্তানের তোলা ২১২ রানের জবাবে শ্রীলঙ্কা থেমেছে ২০৭ রান করে। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। এদিন ওপেনিংয়ে নেমেছিলেন সাহিবজাদা ফারহান এবং ফখর জামান। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট চালিয়েছেন দুই ব্যাটার। শ্রীলঙ্কান বোলারদের তুলোধুনো করে রান তুলেছেন দুজন। উইকেটের চারপাশে খেলেছেন দারুণ সব শট। দ্রুত গতিতে রান তুলেছেন দলের বোর্ডে। পাওয়ারপ্লের ৬ ওভারে বিনা উইকেটে ৬৪ রান তোলে পাকিস্তান। পাওয়ারপ্লে শেষেও চলেছে দুই ওপেনারের উইলোবাজি। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে রান তুলেছেন ফারহান এবং ফখর। লঙ্কান বোলারদের কচুকাটা করে রান বের করেছেন দুই ওপেনার। ক্রমশ বড় হয়েছে ওপেনিং জুটি। পার করে ফেলে ১০০ রানও। দুজনেই ফিফটি ছুঁয়েছেন। ফিফটির পর ছুটেছেন সেঞ্চুরির দিকে। দুজনের জুটি বড় হতে হতে হয়েছে ১৭৮ রানের অনবদ্য এক জুটি। মাত্র ৯৫ বলে ওপেনিং জুটিতে ১৭৮ রান তুলেছেন ফারহান এবং ফখর। ৪২ বলে ৮৪ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে সাজঘরে ফিরে যান ফখর। তিনি সেঞ্চুরি মিস করলেও ফারহান করেননি। দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন সাহিবজাদা ফারহান, যা এবারের বিশ্বকাপে তার দ্বিতীয় সেঞ্চুরি। ৬০ বলে ১০০ রানের অনবদ্য ইনিংস খেলে দলের ২০৩ রানের মাথাতে আউট হন ফারহান। দুই ওপেনার ফারহান এবং ফখরের পর পাকিস্তানের ইনিংস যেন হয়ে যায় তাসের ঘর। আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। রানের গতিও কিছুটা কমে যায়। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২১২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। শ্রীলঙ্কার হয়ে ৩ উইকেট নিয়েছেন দিলশান মাদুশাঙ্কা। ২ উইকেট তোলেন দাসুন শানাকা। ১ উইকেট শিকার করেছেন দুশমন্থ চামিরা। জবাব দিতে নেমে শুরুতেই পাথুম নিসাঙ্কার উইকেট হারিয়ে ফেলেছে শ্রীলঙ্কা। ৭ বলে ৩ রান করা নিসাঙ্কা দলের ৮ রানের মাথাতে থেমেছেন। এরপর পরিস্থিতি সামালা দেওয়ার চেষ্টা করেছেন কামিল মিশারা এবং চারিথ আসালাঙ্কা। দুজনে ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারেননি। ১৫ বলে ২৬ রান করে দলের ৩৩ রানের মাথাতে বিদায় নেন মিশারা। পাওয়ারপ্লের ৬ ওভারে জোড়া উইকেট হারিয়ে ৪৯ রান তোলে শ্রীলঙ্কা। চারে নেমে ক্রিজে আসেন পাভান রাথনায়েকে। আগ্রাসী ব্যাটিংয়ে এগিয়েছেন তিনি। আসালাঙ্কা ১৮ বলে ২৫ রান করে দলের ৭৫ রানের মাথাতে বিদায় নিয়েছেন। কামিন্দু মেন্ডিসও সুবিধা করতে পারেননি। দলের ৯৪ রানের মাথাতে ৬ বলে ৩ রান করে বিদায় নেন তিনি। এরপর ৩ বলে ৫ রান করে আউট হয়েছেন জানিথ লিয়ানাগে। লিয়ানাগের বিদায়ের পর রাথনায়েকের সাথে যোগ দিয়েছেন দাসুন শানাকা। আগ্রাসী ব্যাটিংয়ে এগিয়েছেন দুজন। শানাকা-রাথনায়েকের জুটিতে গতি পায় শ্রীলঙ্কার ইনিংস। পাকিস্তানের বোলারদের কচুকাটা করে রান বের করেছেন দুজন। রাথনায়েকে ফিফটি হাঁকিয়ে থেমেছেন। ৩৭ বলে ৫৮ রান করে দলের ১৬২ রানের মাথাতে বিদায় নেন তিনি। শেষ দিকে লড়াই চালিয়ে গেছেন শানাকা। হাঁকিয়েছেন একের পর এক বাউন্ডারি। দারুণ সব ছক্কা। চলে যান ফিফটির কাছাকাছি। শেষ দিকে প্রায় একাই লড়েছেন শানাকা। একদম শেষ ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল ২৮ রান। বোলিংয়ে শাহীন শাহ আফ্রিদি। প্রথম বলে চার, পরের ৩ বলে ৩ ছক্কায় সমীকরণ চলে আসে ২ বলে ৬ রানে। শানাকা শেষ ২ বল থেকে রান নিতে পারলেন না। ৫ রানে জয় পায় পাকিস্তান। ৩১ বলে ৭৬ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে টিকে ছিলেন দাসুন শানাকা। পাকিস্তানের হয়ে ৩ উইকেট নিয়েছেন আবরার আহমেদ। ১টি করে উইকেট তুলেছেন মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ এবং শাহীন শাহ আফ্রিদি।

মোঃ ইমরান হোসেন মার্চ ০১, ২০২৬ 0
ছবি : সংগৃহীত
সমালোচনার মুখে ফিজিওথেরাপিস্ট নিয়োগ দিলো বাফুফে

সমালোচনার মুখে শেষ মুহূর্তে নারী দলের জন্য অস্ট্রেলিয়ায় স্থানীয় বাংলাদেশি ফিজিওথেরাপিস্ট নিয়োগ দিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে হঠাৎ করেই অসুস্থ হযে পড়েন ফিজিও থেরাপিস্ট জাকিয়া রহমান। তার অনুপস্থিতিতে হন্যে হয়ে ফিজিও খোঁজায় নামে ফেডারেশন। যদিও সভাপতির দাবি ফিজিও নেই এটা নাকি তিনি জানতেন না। এ থেকেই আঁচ করা যায় ফেডারেশনের মাঝে সমন্বয়হীনতা কতটুকু! এতবড় একটা আসরের আগে এমন বেহাল দশা! শেষ মুহুর্তে অস্ট্রেলিয়ায় বসবাসরত ইসনাদ জামকনকে নিয়োগ দিয়েছে বাফুফে। তার সঙ্গে মানিয়ে নিয়ে লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে বাংলাদেশ দল। এদিকে প্রস্তুতি ম্যাচে ফুটবলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ পিটার বাটলার। ছোটখাটো ঘটতির জায়গাগুলো নিয়ে কাজ করছেন কোচ। কখনো তীব্র রোদ আবার ভারী বৃষ্টি। সিডনির এমন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হলেও ইতিহাস গড়ার মঞ্চে নামার আগে প্রতিবন্ধকতা জয়ের লক্ষ ফুটবলারদের। বাংলাদেশের অভিজ্ঞ ডিফেন্ডার শিউলি আজিম বলেন, ‘এখানে অনেক গরম, আসার পর আমরা মানিয়ে নিয়েছি। এখন আবার বৃষ্টি হচ্ছে। আগের চেয়ে অনেকটাই মানিয়ে নিয়েছি।’ আগামী ৩রা মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ অভিযানে নামে বাংলাদেশ।

মো: দেলোয়ার হোসাইন ফেব্রুয়ারি ২৮, ২০২৬ 0
ছবি : সংগৃহীত
আইসিসির মাসসেরার পুরস্কার জিতলেন বাংলাদেশি ক্রিকেটার

গত মাসে অনুষ্ঠিত হওয়া নারী টি-২০ বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে মূলপর্বের টিকিট পেয়েছে। নিগার সুলতানা জ্যোতি বাহিনী ৭ ম্যাচের একটিতেও হারেনি, এই অর্জনে সবচেয়ে বড় অবদান মিডলঅর্ডার ব্যাটার সোবহানা মোস্তারির।   ২৪ বছর বয়সি মোস্তারি পুরো আসরজুড়ে ৭ ম্যাচে করেছিলেন ২৬২ রান, সেটাও ১৪৫.৫৫ স্ট্রাইকরেটে। অন্তত দেড়শ রান করাদের মধ্যে তার সমান স্ট্রাইকরেট কারো নেই। মোস্তারি আসরের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। শুধু জানুয়ারি মাসেই তিনি করেছেন ২২৯ রান। এই পারফরম্যান্স দিয়ে মোস্তারি আইসিসির জানুয়ারি মাসের সেরা ৩ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে তিনি হারিয়েছেন আয়ারল্যান্ডের গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের তারা নরিসকে। লুইস বাছাইপর্বে ২৭৬ রান করে সর্বোচ্চ সংগ্রাহক হন। তার দলও জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।   দুর্ভাগা নরিস। বাঁহাসি পেসার বাছাইপর্বের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। ৬ ম্যাচে নিয়েছেন ১৫ উইকেট। তবে তার দল বিশ্বকাপে জায়গা পায়নি। বাকি দুটি স্পট দখল করেছে নেদার‌্যান্ডস ও স্কটল্যান্ড।   ১২ দল নিয়ে মূলপর্ব বসবে ১২ জুন থেকে, ফাইনাল ৫ জুলাই। বাংলাদেশ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড বাদে অন্য ৮টি দল হলো ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কা।   পুরস্কার দিয়েছে পুরুষ ক্যাটাগরিতেও। সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছিলেন ড্যারেল মিচেল, জো রুট ও সূর্যকুমার যাদব। মাসসেরার পুরস্কার জিতেছেন কিউই ব্যাটার। ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজে টানা দুই সেঞ্চুরিতে ৩৫২ রান করেছিলেন তিনি। টি-টোয়েন্টি সিরিজে করেন ১২৫ রান। জো রুট শ্রীলঙ্কার বিপক্ষে ২৪২ রান করে সিরিজসেরা হয়েছিলেন। আর সূর্যকুমার নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ৫ ম্যাচে ২৪২ রান করেন।

মোঃ ইমরান হোসেন ফেব্রুয়ারি ২৮, ২০২৬ 0
ছবি : সংগৃহীত
যেকোনো ফরম্যাটেই একাদশে থাকার যোগ্য সাকিব

দেশের ক্রিকেটে আলোচনার কেন্দ্রে সাকিব আল হাসান। রাজনৈতিক জটিলতায় গত দেড় বছর দেশের জার্সি গায়ে না জড়ানো সাকিবকে হঠাৎ করেই দলে চাইতে শুরু করেছে বিসিবি। বিসিবি পরিচালক শানিয়ান তানিম রাখঢাক না রেখেই এবার জানালেন, সাকিব দেশের ক্রিকেটের যেকোনো ফরম্যাটের একাদশে থাকার যোগ্য।   আজ (২৮ ফেব্রুয়ারি) বগুড়ায় গণমাধ্যমকে শানিয়ান বলেন, ‘সাকিব এখনও বাংলাদেশ দলের প্রথম একাদশে থাকার যোগ্যতা রাখে। আমাদের ৩ ফরম্যাটের যে অধিনায়ক....মিরাজ, লিটন এবং শান্তকে জিজ্ঞেস করুন...ওদের যদি চয়েস দেয়া হয়, ওরা প্রথম একাদশে সাকিবকে রাখবে। এটা আমার ব্যক্তিগত মতামত, বোর্ড পরিচালক হিসেবে কিছু নয়।’   এসময় তিনি আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি চাই সাকিব দেশে আসুক এবং দেশের প্রতিনিধিত্ব করুক। তার রাজনৈতিক এজেন্ডা কী বা তার ব্যবসায়িক জটিলতা কী, সেটা তার বিষয়। সে নিজের মতো মোকাবিলা করবে। তবে ক্রিকেটার হিসেবে সে প্রথম একাদশে থাকার যোগ্য।’   সাকিবকে দলে ফেরানোর বিষয়ে বিসিবিও ইতোমধ্যে সদিচ্ছা দেখিয়েছে। বিসিবির পক্ষ থেকে তার আইনী জটিলতার বিষয়গুলোতেও সহায়তার আশ্বাস দেয়া হয়েছে। তবে নতুন ও যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন, মামলার বিষয়গুলো দেশে এসেই মোকাবিলা করতে হবে সাকিবকে। যেহেতু কয়েকটি মামলার আসামী সাকিব, সেগুলো মোকাবিলাও হতে পারে বেশ সময়সাপেক্ষ ব্যাপার। তাই এভাবে আবার দলে ফেরার সম্ভাবনা কতটুকু সাকিবের, সেই প্রশ্ন থেকেই যায়।

মোঃ ইমরান হোসেন ফেব্রুয়ারি ২৮, ২০২৬ 0
ছবি : সংগৃহীত
চাকরি হারাতে পারেন সূর্য-পান্ডিয়াদের কোচ!

টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। কিন্তু চলমান বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছে না টিম ইন্ডিয়ার। সেমিফাইনালে যেতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার এইটের ম্যাচে জিততেই হবে সূর্যকুমার যাদবদের। এর মধ্যেই গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, বিশ্বকাপ জিততে না পারলে ভারতের প্রধান কোচের চাকরি হারাতে পারেন গৌতম গম্ভীর। আর এমন মন্তব্য করেছেন সাবেক ইংলিশ পেসার স্টিভ হার্মিসন। রাহুল দ্রাবিড়ের উত্তরসূরী হিসেবে ভারতের দায়িত্ব নিয়েছিলেন গৌতম গম্ভীর৷ তার অধীনেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। ওয়ানডে ও টেস্ট সাফল্য ব্যর্থতার মিশ্রণ থাকলেও গম্ভীরের অধীনে টি-টোয়েন্টিতে অপ্রতিরোধ্য ভারত। এখন পর্যন্ত তার সময়ে একটি টি-টোয়েন্টি সিরিজও হারেনি টিম ইন্ডিয়া। তবে বিশ্বকাপ ধরে রাখার চ্যালেঞ্জে বেশ কঠিন অবস্থায় রয়েছে ভারত। গ্রুপপর্বে ভালো করলেও সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে কাজ কঠিন করে ফেলেছে ভারত। শেষ আটের শেষ ম্যাচে ক্যারিবীয়দের হারাতেই হবে সূর্যকুমার যাদবদের। অন্যথায় বিদায় নিতে হবে বিশ্বকাপ থেকে। কোচিংয়ের প্রশংসা করলেও ভারত বিদায় নিলে গম্ভীরের চাকরি নিয়ে শঙ্কা দেখে হার্মিসন টকস্পোর্ট ক্রিকেটের ইউটিউব চ্যানেলে বলেন, ‘গম্ভীরকে পছন্দ করা কঠিন…সে খুবই রূঢ় স্বভাবের, আর ড্রেসিংরুমে সে কেমন আমি নিশ্চিত নই। ভারতীয় কোচ হিসেবে খুব কম অহংবোধ থাকলে, সফল হওয়ার সুযোগ থাকে। এই বিশ্বকাপ জিততে না পারলে সে দায়িত্ব হারাবে। তবে কোচিংয়ে সে যেভাবে এগিয়েছে, আমি তার প্রশংসা করি। খেলোয়াড় হিসেবে সে ছিল খিটখিটে মেজাজের ও একগুঁয়ে স্বভাবের।’ কোচিং প্যানেলে নেদারল্যান্ডসের রায়ান টেন ডেসকাট, দক্ষিণ আফ্রিকার মরনে মরকেলদের রেখেছেন গম্ভীর। তার এমন সাহসী সিদ্ধান্তের প্রশংসা করেছেন হার্মিসন। তিনি বলেন, ‘ভারতীয় গ্রেটদের নিজেদের সঙ্গে কোচিংয়ে সে(গম্ভীর) রাখেনি। বরং, মরনে মর্কেল ও রায়ান টেন ডেসকাটকে নিয়েছে, যারা তার চোখে তার কোচিংয়ের ধরনে দল পরিচালনার জন্য সেরা কোচ। সে যাদের পাশে চায়, তাদের প্রতি অনুগত, আর তার এই গুণের প্রশংসা করি।’ হার্মিসন এসময় আরও বলেন, ‘ভালো কোচের লক্ষণ হলো, ভুল করলে স্বীকার করা এবং সেটা শুধরানোর চেষ্টা করা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলা যে, এভাবে কাজ হবে না, আমার ধরন পরিবর্তন করা দরকার। আমার মনে হয় না, গম্ভীর এই জায়গায় শক্তিশালী।’

মোঃ ইমরান হোসেন ফেব্রুয়ারি ২৮, ২০২৬ 0
ছবি : ক্রিকইনফো
পাকিস্তানের অগ্নি-পরীক্ষার ম্যাচ, একাদশ সাজালেন আমির-ডু প্লেসিসরা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। সেমিফাইনালে ‍উঠার ম্যাচে আশা থাকলেও, তাদের কাজটা বেশ কঠিন। শ্রীলঙ্কার বিপক্ষে বেশ বড় ব্যবধানে জিততে হবে সালমান আগার দলকে। আগে ব্যাট করলে ন্যূনতম ৬৪ রানের ব্যবধানে জয় এবং পরে ব্যাট করলে তাদের ১৩.১ ওভারের মধ্যেই লক্ষ্যে পৌঁছাতে হবে। বাঁচা-মরার এই ম্যাচের আগে একাদশ সাজিয়ে দিচ্ছেন সাবেক ক্রিকেট তারকারা। পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির ও ব্যাটার আহমেদ শেহজাদ একটি জায়গায় একমত হয়েছেন। আর তা হচ্ছে বাবর আজমকে একাদশের বাইরে রেখে খাজা নাফে–কে অন্তর্ভুক্ত করা। সংবাদমাধ্যম ‘জিও নিউজে’র ‘হারনা মানা হ্যায়’ অনুষ্ঠানে তারা পাকিস্তান দলের কম্বিনেশন নিয়ে আলোচনা করেন। পৃথক আরেকটি অনুষ্ঠানে ফখর জামানের ব্যাটিং পজিশন উপরের দিকে দেওয়ার পরামর্শ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। আজ (শনিবার) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লড়বে পাকিস্তান ও শ্রীলঙ্কা। গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের একাদশে বেশ কয়েকটি পরিবর্তন দেখতে চান আমির। যদিও হঠাৎ করে একাদশে এত রদবদল অস্বাভাবিক মনে হতে পারে। আমিরের মতে– ‘শাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আলি আগা এবং খাজা নাফেকে নিয়ে টপঅর্ডার হবে। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে বাইরে রাখার সুযোগ নেই উসমান খানকে। এরপর আসবে শাদাব খান ও মোহাম্মদ নেওয়াজ। যদি সাইম (আইয়ুব) বাইরে থাকে, আবরার তার জায়গায় ঢুকবে। এ ছাড়া বাবরের পরিবর্তে নাফে এবং এরপর শাহিন (আফিদি), নাসিম (শাহ)।’ মজার বিষয় হচ্ছে– এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ম্যাচ খেলারই সুযোগ পাননি নাসিম শাহ। পেসবিভাগে শাহিন প্রায় নিয়মিত এবং সালমান মির্জা ৩ ম্যাচে খেলেছেন। শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের সব ম্যাচ হওয়ায় একাদশে আধিক্য ছিল স্পিনারদের। টুর্নামেন্টজুড়ে বেশ আলোচিত নাম উসমান তারিক, পারফরম্যান্সেও ছন্দময় ছিলেন এই ব্যতিক্রমী অ্যাকশনের স্পিনার। এ ছাড়া ওপেনার সাইম আইয়ুব ব্যাট হাতে খুব একটা কার্যকর না হলেও, বল হাতে ছিলেন প্রভাবক ভূমিকায়। সবমিলিয়ে আমির গঠিত একাদশ পছন্দ হয়নি আহমেদ শেহজাদের, ‘বিশেষজ্ঞদের খেলাতে হবে। দয়া করে কালকের (আজ) ম্যাচে দলকে অর্ধেক অর্ধেক ভাগ করে ফেলো না। হাতে থাকা তথ্য কাজে লাগিয়ে ব্যাটার এবং বোলারদের খেলাও। কারণ তোমাদের বেঞ্চে ডন ব্র্যাডম্যান (অস্ট্রেলিয়ান কিংবদন্তি) বসে নেই, সে কারণে দলে ছোট কিছু সমন্বয় করতে হবে। শান্ত মনোভাবে দেখলে শাদাবের জায়গায় আবরার এবং বাবরের পরিবর্তে নাফেকে সুযোগ দাও। তাহলে তোমার বোলিং-ব্যাটিং উভয় বিভাগই সামঞ্জস্য থাকবে।’ এদিকে, চলমান বিশ্বকাপে কেবল একটি ম্যাচ খেলেছেন ফখর জামান। ইংল্যান্ডের বিপক্ষে অভিজ্ঞ এই ব্যাটারকে পাঁচ নম্বরে ব্যাটিংয়ে পাঠানো হয়। তাকে আরও উপরের পজিশনে সুযোগ দেওয়ার কথা বললেন ফাফ ডু প্লেসি, ‘ফখরকে আমি তিনে দেখতে পছন্দ করব, আমার মতে এটি ইতিবাচক সমন্বয়। অতীতেও ওই পজিশনে সে সাফল্য পেয়েছে। ওয়ানডাউন অথবা চার নম্বর পজিশনে সে রান করেছে, সে কারণে তাকে উপরে খেলালে গঠনমূলক সিদ্ধান্ত হবে বলে আমার বিশ্বাস।’ সেমিফাইনালে উঠতে হলে ৬৪ রানের ব্যবধান কিংবা ১৩.১ ওভারের মধ্যে জিততে হবে পাকিস্তানকে। সে কারণে চাপ না নিয়ে ইতিবাচক ক্রিকেট খেলার পরামর্শ দিলেন সাবেক এই প্রোটিয়া অধিনায়ক, ‘আপনাকে একটি দিক বেছে নিতে হবে যেখানে ইতিবাচক খেলার মানসিকতা থাকবে। নিজেকে জিজ্ঞেস করুন– আমি কি বৃষ্টিবিঘ্নিত ১৩ ওভারে লক্ষ্য তাড়ায় জিততে পারব অথবা প্রতিপক্ষকে নির্ধারিত ব্যবধানে রেখে আউট করব? সে অনুসারে আপনার দল সাজান।’

মারিয়া রহমান ফেব্রুয়ারি ২৮, ২০২৬ 0
সংগৃহীত ছবি
ভিনিসিয়ুসের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগে ৫ সমর্থক নিষিদ্ধ

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে বর্ণবাদী আচরণের অভিযোগে পাঁচ সমর্থককে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বেনফিকা। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, অভ্যন্তরীণ তদন্তের পর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সর্বোচ্চ শাস্তি হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধও হতে পারেন। গত ১৭ ফেব্রুয়ারি লিসবনের স্টেডিয়াম অব লাইটে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের পর কয়েকজন সমর্থককে গ্যালারিতে বানরসুলভ অঙ্গভঙ্গি করতে দেখা যায়। বিবৃতিতে বেনফিকা জানায়, ‘ম্যাচের পর গ্যালারিতে বর্ণবাদী ও অনুপযুক্ত আচরণের ঘটনায় তদন্ত শুরু করা হয়। ক্লাবের মূল্যবোধ ও নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এমন আচরণ আমরা মেনে নেই না।’ চ্যাম্পিয়নস লিগ প্লে-অফের প্রথম লেগের সেই ম্যাচে ১০ মিনিট খেলা বন্ধ ছিল। রিয়ালের তারকা ভিনিসিয়ুস জুনিয়র অভিযোগ করেন, তাকে বর্ণবাদী মন্তব্য করা হয়েছে।রেফারি তখন বর্ণবাদবিরোধী প্রোটোকল চালু করেন। অভিযোগের তীর ছিল বেনফিকার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির দিকে। তবে আর্জেন্টাইন উইঙ্গার অভিযোগ অস্বীকার করেছেন। ক্লাবও তাকে সমর্থন দিয়ে বলেছে, তিনি ‘মানহানির শিকার’ হয়েছেন। এই ঘটনার পর দ্রুত তদন্ত শুরু করে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউয়েফা। প্রেস্তিয়ান্নিকে সাময়িকভাবে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করে। নিষেধাজ্ঞার কারণে বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগের ম্যাচে খেলতে পারেননি তিনি।  বার্নাব্যুতে ফিরতি লেগে ৩ হাজারের বেশি বেনফিকা সমর্থক উপস্থিত ছিলেন। ম্যাচের শুরুতে ভিনিসিয়ুস বল ছুঁলেই তাকে দুয়ো দেওয়া হয়, এমনকি শুরুর একাদশে তার নাম ঘোষণার সময়ও শিস শোনা যায় গ্যালারি থেকে। প্রথম লেগে লিসবনে ১-০ ব্যবধানে জেতার পর, ঘরের মাঠে ২-১ গোলের জয়ে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। 

মারিয়া রহমান ফেব্রুয়ারি ২৮, ২০২৬ 0
ছবি : সংগৃহীত
নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সেমিফাইনালের আশা টিকিয়ে রাখল ইংল্যান্ড

একটা সময় তো মনে হচ্ছিল এ সমীকরণ আর মেলার নয়। নিউজিল্যান্ডই ছিল এগিয়ে। ১৬০ রান তাড়া করতে নেমে ১১৭ রান তুলতেই যখন ৬ উইকেট খোয়াল ইংলিশরা, তখন ক্রিকইনফো জানাচ্ছিল ম্যাচটা জেতার সম্ভাবনা নিউজিল্যান্ডের ৮৪ শতাংশ।    সেখান থেকে ইংলিশদের জিততে হলে, নিউজিল্যান্ড আর পাকিস্তানকে ঝুলিয়ে রেখে সুপার এইটের গ্রুপ ২ এর রোমাঞ্চটা শেষ দিন পর্যন্ত নিয়ে যেতে হলে একটা মিরাকলের প্রয়োজন ছিল। ইংল্যান্ড শেষ পর্যন্ত তাই করে দেখিয়েছে। ৪ উইকেট আর ৩ বল হাতে রেখে লক্ষ্যটা টপকে গেছে।    আর তাতেই গ্রুপের লড়াই জমে উঠেছে। পাকিস্তান শ্রীলঙ্কার ম্যাচটাই এখন ঠিক করে দেবে, ইংল্যান্ডের পর গ্রুপ ২ থেকে শেষ চারে যাবে নিউজিল্যান্ড নাকি পাকিস্তান।    শুক্রবার আর প্রেমাদাসা স্টেডিয়ামে ১৫৯ রানে ৭ উইকেট তোলে নিউজিল্যান্ড। ম্যাচটি সহজ ছিল না ইংল্যান্ডের জন্য। শুরুতেই ধাক্কা খায় তারা। ফিল সল্ট ও জস বাটলার দ্রুত আউট হন। আট বলেই দলীয় রান ছিল ২ উইকেটে ২।   নবম ওভারে ৫৮ রানে চার উইকেট হারায় ইংল্যান্ড। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অধিনায়ক হ্যারি ব্রুক ও জ্যাকব বেথেল দ্রুত ফিরে যান। এই পরিস্থিতি থেকে ইংলিশদের আশা দেখাচ্ছিলেন জেকব বেথেল আর স্যাম কারান। তবে ১০০ রানে কারান আর ১১৭ রানে বেথেল ফিরলে ইংল্যান্ড চলে যায় আরও ব্যাকফুটে।    সেখান থেকে উইল জ্যাকস ও রেহান আহমেদ দলকে টেনে তোলেন। তারা সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ৪৪ রানের জুটি গড়েন। জ্যাকস করেন ৩২ রান। রেহান করেন ১৯ রান। তাদের জুটিতেই জয় পায় ইংল্যান্ড।   এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হতো তাদের। শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারানো একই দল নিয়েই নামে নিউজিল্যান্ড।   ইংল্যান্ড দলে একটি পরিবর্তন আনে। জেমি ওভারটনের জায়গায় ফেরানো হয় রেহান আহমেদকে। শুরুতে সিদ্ধান্তটি ভুল মনে হচ্ছিল। ৬ দশমিক ৫ ওভারে উইকেট না হারিয়ে ৬৪ রান তোলে নিউজিল্যান্ড।   এরপর ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। আদিল রশিদ আউট করেন টিম সাইফার্টকে। তিনি ২৫ বলে ৩৫ রান করেন। পরে উইল জ্যাকস ফেরান ফিন অ্যালেনকে। তিনি ১৯ বলে ২৯ রান করেন।   বিশ্বকাপের প্রথম বলেই উইকেট পান রেহান আহমেদ। তার শিকার হন রাচিন রবীন্দ্র। গ্লেন ফিলিপস ২৮ বলে ৩৯ রান করেন। পরে তিনি জ্যাকসের দ্বিতীয় শিকার হন। রশিদ ও রেহান দুজনেই নেন দুটি করে উইকেট।

মো: দেলোয়ার হোসাইন ফেব্রুয়ারি ২৮, ২০২৬ 0
ছবি : সংগৃহীত
ভারতের চাপ বাড়াচ্ছে পরিসংখ্যান

সুপার এইটে জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে জিতে অক্সিজেন পেয়েছে ভারত। সেই জয়ের ফলে ভারতের সমীকরণটা যেন পানির মতোই সহজ হয়ে গেছে। এবার সুপার-আটের নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। আগামী ১লা মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচটি কার্যত কোয়ার্টার ফাইনাল। যে দল জিতবে, সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেবে। এই ম্যাচে নেট রান রেটের কোনও ভূমিকা নেই। বড় বা ছোট ব্যবধান নয়—এখানে একমাত্র লক্ষ্য জয়।   ইডেনে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড দুর্দান্ত। তারা এই মাঠে এখনও পর্যন্ত বিশ্বকাপে হারেনি। এখানে খেলা তিন ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে ক্যারিবিয়ানরা। এমন কী ২০১৬ সালে এই মাঠেই বিশ্বকাপের ফাইনাল জিতেছিল তারা।   কঠিন চ্যালেঞ্জের মুখে ভারত ওয়েস্ট ইন্ডিজ দলে একাধিক আক্রমণাত্মক ব্যাটার রয়েছেন, যারা ইডেনের ছোট বাউন্ডারির সুবিধা নিতে পারে। এবারের টুর্নামেন্টে সর্বাধিক ১৭টি ছক্কা মেরেছেন শিমরন হেটমায়ার। অন্যদিকে শেরফান রাদারফোর্ড মেরেছেন ১২টি ছক্কা। তাদের সঙ্গে দলে আরও কয়েক জন বিধ্বংসী ব্যাটার রয়েছেন, যারা যে কোনও দলের বিপক্ষে বিপদ তৈরি করতে পারেন।   স্পিনের বিপক্ষে ভারতের সমস্যা এবারের বিশ্বকাপে ভারতের ব্যাটাররা স্পিনের বিপক্ষে কিছুটা সমস্যায় পড়েছেন। ধীরগতির বোলিংয়ের বিরুদ্ধে রান করতে পারছেন না। ওয়েস্ট ইন্ডিজ দলে ভালো মানের স্পিনার আছেন। গুদাকেশ মোতি এবং আকিল হোসেন ভারতকে চাপে ফেলতে পারেন। মোতি এখনও পর্যন্ত ১০ উইকেট নিয়েছেন, আর হোসেন নিয়েছেন ৬ উইকেট।   প্রথমবার কলকাতায় বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম কলকাতায় মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। যদিও ইডেন গার্ডেন্সে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা রয়েছে ক্যারিবিয়ানদের। তবে সামগ্রিক ভাবে এই মাঠে ভারতের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খুব ভালো। বিশ্বকাপ বাদ দিলে, এই মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে খেলা চারটি টি-টোয়েন্টি ম্যাচেই জয় পেয়েছে ভারত। সব মিলিয়ে ১লা মার্চের ম্যাচটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উত্তেজনাপূর্ণ হতে চলেছে।

মো: দেলোয়ার হোসাইন ফেব্রুয়ারি ২৮, ২০২৬ 0
ছবি : সংগৃহীত
ভারতের বিপক্ষে হারা ম্যাচে যে ইতিহাস গড়লেন সিকান্দার রাজা

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ভারতের বিপক্ষে নতুন রেকর্ড গড়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক ও অলরাউন্ডার সিকান্দার রাজা। দল হারলেও মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে গড়েছেন বিরল কীর্তি। টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে পা রেখেছিল জিম্বাবুয়ে। তবে সেখানে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে সিকান্দার রাজার দলের। দল হারলেও ভারতের বিপক্ষে ম্যাচেই বিরল রেকর্ড গড়েছেন৷ জিম্বাবুয়ের অধিনায়ক ও অলরাউন্ডার সিকান্দার রাজা। জিম্বাবুয়ের হয়ে টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক বিশ্বকাপের আগেই ছুঁয়েছেন রাজা। বিশ্বকাপে বৃহস্পতিবার ভারতের বিপক্ষে ৩১ রানের ইনিংস খেলার পথে তিনি স্পর্শ করেছেন তিন হাজার রান। এজন্য তার প্রয়োজন ছিল এদিন ১৫ রান। অক্ষর প্যাটেলকে বাউন্ডারি হাঁকিয়ে এই কীর্তি স্পর্শ করেন রাজা। আইসিসির পূর্ণ সদস্য দলগুলোর মধ্যে প্রথম ও সব দেশ মিলিয়ে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩ হাজার রান ও ১০০ উইকেটের ডাবল স্পর্শ করলেন ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার। ভারতের বিপক্ষে ম্যাচের পর আন্তর্জাতিক ক্রিকেটে রাজার রানসংখ্যা এখন ৩০১৬, বল হাতে তার শিকার ১০৪ উইকেট। এর আগে প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছিলেন মালয়েশিয়ার বিরানদীপ সিং। আইসিসির সহযোগী দেশটির হয়ে এখন পর্যন্ত ১১১ টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে ৩ হাজার ১৮০ রান করেছেন তিনি। পাশাপাশি বাঁ হাতে বল ঘুরিয়ে উইকেট শিকার করেছেন ১০৯টি। টি-টোয়েন্টিতে তিন হাজার রানের ক্লাবে ঢোকা ১৪তম ব্যাটার সিকান্দার রাজা। এই তালিকায় রয়েছেন পাকিস্তানের বাবর আজম, ভারতের বিরাট কোহলি ও রোহিত শর্মা, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্জসহ আরো অনেকে। রাজার ইতিহাস গড়ার দিনে ব্রায়ান বেনেটের অপরাজিত ৯৭ রানের পরও হেরে গেছে জিম্বাবুয়ে। ৭২ রানের পরাজয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। টি-টোয়েন্টিতে ৩ হাজার রান ও ১০০ উইকেট : বিরানদীপ সিং ৩১৮০ রান, ১০৯ উইকেট,মালয়েশিয়া সিকান্দার রাজা ৩০১৬ রান, ১০৪ উইকেট, জিম্বাবুয়ে

মারিয়া রহমান ফেব্রুয়ারি ২৭, ২০২৬ 0
ছবি : ক্রিকইনফো
জিম্বাবুয়েকে বিদায় করে সেমির স্বপ্ন জাগাল ভারত

সুপার এইটের শুরুটা ভালো হয়নি ভারতের। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ছিটকে পড়ার শঙ্কায় পড়েছিল টিম ইন্ডিয়া। তবে দ্বিতীয় ম্যাচেই স্বরুপে ফিরেছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। জিম্বাবুয়ের বিপক্ষে আজ ৭২ রানের দাপুটে জয়ে সেমিফাইনালের স্বপ্ন জাগাল বিশ্বকাপের আয়োজক দেশটি। অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে বাদ পড়ল সিকান্দার রাজার দল।   ২৫৭ রানের বিশাল লক্ষ্য সামনে নিয়ে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। দুই ওপেনারের কল্যাণে ভালো সূচনাও পায় রোডেশীয়রা। পরবর্তী ব্যাটাররাও ছিলেন ইতিবাচক। কিন্তু জয়ের জন্য প্রতি ওভারে যেভাবে এগোনো দরকার, সেভাবে রান সংগ্রহ করতে পারেননি জিম্বাবুয়ের ব্যাটাররা। শুধু ব্যবধানই কমিয়েছেন তারা। তবে এই ম্যাচে দলকে চোখ ধাঁধানো ইনিংস উপহার দেন ওপেনার ব্রায়ান বেনেট। ফিফটি পূরণের পর ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিতই থাকেন তিনি। সেঞ্চুরির জন্য দরকার ছিল মাত্র ৩ রান। মাঠ ছাড়ার আগে তিনি করেন ৯৭ রান। মাত্র ৫৯ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি আটটি চার ও ছয়টি ছয়ে সাজানো। আরেক ওপেনার মারুমানি আউট হয়েছেন ২০ বলে ২০ রানে। দ্বিতীয় উইকেটে নেমে ডিওন মায়ার্স করেন ৬ রান। এদিকে ২১ বল খেলে ৩১ রান করেন দলনেতা সিকান্দার রাজা। আর রানের দেখা পাননি রায়ান বার্ল। এছাড়া টনি মুনয়োঙ্গা ১১, মুসেকিয়া ৭ ও ব্র্যাড ইভান্স ১ রান করেন। জিম্বাবুয়ের ইনিংস থামে ১৮৪ রানে। ভারতের সবচেয়ে সফল বোলার অর্শদিপ সিং। দলের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন তিনি। এর আগে চেন্নাইয়ে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ক্রিজে এসেই আগ্রাসী ব্যাটিং শুরু করেন দুই ভারতীয় ওপেনার। ১৫ বলে ২৪ রানে স্যাঞ্জু স্যামসন আউট হলেও পাওয়ার প্লেতে আসে ৮০ রান। দ্বিতীয় উইকেটে জুটিতে আসে ৭২ রান। ২৪ বলে ৩৮ রান করে আউট হন ইষাণ কিষাণ। মাত্র ২৬ বলে ফিফটি তুলে নেন অভিষেক শর্মা। অবশ্য এরপর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তিনি। আউট হন ৫৫ রানে। ৩০ বলে খেলা তার এই ইনিংসটি চারটি করে চার ও ছয়ে সাজানো। এদিকে মাত্র ১৩ বলে ৩৩ রান করে সাজঘরের পথ ধরেন দলনেতা সূর্যকুমার যাদব। পঞ্চম উইকেট জুটিতে জিম্বাবুয়ের বোলারদের শাসন করে যান হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মা। ইনিংসের শেষ পর্যন্ত খেলে যান এই দুই ব্যাটার। দুজন মিলে গড়েন মাত্র ৩১ বলে ৮৪ রানের জুটি। ফিফটির দেখা পেয়েছেন হার্দিক পান্ডিয়া। মাত্র ২৩ বলে দুটি চার ও চারটি ছয়ে ৫০ রান করেন তিনি। আর তিনটি চার ও চারটি ছয়ে মাত্র ১৬ বলে ৪৪ রান করেন তিলক। ২০ ওভারে ৪ উইকেটে ২৫৬ রান করে ভারত। জিম্বাবুয়ের হয়ে একটি করে উইকেটের দেখা পেয়েছেন চারজন বোলার।

মোঃ ইমরান হোসেন ফেব্রুয়ারি ২৭, ২০২৬ 0
ছবি : সংগৃহীত
বিয়ে করাই তার নেশা!

পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শোয়েব মালিক। ক্রিকেট খেলে যতটা না আলোচনায় থেকেছেন তার চেয়েও বেশি আলোচনায় ছিলেন বিয়ের জন্য। ইতোমধ্যেই তিন তিনবার বিয়ে করেছেন তিনি। তবে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছ্যেদের পর পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করার জন্য।   সানিয়ার আড়ালে তিনি সানা জাভেদের সঙ্গে প্রেম করে বিয়েও করেছিলেন পাকিস্তানের এই তারকা ক্রিকেটার। ২০২৪ সালে সানা জাভেদকে বিয়ে করার পর এবার তাদের মধ্যে সম্পর্ক ভাঙতে চলেছে। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতে জানা যায় যে, এবার চতুর্থ বিয়ের দিকে পা বাড়ালেন শোয়েব মালিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন, আগামীকাল ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের অভিনেত্রী ভানিজা সাত্তারকে বিয়ে করতে যাচ্ছেন শোয়েব মালিক। যদিওবা তিনি আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। পুরোটাই চুপিসারে হচ্ছে বলেই বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। ২০০২ সালে শোয়েব মালিক বিয়ে করেন আয়েশা সিদ্দিকিকে। এটাই ছিল তার প্রথম বিয়ে। আয়েশা ভারতের হায়দরাবাদের বাসিন্দা। ২০১০ সালে আয়েশা সিদ্দিকির সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় শোয়েবের আর সেই বছরই তিনি বিয়ে করেন সানিয়া মির্জাকে। অর্থাৎ, যে বছর প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন সে বছরই তিনি সানিয়াকে বিয়ে করেন। মাঝে কয়েকমাসের ব্যবধান ছিল মাত্র। ২০১০ সালে হায়দরাবাদে সানিয়া মির্জা ও শোয়েব মালিক বিয়ে সারেন। ২০১৮ সালে তাদের প্রথম সন্তান ইজহানের জন্ম হয়। শোয়েব মালিকের প্রথম স্ত্রী আয়েশা সিদ্দিকির অবশ্য কোনও সন্তান ছিল না। আয়েশাকে না জানিয়েই শোয়েব সানিয়াকে বিয়ে করেছিলেন। পরে বিষয়টা আইন অনুযায়ী শোয়েব বিচ্ছেদ করেন। এরপর সানা জাভেদের সঙ্গে বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে শোয়েবের প্রেম হয়। সেই সময় তিনি সানিয়ার সঙ্গে বৈবাহিক জীবনে ছিলেন। সানিয়া বিষয়টা জানার পর দূরত্ব বাড়ান। এমনকি শেষ পর্যন্ত বিবাহ বিচ্ছেদের মতোও সিদ্ধান্ত নেন। এবার সানা জাভেদের সঙ্গেও শোয়েবের ইনিংস শেষের পথে।

মোঃ ইমরান হোসেন ফেব্রুয়ারি ২৭, ২০২৬ 0
ছবি- সংগৃহীত
ব্যাটিং ছেড়ে দর্শকের দিকে কেন তেড়ে গেলেন মিঠুন

ব্যাটিং রেখে হঠাৎই বাউন্ডারি লাইনের দিকে ছুটলেন মোহাম্মদ মিঠুন। গ্যালারি থেকে ভেসে আসা কটূক্তিতে মেজাজ হারিয়ে সরাসরি দর্শকদের দিকে তেড়ে যান দক্ষিণাঞ্চলের এই ব্যাটার। প্রতিপক্ষের কোনো ক্রিকেটারের সঙ্গে নয়, এদিন সরাসরি দর্শকদের ওপরই ক্ষোভ ঝাড়তে দেখা গেছে তাকে। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচে আজ রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চল। টস হেরে আগে ব্যাটিংয়ে নামে দক্ষিণাঞ্চল। ইনিংস চলাকালে গ্যালারি থেকে মিঠুনকে উদ্দেশ্য করে ‘দালাল, দালাল’ বলে স্লোগান ও কটু মন্তব্য ভেসে আসতে থাকে। একপর্যায়ে মেজাজ ধরে রাখতে না পেরে ব্যাটিং ছেড়েই বাউন্ডারি লাইনের ধারে চলে যান তিনি। সেখানে গিয়ে দর্শকদের সঙ্গে তাকে কথা বলতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, কেন তাকে উদ্দেশ্য করে এমন দুয়ো দেওয়া হচ্ছে, দর্শকদের কাছে সেটারই জবাব চাইছিলেন তিনি। তবে কিছুক্ষণ পর ক্ষোভ প্রশমিত হলে মুখে হাসির রেখা টেনে পুনরায় উইকেটে ফিরে যান মিঠুন। এর আগে সর্বশেষ বিপিএলে জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকেও গ্যালারিতে এমন অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল। দর্শকদের এমন রোষানলে পড়ার পেছনে বিপিএলের একটি ঘটনার যোগসূত্র রয়েছে বলে মনে করা হচ্ছে। গত জানুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের এক বিতর্কিত মন্তব্যের জেরে একদিন বিপিএল বন্ধ ছিল। সে সময় ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি হিসেবে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বেই বিপিএল বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজরা। এই বয়কটের পেছনে আড়াল থেকে তামিম ইকবালের সমর্থন আছে কি না, সে সময় এমন প্রশ্নেরও মুখোমুখি হতে হয়েছিল মিঠুনকে। মূলত ওই ঘটনার পর থেকেই মাঠে মিঠুন ও মিরাজকে প্রায়ই দর্শকদের দুয়ো শুনতে হচ্ছে।  মাঠের এমন বৈরী পরিস্থিতির মধ্যেও ব্যাট হাতে দারুণ লড়াই করেছেন মিঠুন। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রেখেছিলেন তিনি। উত্তরাঞ্চলের বোলিং তোপে দক্ষিণাঞ্চল ৩০.৫ ওভারে মাত্র ১৪৪ রানে গুটিয়ে গেলেও মিঠুন ৭৯ বলে ৫৫ রানের লড়াকু এক ইনিংস খেলে অপরাজিত থাকেন।

মারিয়া রহমান ফেব্রুয়ারি ২৬, ২০২৬ 0
ছবি : সংগৃহীত
বাঁচা-মরার ম্যাচে শিশির আটকাতে ভারতের ‘আমেরিকান’ কৌশল

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত সন্ধ্যার ম্যাচগুলোতে শিশির তেমন কোন প্রভাব ফেলেনি। তবে এ সপ্তাহে চেন্নাইয়ে তাপমাত্রা বাড়ায় বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুপার-আটের গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাইয়ে জিম্বাবুয়ের মুখোমুখি হবে ভারত। সুপার এইটের প্রথম ম্যাচে হারায় এটি টিম ইন্ডিয়ার জন্য ‘মাস্ট-উইন’।   ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ এর প্রতিবেদন অনুযায়ী, তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন আগে থেকেই শিশিরের জন্য ব্যবস্থা নিয়ে রেখেছে। টুর্নামেন্টের আগে চিপকের আউটফিল্ড নতুন করে বসানোর সময় তারা যুক্তরাষ্ট্র থেকে ‘ডিউ কিউর’ নামে একটি বিশেষ রাসায়নিক আমদানি করে। মেজর লিগ বেসবলের মাঠেও এটি ব্যবহার করা হয়। আন্তর্জাতিক মানের এই কেমিক্যাল মূলত ঘাসের উপর আর্দ্রতা জমতে দেয় না এবং মাঠকে দ্রুত শুকনো রাখতে সাহায্য করে। ফলে সন্ধ্যার ম্যাচে বল ভেজার সমস্যা অনেকটাই কমে যায়।   গুরুত্বপূর্ণ ম্যাচের আগে গ্রাউন্ডস্টাফ দু’দিন ধরে রাসায়নিকটি জলের সঙ্গে মিশিয়ে আউটফিল্ডে স্প্রে করেছে। স্প্রে করার কাজটি নির্দিষ্ট মাপ ও অনুপাতে করা হয়েছে, যাতে ঘাসের কোনও ক্ষতি না হয় কিন্তু কার্যকারিতা বজায় থাকে। বৃহস্পতিবার বিকেলেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে, যাতে ম্যাচে শিশির প্রভাব না ফেলে। সূত্রের দাবি, একবার ‘ডিউ কিউর’ স্প্রে করলে ঘাসের পাতায় আর্দ্রতা জমতে পারে না। ভিজলেই তা শুষে নেয় এবং দ্রুত শুকিয়ে যায়।   মাঠকর্মীদের মতে, এই পদ্ধতি কার্যকর হলে ফিল্ডিং করার সময় বল হাত থেকে পিছলে যাওয়ার সম্ভাবনা কমবে, বোলাররাও গ্রিপ নিয়ে সমস্যায় পড়বেন না। বিশেষ করে রান তাড়া করার সময়ে শিশির বড় ফ্যাক্টর হয়ে ওঠে— সেই আশঙ্কা কমাতেই এই বাড়তি উদ্যোগ। সব মিলিয়ে, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চিপকের আউটফিল্ডকে আদর্শ অবস্থায় রাখতে কোনও ঝুঁকি নিতে চাইছে না আয়োজক সংস্থা।   ভারতীয় দল মঙ্গলবার ও বুধবার চিপকে অনুশীলন করেছে। টানা দুই দিনের অনুশীলন সেশনে শুধু ব্যাটিং বা বোলিং নয়, মাঠের পরিস্থিতিও খতিয়ে দেখেছে টিম ম্যানেজমেন্ট। রিপোর্ট অনুযায়ী, শিশিরমুক্ত পরিবেশে তারা সন্তুষ্ট। সন্ধ্যার দিকে বল ভেজার সমস্যা না থাকায় বোলাররা পরিকল্পনা অনুযায়ী বল করতে পেরেছেন, আর ব্যাটাররাও শট খেলতে কোনও অস্বস্তিতে পড়েননি। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমন পরিস্থিতি স্বস্তি দিচ্ছে দলকে।   বোর্ড ভবিষ্যতে সেমিফাইনাল ও ফাইনালেও এই পদ্ধতি ব্যবহার করতে পারে বলে জানা গেছে, যদিও আনুষ্ঠানিক কোন ঘোষণা করা হয়নি। বড় ম্যাচে শিশিরের প্রভাব যাতে ফলাফলে প্রভাব না ফেলে, তা নিশ্চিত করতেই এমন ভাবনা। এমন কী ২০২৬ সালের আইপিএলেও এটি প্রয়োগ করা হতে পারে, কারণ সাম্প্রতিক বছরে টি-টোয়েন্টি ম্যাচে শিশির বড় প্রভাব ফেলেছে। বিশেষ করে রান তাড়া করার সময় শিশিরের কারণে বোলারদের সমস্যায় পড়তে হয়েছে বারবার। তাই এই পদ্ধতি কার্যকর প্রমাণিত হলে ভবিষ্যতে একাধিক ভেন্যুতেই তা দেখা যেতে পারে।   চিপক সাধারণত স্পিনারদের সাহায্য করলেও, এবার অবশ্য অন্য ছবি। দীর্ঘদিন ধরে এই মাঠ ধীরগতির উইকেট ও টার্নের জন্য পরিচিত ছিল। কিন্তু চলতি টুর্নামেন্টে এখানকার পিচ এবার ব্যাটিং স্বর্গে পরিণত হয়েছে। বল ব্যাটে ভালো ভাবে আসছে, বাউন্সও তুলনামূলক ভাবে সমান। পেসাররা তেমন সুবিধা পাচ্ছেন না, উইকেট তুলতে বাড়তি পরিশ্রম করতে হচ্ছে। স্পিনারদের জন্যও আগের মতো অতটা টার্ন মিলছে না।   সেমিফাইনালের টিকিট সামনে রেখে ভারত এখন কোন কম্বিনেশন বেছে নেয়, সেটাই দেখার। অতিরিক্ত পেসার না কি বাড়তি স্পিনার— নাকি ব্যাটিং গভীরতাকে গুরুত্ব দেওয়া হবে, সেই সিদ্ধান্তই হয়তো ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে।

মো: দেলোয়ার হোসাইন ফেব্রুয়ারি ২৬, ২০২৬ 0
ছবি : সংগৃহীত
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর টিকিট কাটল যারা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্লে-অফের ফিরতি লিগ সম্পন্ন হয়েছে গত দু’দিনে। যেখানে ৮টি দল শেষ ষোলো এবং সমান সংখ্যক ক্লাব বিদায় নিয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই, টানটান উত্তেজনা ও অবিশ্বাস্য কামব্যাক– কী ছিল না সেখানে। ১৬ দলের লড়াই শেষে চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড শিরোপাধারী রিয়াল মাদ্রিদ, পিএসজি, নিউক্যাসলের মতো ক্লাব যেমন পরের রাউন্ডে উঠেছে; তেমনি চমক দেখিয়েছে অভিষেক আসর খেলতে নামা বোডো/গ্লিমট কিংবা আটালান্টাও।   অন্যদিকে, জায়ান্টদের মধ্য থেকে ইন্টার মিলান, জুভেন্তাস ও বরুসিয়া ডর্টমুন্ডের মতো ক্লাবগুলো ছিটকে গেছে প্লে-অফ থেকে। ইতালির একমাত্র ক্লাব হিসেবে টিকে আছে আটালান্টা। গত দু’দিনে অনুষ্ঠিত প্লে-অফের ফিরতি লিগ থেকে শেষ ষোলোয় জায়গা পাওয়া ৮টি দল হচ্ছে– রিয়াল মাদ্রিদ, অ্যাতলেটিকো মাদ্রিদ, পিএসজি, নিউক্যাসল ইউনাইটেড, বায়ার লেভারকুসেন, বোডো/গ্লিমট, আটালান্টা ও গালাতাসারেই।   রিয়াল মাদ্রিদ ও বেনফিকার লড়াইটি ছিল নাটকীয়। পর্তুগিজ ক্লাবটির কোচ হোসে মরিনিয়ো ও বর্ণবাদের দায়ে ফুটবলার প্রেস্তিয়ান্নি ছিলেন না। তার ওপর বেনফিকা প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল, এবার সান্তিয়াগো বার্নাব্যুতে তাদের ২-১ গোলে হেরে ৩-১ অ্যাগ্রিগেটে বিদায় নিশ্চিত হয়েছে। পিএসজি ও মোনাকোর লড়াইয়ে লড়াই জমে উঠেছিল শেষদিকে। স্টপেজ টাইমে দেওয়া গোলে ২-২ সমতায় খেলা শেষ হলেও, পিএসজি উৎরে গেছে ৫-৪ অ্যাগ্রিগেটের সুবাদে।   জুভেন্তাস ও গালাতাসারের লড়াইটাও ছিল রোমাঞ্চকর। প্রথম লেগে ৫-২ ব্যবধানে এগিয়ে ছিল তুরস্কের ক্লাব গালাতাসারে। গতকাল ফিরতি লেগে নেমে আগের তিন গোলের ব্যবধান ঘুচিয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে নিলেও শেষ রক্ষা হলো না জুভেন্তাসের। ৩-২ স্কোরলাইন নিয়ে খেলা শেষ করলেও দুই লেগ মিলিয়ে ৭-৫ ব্যবধানে অ্যাগ্রিগেটে পিছিয়ে ছিল। গালাতাসারে অবশ্য এদিন গোলটি দুটি পায় শেষদিকে। যা বিদায় ঘটিয়ে দেয় ইতালিয়ান ক্লাব জুভেন্তাসের।        এ ছাড়া প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে ২-০ গোলে হারা আটালান্টা গতকাল ঘরের মাঠে জিতেছে ৪-১ গোলে। ৪-৩ গোলের অগ্রগামিতায় ইতালিয়ান দলটি শেষ ষোলোয় উঠেছে। এর আগের দিন প্লে-অফ থেকে শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেছিল অ্যাতলেটিকো মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, নিউক্যাসল ইউনাইটেড ও বোডো/গ্লিমট। এর মধ্য দিয়ে ১৬ দল নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর স্লট পূর্ণ হলো। শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার।   চ্যাম্পিয়ন্স লিগের চলমান আসরে পয়েন্ট টেবিলের শীর্ষ আটে থেকে আগেই সরাসরি শেষ ষোলো বা নকআউট পর্ব নিশ্চিত করেছিল– আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং সিপি ও ম্যানচেস্টার সিটি।

মো: দেলোয়ার হোসাইন ফেব্রুয়ারি ২৬, ২০২৬ 0
ছবি : সংগৃহীত
৬১ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল শ্রীলংকা

সবার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নিল শ্রীলঙ্কা। কলম্বোতে আজ নিউজিল্যান্ডের কাছে ৬১ রানের বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল স্বাগতিকরা। অন্যদিকে, লঙ্কানদের হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা আরও উজ্জ্বল করেছে নিউজিল্যান্ড।   শ্রীলঙ্কার বিপক্ষে এই জয়ের মাধ্যমে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ড। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। ১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে পাকিস্তান। আর দুই ম্যাচের দুটিতেই হেরে তলানিতে অবস্থান স্বাগতিক শ্রীলঙ্কার। ১৬৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার শুরুটাই ভালো করতে দেননি কিউই পেসার ম্যাট হেনরি। পাওয়ার প্লেতে ফেরান দুই লঙ্কান ব্যাটারকে। প্রথম বলেই শূন্যরানে আউট হন পাথুম নিশাঙ্কা। তৃতীয় ওভারে চারিথ আসালাঙ্কাকে আউট করেন হেনরি। আউট হওয়ার আগে ৯ বল খেলে মাত্র ৫ রান করেন আসালাঙ্কা। এরপর নিজের স্পিন বিষে শ্রীলঙ্কাকে কোণঠাসা করে ফেলেন রাচিন রবীন্দ্র। চোখের পলকেই একে একে চার লঙ্কান ব্যাটারকে সাজঘরের পথ দেখান এই বাঁহাতি স্পিনার। তাতেই ম্যাচ থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা। আউট হওয়ার আগে কুশল মেন্ডিস ১১, পাভান রত্নায়েক ১০, দলনেতা দাসুন শানাকা ৩ ও দুসান হেমন্ত ৩ রান করেন। এদিকে দুনিথ ভেল্লালাগেকে নিয়ে লড়াই চালিয়ে যান কামিন্দু মেন্ডিস। কিন্তু সেই লড়াই জয়ের জন্য যথেষ্ট ছিল না। ২৩ বলে ৩১ রান করে আউট হন তিনিও। ভেল্লালাগে থামেন ২৯ রানে। আর ৭ রানে চামিরা ও ২ রানে থিকসানা অপরাজিত থাকেন। ২০ ওভারে ৮ উইকেটে ১০৭ রান করে শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন রাচিন রবীন্দ্র। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই তার সেরা বোলিং ফিগার। এছাড়া দুটি উইকেট পেয়েছেন ম্যাট হেনরি। এর আগে কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ লঙ্কান দলনেতা দাসুন শানাকা। ব্যাট করতে নেমে ঝোড়ো সূচনার ইঙ্গিত দেন ওপেনার ফিল অ্যালেন। কিন্তু চতুর্থ ওভারে তাকে ফেরান থিকসানা। আউট হওয়ার আগে১৩ বলে ২৩ রান করেন অ্যালেন। আরেক ওপেনার টিম সেইফার্ট থামেন মাত্র ৮ রানে। তৃতীয় উইকেট জুটিতে ইতিবাচক ব্যাট করতে থাকেন রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস। দুজন মিলে গড়েন ৪৩ রানের জুটি। কিন্তু এই দুই ব্যাটার আউট হওয়ার পর রানের গতি মন্থর হয়ে যায়। ১২তম থেকে ১৬তম ওভার পর্যন্ত এই ৫ ওভারে রান আসে মাত্র ১৫ রান। রাচিন ৩২, ফিলিপস ১৮, মিচেল ৩ ও চ্যাপম্যান শূন্যরানে আউট হন। শেষ চার ওভারে চাপ সামলে ব্যাট হাতে ক্রিজে ঝড় তোলেন দলনেতা মিচেল স্যান্টনার ও কোল ম্যাককঞ্চি। দুজন মিলে গড়েন ৮৪ রানের জুটি। মাত্র ২৬ বলে দুটি চার ও চারটি ছয়ে ৪৭ রান করেন স্যান্টনার। আর ২৩ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন ম্যাককঞ্চি। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন মহেশ থিকসানা ও দুশমান্থা চামিরা। একটি উইকেট পেয়েছেন দুনিথ ভেল্লালাগে।

মোঃ ইমরান হোসেন ফেব্রুয়ারি ২৬, ২০২৬ 0
আমিনুল হক, সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। ছবি : সংগৃহীত
মাশরাফি-সাকিবের ‘ফেরা’ নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, আইনি প্রক্রিয়া নিষ্পত্তি করতে পারলে সাকিব ও মাশরাফি দুজনকেই আবার ক্রিকেটে স্বাগত জানানো হবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) পল্লবী বিদ্যানিকেতনে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।   সম্প্রতি বোর্ড সভার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবের ফেরার প্রসঙ্গ আনুষ্ঠানিকভাবে তুলেছে। এমনকি আগামী ১১ মার্চ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া এক দিনের আন্তর্জাতিক সিরিজেও তাকে দেখা যেতে পারে বলে আভাস মিলছে। প্রতিমন্ত্রী বলেন, সাকিব ও মাশরাফি বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। তাদের প্রতি মানুষের ভালোবাসা এবং ক্রিকেটের প্রতি আকর্ষণ আমি নিজে দেখেছি। তবে তাদের বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে, তা রাষ্ট্রের সিদ্ধান্ত। এসব মামলার বিষয়ে আইন অনুযায়ী আইনজীবীর মাধ্যমে পদক্ষেপ নিতে হবে বলে জানান তিনি। দুজনের ফেরা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘একজন ক্রীড়াবিদ হিসেবে আমার বিশ্বাস, তারা আইন মেনে নিজেদের আইনজীবীর মাধ্যমে বিষয়গুলো মোকাবিলা করবেন। যদি আইনি প্রক্রিয়ার মোকাবিলা করে নিজেদের নির্দোষ প্রমাণ করে মাঠে ফেরার পরিস্থিতি তৈরি করতে পারেন, তাহলে আমি তাদের স্বাগত জানাব। এ বিষয়ে আমরা শতভাগ নমনীয় থাকব।’ দেশের ক্রিকেটের অন্যতম দুই বড় তারকা মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান বর্তমানে নিভৃতে সময় কাটাচ্ছেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে কার্যত দেশের ক্রিকেটে অবাঞ্ছিত হয়ে পড়েছিলেন সাবেক এই দুই অধিনায়ক। ২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে পাকিস্তানের মাটিতে খেলেছেন সাকিব আল হাসান। এরপর আর লাল-সবুজের জার্সিতে দেখা যায়নি তাকে। মামলা থাকার কারণে দেশেও আসেননি তিনি। অন্যদিকে, ২০২৪ সালের আগস্টের পর থেকে জনসম্মুখে দেখা যায়নি মাশরাফি বিন মুর্তজাকেও।

মোঃ ইমরান হোসেন ফেব্রুয়ারি ২৫, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
বাবর যেন পাকিস্তান দলের ইনস্যুরেন্স পলিসি: মাইকেল ভন

পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম দীর্ঘ সময় ধরে ফর্মহীনতায় ভুগছেন। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার পারফরম্যান্স হতাশাজনক। পাওয়ার প্লেতে তার স্ট্রাইকরেট একশোর নিচে এবং স্লগ ওভারে তিনি কোনো বড় হিট করতে পারছেন না। সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন মনে করছেন, পাকিস্তান বাবরকে এমনভাবে ব্যবহার করছে যেন তিনি দলটির ‘ইনস্যুরেন্স পলিসি’, কিন্তু সেই পলিসিও কার্যকর হচ্ছে না। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে পাকিস্তান ২৭ রানে ২ উইকেট হারালে বাবর চতুর্থ ওভারে ক্রিজে আসে, কিন্তু ২৪ বল খেলে মাত্র ২৫ রান করে আউট হন। পাকিস্তান সুপার এইটে ১৬৪ রান করেও ২ উইকেটে ৫ বল আগে হেরেছে। বিশেষজ্ঞদের মতে, বাবরের ধীর ব্যাটিং গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের রান কমানোর মূল কারণ। এই বিশ্বকাপে বাবর ৫ ম্যাচের ৪ ইনিংসে মোট ৯১ রান করেছেন, স্ট্রাইকরেট ১১২.৩৪। টুর্নামেন্টে সবচেয়ে কম স্ট্রাইকরেটের ব্যাটসম্যান তিনিই। পাকিস্তানে বাবরকে প্রতিটি ম্যাচে খেলানোর সিদ্ধান্ত নিয়ে সমালোচনা রয়েছে। ভনও মনে করেন, দলের অভ্যন্তরীণ রাজনীতি এবং কোচ মাইক হেসন বাবরকে বাধ্য করে খেলাচ্ছেন। ভন আরও বললেন, বাবর এখন দলটির ইনস্যুরেন্স পলিসি হিসেবে খেলছেন। দুই উইকেট পড়ার পর চার নম্বরে নেমে তিনি নিজের মতো খেলেন। ভন শ্রীলঙ্কার ধীর পিচে বাবরের কার্যকারিতা দেখার আশা করেছিলেন, কিন্তু বাবর সেখানে ২৫ রান করে দলের পতনের কারণ হয়ে ওঠেন। পাকিস্তানকে চলমান বিশ্বকাপে সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে অন্য দলের ম্যাচের ফলের দিকে তাকাতে হবে, আপাতদৃষ্টিতে তাদের বিদায়ের সম্ভাবনাই বেশি। সূত্র- এনডিটিভি

মারিয়া রহমান ফেব্রুয়ারি ২৫, ২০২৬ 0
ছবি : সংগৃহীত
নারী টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ভারত-পাকিস্তান

আইসিসি ২০২৬ টি-২০ বিশ্বকাপ বাছাই পর্বে সবার ওপরে থেকে মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। এ নিয়ে টানা সপ্তমবার সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে অংশ নেবে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমবার স্বাগতিক হিসেবে অংশগ্রহণের পর পরের প্রতিবার বাছাই পেরিয়ে বাংলাদেশ মূল আসরে পৌঁছেছে। তবে মূল আসরে এখনও কোনোবারই গ্রুপ পর্ব পার হতে পারেনি তারা।   নেপালে বাছাই পর্বে দাপট দেখিয়ে সাত ম্যাচের সাতটিতেই জয় নিয়ে বাংলাদেশ প্রত্যাশিত সাফল্য অর্জন করেছে। এখন সবাই অপেক্ষায় ছিল বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচির। বর্তমানে চলছে ছেলেদের টি-২০ বিশ্বকাপের সুপার এইটের লড়াই। এ সময়েই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নারী টি-২০ বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে। আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে বসবে নারীদের ২০ ওভারের বিশ্বকাপের দশম আসর। ২০২৬ সালের বিশ্বকাপে মোট ১২ দল অংশ নিচ্ছে। দলগুলোকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে, প্রতিটি গ্রুপে ছয়টি দল থাকবে।   আইসিসির প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেখা যায়, বাংলাদেশের গ্রুপে রয়েছে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছেন রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, সবশেষ দুই আসরের রানার্সআপ দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডস। ‘বি’ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, প্রথম আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ২০১৬ সালের শিরোপাজয়ী ওয়েস্ট ইন্ডিজ, সঙ্গে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।   গ্রুপ পর্বের পাঁচটি ম্যাচ বাংলাদেশ খেলবে পাঁচটি ভিন্ন ভেন্যুতে। জ্যোতির নেতৃত্বাধীন নিগার সুলতানা জ্যোতিরা ১৪ জুন এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপ শুরু করবে। এতে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু করার সুযোগ রয়েছে। ১৭ জুন লিডসে নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগ্রেসদের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে শুরু হবে।   ২০ জুন হ্যাম্পশায়রে বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি হবে। পাকিস্তান ও ভারত ম্যাচগুলো বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে। ২৫ জুন ম্যানচেস্টারে বাংলাদেশ-ভারত ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ২৮ জুন লর্ডসে বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।   অধিনায়ক নিগার জ্যোতি বলেছেন, আমরা আগে কখনো ইংল্যান্ডে খেলিনি, তাই রোমাঞ্চিত। তবে জানি এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। বড় আসরের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আমরা সেরা ক্রিকেট খেলতে চাই এবং দেশের জন্য ম্যাচ জিততে চাই।

মো: দেলোয়ার হোসাইন ফেব্রুয়ারি ২৫, ২০২৬ 0
ছবি : সংগৃহীত
ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড

সুপার এইটে আজ শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে সবার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল ইংল্যান্ড। আসলে বলতে হয় অনবদ্য সেঞ্চুরিতে ইংল্যান্ডকে সেমিফাইনালে তুললেন হ্যারি ব্রুক। সেইসঙ্গে ইতিহাসও গড়েছে তারা। সেইসঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে একমাত্র দল হিসেবে টানা ৫ বার সেমিফাইনালে খেলার গৌরব অর্জন করার নজীর গড়েছে ইংল্যান্ড।   একদম ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্যা ফ্রন্ট যাকে বলে আরকি। ইংল্যান্ডের হ্যারি ব্রুক যেন একাই দলকে জেতানোর দায়িত্ব নিয়ে ফেললেন। ১৬৫ রান তাড়া করতে গিয়েই হাঁকালেন অনবদ্য এক সেঞ্চুরি। যেই সেঞ্চুরির সুবাদে ২ উইকেটে ম্যাচ জেতার সাথে সাথে সেমিফাইনালও নিশ্চিত করে ফেলে ইংলিশরা। এর ফলে পাকিস্তানের সেমিফাইনাল খেলার সমীকরণ কঠিন হয়ে গেল।   পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ওপেনিংয়ে নেমে বেশি একটা সুবিধা করতে পারেননি সাইম আইয়ুব। ৭ বলে ৭ রান করে বিদায় নেন তিনি। সাহিবজাদা ফারহান এবং সাইমের ওপেনিং জুটি থেকে এসেছে ১৪ রান।   ফারহান টিকে ছিলেন। এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন তিনি। তিনে নামা অধিনায়ক সালমান আলী আঘাও সুবিধা করতে পারেননি। দলের ২৭ রানের মাথাতে ৬ বলে ৫ রান করে বিদায় নেন সালমান।   অধিনায়কের বিদায়ের পর ফারহানের সাথে যোগ দিয়েছেন বাবর আজম। নিজের স্বাভাবিক ব্যাটিংয়েই এগিয়েছেন বাবর। আগ্রাসী ছিলেন ফারহান। পাওয়ারপ্লের ৬ ওভারে জোড়া উইকেট হারিয়ে ৪৬ রান তোলে পাকিস্তান।   পাওয়ারপ্লে শেষেও চলেছে ফারহানের উইলোবাজি। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান বের করেছেন। দলের বোর্ডেও রান উঠেছে। বাবর এগিয়েছেন ধীরেসুস্থে। দলের ৭৩ রানের মাথাতে ২৪ বলে ২৫ রান করে বিদায় নেন বাবর আজম।   ফারহানের সাথে যোগ দেন ফখর জামান। ওপেনার হলেও এদিন পাঁচে নেমেছেন ফখর। টিকে থাকা ফারহান কৌশলী ব্যাটিংয়ে তুলে নেন দারুণ এক ফিফটি। ১৪০ স্ট্রাইকরেটে ৪৫ বলে ৬৩ রানের ঝলমলে ইনিংস খেলে দলের ১২২ রানের মাথাতে বিদায় নেন ফারহান। অন্যদিকে ১৬ বলে ২৫ রানের ক্যামিও খেলে ১৩২ রানের মাথাতে থেমেছেন ফখর। শেষ দিকে শাদাব খানের ঝড়ো ব্যাটিংয়ে এগিয়েছে পাকিস্তান। পার করেছে দেড়শ রানও। ১১ বলে ২৩ রানের ঝড়ো ইনিংস খেলেছেন শাদাব, আউট হয়েছেন ইনিংসের একদম শেষ বলে। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান।   ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট শিকার করেন লিয়াম ডওসন। ২টি করে উইকেট নিয়েছেন জেমি ওভারটন এবং জফরা আর্চার। ১ উইকেট তোলেন আদিল রশিদ।   জবাব দিতে নেমে প্রথম বলেই ওপেনার ফিল সল্টের উইকেট হারিয়েছে ইংল্যান্ড। সল্টকে বিদায় করেছেন শাহীন শাহ আফ্রিদি। গোল্ডেন ডাক মেরে বিদায় নেন সল্ট। আরেক ওপেনার জস বাটলার শাহীনের পরের ওভারে। ৩ বলে ২ রান করে বিদায় নিয়েছেন বাটলার। মাত্র ১৭ রানের মধ্যে দুই ওপেনারের উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড।   তিনে নেমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়েছেন হ্যারি ব্রুক। চারে নামা জ্যাকব বেথেল যদিও টিকেননি বেশিক্ষণ। ১০ বলে ৮ রান করে থেমেছেন দলের ৩৫ রানের মাথায়। ব্রুক এক প্রান্ত ধরে খেলে গেছেন। পাওয়ারপ্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৩ রানের সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। পাওয়ারপ্লে শেষেও চলেছে ব্রুকের উইলোবাজি। আরেক প্রান্তে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলও চলেছে। ৬ বলে ২ রান করে দলের ৫৮ রানের মাথাতে বিদায় নিয়েছেন টম ব্যান্টন। এরপর ব্রুকের সাথে যোগ দেন স্যাম কারান। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে ছুটেছে ইংল্যান্ড।   মাত্র ২৮ বলে ফিফটি ছুঁয়েছেন হ্যারি ব্রুক। আগ্রাসী ব্যাটিংয়ে রান বের করেছেন। উইকেটের চারপাশে দারুণ সব শটে চাপের মুখে তুলেছেন রান। ভালো সঙ্গ দিতে থাকা কারান ১৫ বলে ১৬ রান করে বিদায় নিয়েছেন। এরপর ক্রিজে আসেন উইল জ্যাকস।   ফিফটি হাঁকানো ব্রুক ছুটেছেন সেঞ্চুরির দিকে। ব্রুকের ধুন্ধুমার ব্যাটিংয়ের জয়ের পথে আগাতে থাকে ইংল্যান্ড। শেষ ৪ ওভারে ইংল্যান্ডের জয়ের সমীকরণ নেমে আসে ২৭ রানে। শাহীনের করা ১৭তম ওভারে আসে ১৭ রান। হ্যারি ব্রুক ছুঁয়ে ফেলেন সেঞ্চুরি, মাত্র ৫০ বলে। সেঞ্চুরি হাঁকানোর পরেই অবশ্য থেমেছেন। ৫১ বলে ১০০ রানের অনবদ্য এক ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন ব্রুক। শেষ ৩ ওভারে দরকার ছিল ১০ রান। ১৯তম ওভারে ২৩ বলে ২৮ রান করে আউট হন উইল জ্যাকস। সাজঘরে ফিরে যান জেমি ওভারটনও। জমে যায় ম্যাচ। শেষ ওভারে দরকার ছিল ৩ রান। প্রথম বলে ৪ মেরে ইংল্যান্ডকে জেতান আদিল রশিদ। হাঁফ ছেড়ে বাঁচেন ইংলিশ সমর্থকরা। ৫ বল হাতে রেখে ২ উইকেটে জিতেছে ইংল্যান্ড।   পাকিস্তানের হয়ে ৪ উইকেট শিকার করেছেন শাহীন শাহ আফ্রিদি। ২টি করে উইকেট নেন উসমান তারিক এবং মোহাম্মদ নওয়াজ।

মো: দেলোয়ার হোসাইন ফেব্রুয়ারি ২৫, ২০২৬ 0
ছবি : সংগৃহীত
মাদ্রাসার ক্রিকেটারদের সুখবর দিল বিসিবি

নতুন পরিচালনা পর্ষদ গঠিত হওয়ার পরই গত অক্টোবরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন তারা প্রথমবারের মতো মাদ্রাসা ক্রিকেট চালু করবেন। আসিফ আকবরও আজ কথা বলেছেন এই বিষয়ে। মাদ্রাসার ক্রিকেটারদের দিলেন বড় সুখবর। আগামী মাস থেকেই মাদ্রাসা ক্রিকেট চালু করা হচ্ছে বলে জানিয়েছেন বিসিবির এই পরিচালক।   সোমবার বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব পেয়েছেন আসিফ আকবর। নতুন দায়িত্ব নেওয়ার পরই তৃণমূল পর্যায়ে ক্রিকেট চালুর ইঙ্গিত দিয়েছেন তিনি। আজ গণমাধ্যমের এক পডকাস্টে তিনি বলেন, ‘আমরা আগামী মাস থেকেই স্কুল ক্রিকেট, মাদ্রাসা ক্রিকেট শুরু করে দেব। এরপর শুরু হয়ে যাবে আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট। আমাদের তো খেলোয়াড় ও কোচ আছে যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে। আফগানিস্তান, পাকিস্তান এমনকি ভারতেও দেখবেন মাদ্রাসার থেকে অনেক খেলোয়াড় উঠে আসছে। মাদ্রাসার বড় বড় মাঠও থাকে। তাদের বিনোদন কি শুধু হোস্টেলে বন্দী থাকা? আমরা চাচ্ছি ক্রিকেটটা বয়সভিত্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে। বাচ্চাদের পরীক্ষা থাকে তো সেগুলো আমরা দেখে সূচি ঘোষণা করব।’   গত বছরের অক্টোবরে নির্বাচনের পর বিসিবির বয়সভিত্তিক গ্রুপের প্রধানের দায়িত্ব পেয়েছিলেন আসিফ আকবর। সেই দায়িত্ব পাওয়ার অল্প সময়ের মধ্যেই (নভেম্বরে) জাহানারা আলম বিসিবির নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছিলেন। জাহানারার উত্থাপিত অভিযোগের পর তদন্ত কমিটি গঠন করে ফল আসতে প্রায় তিন মাস লেগেছে। পরশু বোর্ড সভার পর মঞ্জুকে আজীবন নিষিদ্ধ করেছে বিসিবি। দায়িত্ব পাওয়ার পরপরই জাহানারার এই ঘটনায় বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন আসিফ আকবর।   জাহানারা ইস্যু টেনে আসিফ আকবর বলেন, ‘একটা বিচার প্রক্রিয়া তো সময় লাগে। এখন তো বিচার হলো। মঞ্জুকে বিসিবি নিষিদ্ধ ঘোষণা করল। কোনো মামলা যেহেতু হয়নি এটা বাকি সিদ্ধান্ত কোর্টের। যেহেতু মামলা হয়নি এটা আমাদের আলোচনার বিষয় না। তো এই ধরনের অহেতুক ঝামেলাগুলো আমরা পড়েছি।   গত কয়েক দিনে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে অনেক কথাবার্তা চলছে। আজ আসিফ আকবর জানিয়েছেন, সাকিবের ফাইল গেছে মন্ত্রণালয়ে। পাকিস্তান সিরিজ দিয়ে সাকিবের ফেরার সম্ভাবনা আরও একটু জোরালো হলো। ১১, ১৩ ও ১৫ মার্চ হবে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

মো: দেলোয়ার হোসাইন ফেব্রুয়ারি ২৫, ২০২৬ 0
Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

দেশের বাইরে পড়ার জীবনটা যেমন

দেশের বাইরে মানুষকে পড়তে আসা উচিত কি না—এ নিয়ে ধর্মীয়, সামাজিক, ব্যক্তিগত নানা মত আছে। তবে আমার বিশ্বাস, সুযোগ থাকলে জীবনে একবার হলেও দেশের বাইরে পড়াশোনা করা উচিত। বিদেশে পড়লে একজন মানুষের দৃষ্টিভঙ্গি বদলায়, সে নতুন অভিজ্ঞতা অর্জন করে। চাইলে বিদেশে চাকরি করতে পারে, আবার চাইলে দেশে ফিরে অবদান রাখতে পারে—সেটলড হওয়াই একমাত্র লক্ষ্য নয়। কিন্তু যেটাই করুক, সে যে অভিজ্ঞতা বয়ে নিয়ে যায় সেটা অমূল্য হয়ে থাকে। তার দুনিয়াকে দেখার চোখ অন্যদের থেকে আলাদা হবে।    অনেকেই দেশে হোস্টেলে থেকেছেন, বাবা–মা থেকে দূরে থেকেছেন। কিন্তু বিদেশে এসে যে ধাক্কাটা লাগে, সেটা আলাদা। এখানে সবই একা সামলাতে হয়। অসুস্থ হলে মাথায় নিজেই পানি দিতে হয়। হাজারো চ্যালেঞ্জ, হাজারো স্ট্রাগল—সব একা নিজের কাঁধে বয়ে বেড়াতে হয়।   দেশে একা থাকা আর বিদেশে একা থাকার তফাৎ এখানেই। দেশে জুতা ছিঁড়লে মুচি আছে, বিদ্যুৎ গেলে মেকানিক আছে, গাড়ি নষ্ট হলে সাহায্য মিলবে, রান্নার জন্য বুয়া পাওয়া যাবে। কিন্তু বিদেশে জুতা সেলাই করতে যে টাকা লাগে, তা দিয়ে নতুন দুই জোড়া কিনে ফেলা যায়। শেফ রাখতে চাইলে তার বেতনই আপনার বেতনের চেয়ে বেশি হতে পারে। তাও দেশি স্বাদের রান্না নাও আসতে পারে।   এখানে এসে আমি নিজের সাইকেলের চাকা নিজেই ঠিক করেছি ইউটিউব দেখে, জুতা নিজে সেলাই করেছি, গাড়ি নষ্ট হলে নিজে শিখে ঠিক করেছি। রান্না শিখেছি—কারণ বছরের পর বছর নিজের হাতের রান্নাই খেতে হয়। এসব তো কেবল কয়েকটা উদাহরণ; সব বলতে গেলে বই হয়ে যাবে।   কঠিন পড়াশোনা আর গবেষণার পাশাপাশি বেঁচে থাকার প্রয়োজনে আরও শত স্কিল শিখতে হয়। চ্যালেঞ্জ যতই থাকুক, মানুষ প্রতিকূল পরিবেশে টিকে থাকতে শিখে। সময়ের সঙ্গে সঙ্গে সব সহজ হয়ে আসে। আর এসব সংগ্রাম—এসবই মানুষকে শক্তিশালী, সক্ষম ও পরিণত করে তোলে। তাই প্রবাসজীবনে সমস্যা যেমন আছে, তেমনি আছে অসংখ্য সুযোগ ও ইতিবাচক দিক।   দেশে আমার পরিচিত অসংখ্য বন্ধু–পরিচিত ‘বেকার’। রূপক অর্থে বেকার। অর্থাৎ চাকরি থাকলেও তারা কাজকে অর্থবহ মনে করে না, নিজের কর্মজীবন নিয়ে গর্বিত হতে পারে না। বড় চাকরি, ছোট চাকরি, ব্যবসা—সব ক্ষেত্রেই বেশিরভাগ মানুষ সন্তুষ্ট না নিজের কাজ নিয়ে, না নিজের জীবনের মান নিয়ে।   কিন্তু বিদেশে এই বিষয়টা তুলনামূলক কম। এখানে নিজের পছন্দের কাজ খুঁজে পাওয়ার সুযোগ অসীম—যদি আপনি সেই কাজের স্কিল শিখে নিতে পারেন। ক্যারিয়ারের মাঝপথে হঠাৎ মনে হলে যে আপনি অন্য কিছু করতে চান—এখানে সেটা ভাবার সাহস মানুষ দেখাতে পারে। নিজের জীবন নতুনভাবে গড়া এখানে সম্ভব।   এখানে আপনাকে আপনার কাজ দিয়েই বিচার করা হবে। ব্যক্তিজীবন নিয়ে খুব কমই মানুষ মাথা ঘামায়। রেসিজম আছে ঠিকই—কিন্তু ক্ষমতার অপব্যবহার, কাউকে ‘কেনা গোলাম’ ভাবার প্রবণতা এখানে বিরল। আপনি নিজের কাজ ঠিকঠাক করলে কারো কাছে তোষামোদ করতে হবে না। নিজের আত্মসম্মান বিক্রি করতে হবে না। এই পরিবেশ জীবনকে কম টক্সিক করে তোলে।   বাংলাদেশে তো পাসপোর্ট অফিসের পিয়নকেও ‘স্যার’ বলতে হয় ফাইলটা একটু ভেতরে ঢোকানোর জন্য—যা আমরা শ্রদ্ধা থেকে বলি না, বাধ্য হয়ে বলি।   দেশে–বিদেশে কোথাও প্রতিদিন অসাধারণ লাগবে না। কিন্তু প্রতিদিন অন্তত মনে হওয়া উচিত—আপনি কোনো অর্থবহ কাজে যুক্ত আছেন। যদি সেটা না হয়, তাহলে নিজের কাজ, নিজের স্থান, নিজের পরিবেশ—সবই নতুন করে ভাবার সময় এসেছে।   আপনি যদি নিজের কাজ নিয়ে, নিজের জায়গা নিয়ে, নিজের অবদান নিয়ে গর্ব করতে পারেন—তাহলে দেশে পরিবার–পরিজন নিয়ে জীবন কাটানোই শ্রেয়। আর সময়–সুযোগ পেলে একবার বিদেশে অভিজ্ঞতা নেওয়া যেতে পারে—জব করে, মাস্টার্স বা পিএইচডি করে, কিংবা কিছুদিন ভ্রমণ করে। তবে দয়া করে—ব্যাচেলর/অনার্স লেভেলের পড়াশোনায় সন্তানকে বিদেশে পাঠাবেন না। আর ব্যাংক লোন নিয়ে বিদেশ ভ্রমণ করতে যাবেন না—এটা বাড়াবাড়ি।   লেখক : সাকলাইন মোস্তাক, পিএইচডি শিক্ষার্থী, যুক্তরাষ্ট্র

সপ্তাহের সেরা

ছবি : সংগৃহীত
জাতীয়

ঈদুল ফিতরে টানা ১০ দিনের ছুটির সুযোগ

মো: দেলোয়ার হোসাইন ফেব্রুয়ারি ২৩, ২০২৬ 0