ফুটবল

ছবি : সংগৃহীত
সমালোচনার মুখে ফিজিওথেরাপিস্ট নিয়োগ দিলো বাফুফে

সমালোচনার মুখে শেষ মুহূর্তে নারী দলের জন্য অস্ট্রেলিয়ায় স্থানীয় বাংলাদেশি ফিজিওথেরাপিস্ট নিয়োগ দিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে হঠাৎ করেই অসুস্থ হযে পড়েন ফিজিও থেরাপিস্ট জাকিয়া রহমান। তার অনুপস্থিতিতে হন্যে হয়ে ফিজিও খোঁজায় নামে ফেডারেশন। যদিও সভাপতির দাবি ফিজিও নেই এটা নাকি তিনি জানতেন না। এ থেকেই আঁচ করা যায় ফেডারেশনের মাঝে সমন্বয়হীনতা কতটুকু! এতবড় একটা আসরের আগে এমন বেহাল দশা! শেষ মুহুর্তে অস্ট্রেলিয়ায় বসবাসরত ইসনাদ জামকনকে নিয়োগ দিয়েছে বাফুফে। তার সঙ্গে মানিয়ে নিয়ে লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে বাংলাদেশ দল। এদিকে প্রস্তুতি ম্যাচে ফুটবলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ পিটার বাটলার। ছোটখাটো ঘটতির জায়গাগুলো নিয়ে কাজ করছেন কোচ। কখনো তীব্র রোদ আবার ভারী বৃষ্টি। সিডনির এমন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হলেও ইতিহাস গড়ার মঞ্চে নামার আগে প্রতিবন্ধকতা জয়ের লক্ষ ফুটবলারদের। বাংলাদেশের অভিজ্ঞ ডিফেন্ডার শিউলি আজিম বলেন, ‘এখানে অনেক গরম, আসার পর আমরা মানিয়ে নিয়েছি। এখন আবার বৃষ্টি হচ্ছে। আগের চেয়ে অনেকটাই মানিয়ে নিয়েছি।’ আগামী ৩রা মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ অভিযানে নামে বাংলাদেশ।

মো: দেলোয়ার হোসাইন ফেব্রুয়ারি ২৮, ২০২৬ 0
সংগৃহীত ছবি
ভিনিসিয়ুসের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগে ৫ সমর্থক নিষিদ্ধ

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে বর্ণবাদী আচরণের অভিযোগে পাঁচ সমর্থককে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বেনফিকা। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, অভ্যন্তরীণ তদন্তের পর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সর্বোচ্চ শাস্তি হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধও হতে পারেন। গত ১৭ ফেব্রুয়ারি লিসবনের স্টেডিয়াম অব লাইটে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের পর কয়েকজন সমর্থককে গ্যালারিতে বানরসুলভ অঙ্গভঙ্গি করতে দেখা যায়। বিবৃতিতে বেনফিকা জানায়, ‘ম্যাচের পর গ্যালারিতে বর্ণবাদী ও অনুপযুক্ত আচরণের ঘটনায় তদন্ত শুরু করা হয়। ক্লাবের মূল্যবোধ ও নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এমন আচরণ আমরা মেনে নেই না।’ চ্যাম্পিয়নস লিগ প্লে-অফের প্রথম লেগের সেই ম্যাচে ১০ মিনিট খেলা বন্ধ ছিল। রিয়ালের তারকা ভিনিসিয়ুস জুনিয়র অভিযোগ করেন, তাকে বর্ণবাদী মন্তব্য করা হয়েছে।রেফারি তখন বর্ণবাদবিরোধী প্রোটোকল চালু করেন। অভিযোগের তীর ছিল বেনফিকার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির দিকে। তবে আর্জেন্টাইন উইঙ্গার অভিযোগ অস্বীকার করেছেন। ক্লাবও তাকে সমর্থন দিয়ে বলেছে, তিনি ‘মানহানির শিকার’ হয়েছেন। এই ঘটনার পর দ্রুত তদন্ত শুরু করে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউয়েফা। প্রেস্তিয়ান্নিকে সাময়িকভাবে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করে। নিষেধাজ্ঞার কারণে বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগের ম্যাচে খেলতে পারেননি তিনি।  বার্নাব্যুতে ফিরতি লেগে ৩ হাজারের বেশি বেনফিকা সমর্থক উপস্থিত ছিলেন। ম্যাচের শুরুতে ভিনিসিয়ুস বল ছুঁলেই তাকে দুয়ো দেওয়া হয়, এমনকি শুরুর একাদশে তার নাম ঘোষণার সময়ও শিস শোনা যায় গ্যালারি থেকে। প্রথম লেগে লিসবনে ১-০ ব্যবধানে জেতার পর, ঘরের মাঠে ২-১ গোলের জয়ে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। 

মারিয়া রহমান ফেব্রুয়ারি ২৮, ২০২৬ 0
ছবি : সংগৃহীত
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর টিকিট কাটল যারা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্লে-অফের ফিরতি লিগ সম্পন্ন হয়েছে গত দু’দিনে। যেখানে ৮টি দল শেষ ষোলো এবং সমান সংখ্যক ক্লাব বিদায় নিয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই, টানটান উত্তেজনা ও অবিশ্বাস্য কামব্যাক– কী ছিল না সেখানে। ১৬ দলের লড়াই শেষে চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড শিরোপাধারী রিয়াল মাদ্রিদ, পিএসজি, নিউক্যাসলের মতো ক্লাব যেমন পরের রাউন্ডে উঠেছে; তেমনি চমক দেখিয়েছে অভিষেক আসর খেলতে নামা বোডো/গ্লিমট কিংবা আটালান্টাও।   অন্যদিকে, জায়ান্টদের মধ্য থেকে ইন্টার মিলান, জুভেন্তাস ও বরুসিয়া ডর্টমুন্ডের মতো ক্লাবগুলো ছিটকে গেছে প্লে-অফ থেকে। ইতালির একমাত্র ক্লাব হিসেবে টিকে আছে আটালান্টা। গত দু’দিনে অনুষ্ঠিত প্লে-অফের ফিরতি লিগ থেকে শেষ ষোলোয় জায়গা পাওয়া ৮টি দল হচ্ছে– রিয়াল মাদ্রিদ, অ্যাতলেটিকো মাদ্রিদ, পিএসজি, নিউক্যাসল ইউনাইটেড, বায়ার লেভারকুসেন, বোডো/গ্লিমট, আটালান্টা ও গালাতাসারেই।   রিয়াল মাদ্রিদ ও বেনফিকার লড়াইটি ছিল নাটকীয়। পর্তুগিজ ক্লাবটির কোচ হোসে মরিনিয়ো ও বর্ণবাদের দায়ে ফুটবলার প্রেস্তিয়ান্নি ছিলেন না। তার ওপর বেনফিকা প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল, এবার সান্তিয়াগো বার্নাব্যুতে তাদের ২-১ গোলে হেরে ৩-১ অ্যাগ্রিগেটে বিদায় নিশ্চিত হয়েছে। পিএসজি ও মোনাকোর লড়াইয়ে লড়াই জমে উঠেছিল শেষদিকে। স্টপেজ টাইমে দেওয়া গোলে ২-২ সমতায় খেলা শেষ হলেও, পিএসজি উৎরে গেছে ৫-৪ অ্যাগ্রিগেটের সুবাদে।   জুভেন্তাস ও গালাতাসারের লড়াইটাও ছিল রোমাঞ্চকর। প্রথম লেগে ৫-২ ব্যবধানে এগিয়ে ছিল তুরস্কের ক্লাব গালাতাসারে। গতকাল ফিরতি লেগে নেমে আগের তিন গোলের ব্যবধান ঘুচিয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে নিলেও শেষ রক্ষা হলো না জুভেন্তাসের। ৩-২ স্কোরলাইন নিয়ে খেলা শেষ করলেও দুই লেগ মিলিয়ে ৭-৫ ব্যবধানে অ্যাগ্রিগেটে পিছিয়ে ছিল। গালাতাসারে অবশ্য এদিন গোলটি দুটি পায় শেষদিকে। যা বিদায় ঘটিয়ে দেয় ইতালিয়ান ক্লাব জুভেন্তাসের।        এ ছাড়া প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে ২-০ গোলে হারা আটালান্টা গতকাল ঘরের মাঠে জিতেছে ৪-১ গোলে। ৪-৩ গোলের অগ্রগামিতায় ইতালিয়ান দলটি শেষ ষোলোয় উঠেছে। এর আগের দিন প্লে-অফ থেকে শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেছিল অ্যাতলেটিকো মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, নিউক্যাসল ইউনাইটেড ও বোডো/গ্লিমট। এর মধ্য দিয়ে ১৬ দল নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর স্লট পূর্ণ হলো। শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার।   চ্যাম্পিয়ন্স লিগের চলমান আসরে পয়েন্ট টেবিলের শীর্ষ আটে থেকে আগেই সরাসরি শেষ ষোলো বা নকআউট পর্ব নিশ্চিত করেছিল– আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং সিপি ও ম্যানচেস্টার সিটি।

মো: দেলোয়ার হোসাইন ফেব্রুয়ারি ২৬, ২০২৬ 0
মেক্সিকোর একটি মাঠে ফুটবল ম্যাচ। ছবি: সংগৃহীত
বিশ্বকাপের আগেই ফুটবলের গুরুত্বপূর্ণ ৪ ম্যাচ স্থগিত

মেক্সিকোর শক্তিশালী এক মাদক কার্টেলের প্রধান সেনা অভিযানে নিহত হওয়ার পর দেশটির চারটি গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচ স্থগিত করা হয়েছে। বিশ্বকাপ ২০২৬–এর আয়োজক শহর গুয়াদালাহারার কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার পুরুষদের শীর্ষ লিগের কেরেতারো বনাম হুয়ারেজ এবং নারীদের লিগের চিভাস বনাম আমেরিকা ম্যাচ স্থগিত করা হয়েছে। পাশাপাশি দ্বিতীয় বিভাগের আরও দুটি ম্যাচ বাতিল করা হয়েছে। মেক্সিকান ফুটবল ফেডারেশন জানিয়েছে, বুধবার কেরেতারোর কোরেগিদোরা স্টেডিয়ামে নির্ধারিত মেক্সিকো ও আইসল্যান্ডের আন্তর্জাতিক প্রীতি ম্যাচও বাতিল করা হয়েছে। মেক্সিকোর সেনাবাহিনী জানিয়েছে, এল মেনচো নামে পরিচিত নেমেসিও রুবেন ওসেগুয়েরা কারভেন্টাস এবং জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের প্রধান নিহত হয়েছেন। তাকে জালিস্কোর তাপালপা এলাকায় আহত অবস্থায় আটক করা হয়। পরে রাজধানী মেক্সিকো সিটিতে নেওয়ার পথে তিনি মারা যান। তার মৃত্যুর পর কার্টেল সদস্যরা প্রায় এক ডজন অঙ্গরাজ্যে গাড়ি পুড়িয়ে সড়ক অবরোধ করে। জালিস্কোর রাজধানী গুয়াদালাজারায় আগামী জুনে ফিফা ওয়াল্ড কাপ-২০২৬০এর চারটি ম্যাচ আয়োজনের সূচিতে রয়েছে। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার দুটি ম্যাচও আছে। টুর্নামেন্টের আয়োজক দেশ মেক্সিকো ছাড়াও স্পেন, উরুগুয়ে ও কলম্বিয়া এই ভেন্যুতে খেলবে। ম্যাচগুলো আক্রোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জালিস্কো কার্টেলকে মেক্সিকোর সবচেয়ে শক্তিশালী অপরাধচক্র হিসেবে বিবেচনা করা হয়। প্রায় ১৯ হাজার সদস্যের এই সংগঠনটি দেশের ৩২টি অঙ্গরাজ্যের মধ্যে ২১টিতে কার্যক্রম পরিচালনা করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সংগঠনটিকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করেছিল। এদিকে, গেরেরো অঙ্গরাজ্যের আকাপুলকোতে জিএনপি এরেনায় সোমবার থেকে শুরু হচ্ছে এটিপি টেনিস টুর্নামেন্ট মেক্সিকান ওপেন। আয়োজকরা জানিয়েছেন, টুর্নামেন্ট স্বাভাবিকভাবেই চলবে।

মারিয়া রহমান ফেব্রুয়ারি ২৩, ২০২৬ 0
ছবি : সংগৃহীত
যেভাবে মাতৃভাষা দিবস স্মরণ করল ফিফা

সারা বিশ্বে আজ (২১ ফেব্রুয়ারি) পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২ সালের এই দিনে সালাম, বরকত, রফিক, শফিউর ও জব্বারসহ নাম না জানা অনেকে প্রাণ দিয়েছেন। ক্রীড়াঙ্গন–ও মহান শহীদ ও মাতৃভাষা দিবস বিশেষভাবে পালন করছে। ফিফা বিশ্বকাপের ফেসবুক পেজ থেকে অংশ নিয়েছে মাতৃভাষা দিবসে। কানাডিয়ান প্রবাসী বাংলাদেশি তারকা ফুটবলার সামিত সোমের ছবি দিয়ে তারা ক্যাপশনে লিখেছে– ‘ভিন্ন ভাষায় একই আবেগ।’ পাশে ফুটবল ও ভালোবাসার ইমোজি দেওয়া হয়েছে। আর সামিতের ছবিতেও বাংলা ভাষায় লেখা হয়– ‘ফুটবলই আমাদের ভাষা।’ অর্থাৎ, বাংলা ভাষার মাধ্যমে ফুটবলেরও নিজস্ব ভাষা আছে সেটাই স্মরণ করিয়ে দিলো ফিফা। অবশ্য ফিফার ওই পোস্ট দেওয়া হয়েছে প্রাইভেসি ‘কাস্টম’ করে, কেবল বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা সম্ভবত পোস্টটি দেখতে পারবেন। যুক্তরাজ্য প্রবাসী হামজা চৌধুরীর পথ ধরে আরও বেশ কয়েকজন ফুটবলার বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন। বিশ্বফুটবলে তারা নতুন করে তুলে ধরছেন লাল-সবুজের পতাকা। তারই প্রতীকি চিত্র ফুটে উঠল ফিফা বিশ্বকাপের পেজে সামিত সোমের ছবি ব্যবহারে! এর আগে বাংলাদেশের নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক শহীদদের শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষ্যে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। যাদের আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের মাতৃভাষার অধিকার, তাদের স্মৃতি চিরদিন বাঙালির হৃদয়ে অম্লান হয়ে থাকবে। শহীদদের রক্তে রাঙানো একুশ আমাদের গৌরব, আমাদের পরিচয়।’ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), ‘তারুণ্যের নব চেতনায় একুশ রবে সকলের অনুপ্রেরণায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’  

মোঃ ইমরান হোসেন ফেব্রুয়ারি ২১, ২০২৬ 0
নেইমার। ছবি : সংগৃহীত
এবার অবসরের দিনক্ষণ নিয়ে মুখ খুললেন নেইমার

সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের। সেই প্রভাবটা পড়েছে তার ক্যারিয়ারেও। যে কারণেই এবার ৩৪ বছর বয়সে ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়েছেন সাবেক বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড। সম্প্রতি ব্রাজিলের অনলাইন চ্যানেল কেজ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, চলতি বছরের শেষেই তিনি ফুটবল থেকে অবসর নিতে পারেন। মূলত ক্যারিয়ারজুড়ে একের পর এক চোট এবং বর্তমান ফিটনেস সমস্যাই তাকে এমন কঠিন সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে। গত বছরের জানুয়ারিতে সৌদি ক্লাব আল হিলাল থেকে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ এ বছরের ডিসেম্বর পর্যন্ত রয়েছে। গত বছর চোট নিয়ে খেলে সান্তোসকে অবনমন থেকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এর জন্য তাকে শারীরিক বড় মূল্য দিতে হয়েছে। ডিসেম্বরে বাঁ হাঁটুতে অস্ত্রোপচারের পর দীর্ঘ বিরতি কাটিয়ে গত ১৬ ফেব্রুয়ারি ভেলো ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে তিনি মাঠে ফেরেন। তবে নেইমার স্বীকার করেছেন, পূর্ণ ফিট না হওয়ায় তাকে কিছুটা সাবধানে খেলতে হচ্ছে। ২০২৬ বিশ্বকাপে খেলা নেইমারের অন্যতম বড় লক্ষ্য। তবে ২০২৩ সালের অক্টোবরের পর চোটের কারণে তিনি আর ব্রাজিলের জার্সিতে মাঠে নামতে পারেননি। কোচ কার্লো আনচেলত্তি তার জন্য জাতীয় দলের দরজা খোলা রাখলেও শর্ত দিয়েছেন পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার। নেইমার নিজেও মনে করেন, বর্তমান অবস্থায় বিশ্বকাপে জায়গা করে নেওয়া এক ‘বড় চ্যালেঞ্জ’। নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে নেইমার বলেন, ‘আগামী বছর কী হবে আমি জানি না। সম্ভবত ডিসেম্বর এলে আমি অবসর নিতে চাইব। এখন আমি কেবল এ বছরটি নিয়ে ভাবছি।’ তিনি আরও যোগ করেন, ক্যারিয়ারের বিষয়ে শেষ পর্যন্ত তার হৃদয়ের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার ১২৮ ম্যাচে ৭৯টি গোল করেছেন। ইউরোপীয় ফুটবলে বার্সেলোনার হয়ে ট্রেবল জয়ের পাশাপাশি পিএসজির হয়েও অসংখ্য শিরোপা জিতেছেন তিনি। এর আগে তিনটি বিশ্বকাপে অংশ নেওয়া এই তারকা ফুটবলার এ মৌসুমে নিজের শতভাগ দিয়ে খেলতে মুখিয়ে আছেন। উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ‘সি’ গ্রুপের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। নেইমার যদি সত্যিই ডিসেম্বরে অবসরের সিদ্ধান্ত নেন, তবে তার আগে শেষবারের মতো বিশ্বকাপের মঞ্চে নিজেকে রাঙিয়ে নেওয়ার চেষ্টা করবেন এই ফরোয়ার্ড।

মারিয়া রহমান ফেব্রুয়ারি ২১, ২০২৬ 0
কক্সবাজারে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর । ছবি : সংগৃহীত
কক্সবাজারে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জার্মানির সাবেক ফুটবল তারকা মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে নেকমেতিন বিলাল এরদোয়ানকে বহনকারী গাড়ির বহর।   রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া কুতুপালং এলাকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওজিল কিংবা প্রতিনিধি দলের কেউ আহত হননি। তবে বহরে থাকা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহত চালকের নাম-পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়ার শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানের গাড়ির বহরটি ভিআইপি প্রোটোকল ভেঙে হঠাৎ একটি মোটরচালিত অটোরিকশা ঢুকে পড়ে। এতে গাড়ির সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়। অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত অটোরিকশার চালক স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মোঃ ইমরান হোসেন ফেব্রুয়ারি ২০, ২০২৬ 0
সংগৃহীত ছবি
ম্যান সিটি-আতলেতিকোর পর ইন্টারকে হারিয়ে ইতিহাসের পথে নরওয়ের অখ্যাত ক্লাব

নরওয়ের আর্কটিক বৃত্তে রূপকথার আরেক অধ্যায় লিখল অখ্যাত ক্লাব বোদো/গ্লিম্ট। এবার তাদের শিকার ইতালির জায়ান্ট ইন্টার মিলান। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে শক্তিশালী ইন্টারকে ৩-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে চমক দিল নরওয়েজিয়ান ক্লাবটি। নিজেদের দেশের লিগে এখনো অফ-সিজন চলছে বোদোর। তবু মাঠে তাদের তেজ-দাপট ছিল পুরোদস্তুর প্রতিযোগিতামূলক। গত মাসে ম্যানচেস্টার সিটি ও আতলেতিকো মাদ্রিদকে হারানোর পর এবার ইন্টার মিলানকেও কাবু করল তারা।  ম্যাচের ২০ মিনিটে কৃত্রিম টার্ফের মাঠে এগিয়ে যায় স্বাগতিকরা। কাসপার ওয়ার্টস হগের চমৎকার ব্যাকহিল থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন সন্ড্রে ফেট। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি ইন্টার। ফ্রানচেসকো পিও এসপোসিতোর জোরালো শটে সমতা ফেরে। এরপর ৬১ মিনিটে পাল্টা আক্রমণে আবার এগিয়ে যায় বোদো। হগের পাস থেকে বাঁ দিক দিয়ে ঢুকে ইয়েন্স পেটার হাউগে দুর্দান্ত বাঁ-পায়ের শটে বল জালে জড়ান। এর তিন মিনিটের মাথায় ওলে দিদরিক ব্লমবার্গের পাস থেকে সহজ গোলে দলের জয় নিশ্চিত করেন হগ।  সেরি আ’তে আট পয়েন্টে শীর্ষে থাকা এবং গত তিন মৌসুমে দুবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা ইন্টার মিলানকে আর্কটিক বৃত্তে এভাবেই সাধারণ এক দলে পরিণত করল বোদো/গ্লিম্ট। 

মারিয়া রহমান ফেব্রুয়ারি ১৯, ২০২৬ 0
ছবি : সংগৃহীত
শিরোপার দৌড়ে ফের হোঁচট খেল আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে দুই গোলের লিড নিয়েও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি শীর্ষে থাকা আর্সেনাল। রোমাঞ্চকর লড়াইয়ে উলভের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মিকেল আর্তেতার দল। ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকলেও, এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান এখন মাত্র পাঁচ পয়েন্ট। সিটি পরের ম্যাচ জিতলে সেই ব্যবধান কমে দাঁড়াবে তিনে।   উলভসের মাঠ মোলিনাক্সে বুধবার রাতে প্রথমার্ধেই এগিয়ে যায় আর্সেনাল। বিরতির আগে ১-০ লিড নেওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুর দিকে আরও একটি গোল করে তারা ব্যবধান বাড়ায়। তবে এরপর ম্যাচের মোড় ঘুরে যায়। স্বাগতিকরা দুটি গোল শোধ করে সমতায় ফেরে। যোগ করা সময়ে আর্সেনাল ডিফেন্ডারের আত্মঘাতী গোলেই ২-২ সমতা আসে এবং পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য হয় গানাররা।   আর্সেনালের হয়ে গোল করেন বুকায়ো সাকা ও পিয়েরো ইনকাপিয়ে। অন্যদিকে উলভসের হয়ে একটি গোল করেন হুগো বুয়েনো, আর সমতার গোলটি আসে রিকার্দো কালাফিওরির আত্মঘাতী প্রচেষ্টায়।   টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারানোয় শিরোপা দৌড়ে চাপে পড়েছে আর্সেনাল। ম্যাচ শেষে হতাশা প্রকাশ করে সাকা বলেন, প্রথম ও দ্বিতীয়ার্ধে দলের খেলায় স্পষ্ট পার্থক্য ছিল। নিজেদের মান ধরে রাখতে না পারার কারণেই পয়েন্ট খোয়াতে হয়েছে। তিনি আরও জানান, এখন নিজেদের পারফরম্যান্সে উন্নতি করাই প্রধান লক্ষ্য।   একসময় লিগে নয় পয়েন্টে এগিয়ে ছিল আর্সেনাল। কিন্তু পরপর দুটি ড্র তাদের শিরোপা স্বপ্নে অনিশ্চয়তা তৈরি করেছে। অথচ টেবিলের তলানিতে থাকা উলভস এ মৌসুমে মাত্র একটি ম্যাচ জিতেছিল।   ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা আর্সেনাল পঞ্চম মিনিটে সাকার হেডে এগিয়ে যায়। ৫৬ মিনিটে ইনকাপিয়ে দারুণ এক শটে ব্যবধান দ্বিগুণ করেন। তবে কয়েক মিনিটের মধ্যেই দূরপাল্লার বাঁকানো শটে গোল করে ব্যবধান কমান বুয়েনো। শেষদিকে টম এডোজির শট ক্রসবারে লেগে ফিরে এলে তা কালাফিওরির গায়ে লেগে জালে ঢুকে যায়, আর তাতেই নিশ্চিত হয় ড্র।

মো: দেলোয়ার হোসাইন ফেব্রুয়ারি ১৯, ২০২৬ 0
আমিনুল হক। ছবি : সংগৃহীত
প্রথম দিনই ক্রীড়া প্রতিমন্ত্রীর ৯ কর্মসূচি

মঙ্গলবার বিকেলে নতুন সরকারের মন্ত্রীগণ শপথ গ্রহণ করেছেন। আজই প্রথম সচিবালয়ে অফিস করেছেন তারা। প্রথম দিনে সাধারণত কর্মকর্তা-কর্মচারীদের সাথে মত বিনিময় বা কুশলাদি হয়ে থাকে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নিজের প্রথম কার্য দিবসে মন্ত্রণালয় থেকে নয়টি কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। ক্রীড়া মন্ত্রণালয়ের কোন প্রতিষ্ঠান কোনটা বাস্তবায়ন করবে সেই তালিকাও প্রকাশ করা হয়েছে।   সাবেক জাতীয় ফুটবলার আমিনুল হক গত দেড় বছর থেকেই ক্রীড়াঙ্গন নিয়ে তার স্বপ্নের কথা বলে আসছিলেন। তার দল বিএনপির ইশতেহারেও ক্রীড়াঙ্গনের প্রতিফলন ছিল। আজ প্রথম কর্ম দিবসেই তিনি তার পরিকল্পনা বাস্তবায়নের আনুষ্ঠানিক পদক্ষেপ নিয়েছেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে আছে চারটি ক্রীড়া সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া পরিদপ্তর, বিকেএসপি, ক্রীড়া কল্যাণসেবী ফাউন্ডেশন। ক্রীড়া প্রতিমন্ত্রীর নয়টি কর্মসূচি এই চার অধীনস্থ সম্বলিতভাবে বাস্তবায়নের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেছে। ফুটবল, ক্রিকেটের বাইরে দেশের অন্য সকল খেলোয়াড়রা তেমন সুযোগ-সুবিধা পান না। এজন্য তিনি জাতীয় দলে সকল খেলোয়াড়কে বেতনের আওতায় আনতে চান এবং খেলাকে পেশা হিসেবে স্বীকৃতি প্রদানের চেষ্টা করছেন। এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া অনুবিভাগ-১ ও ২ , জাতীয় ক্রীড়া পরিষদ ও বিকেএসপি। চতুর্থ শ্রেনী থেকে খেলাধূলা বাধ্যতামূলক করার বিষয়টি এই তিন প্রতিষ্ঠান মিলে তদারকি করবে। খেলাধূলার জন্য প্রয়োজন সরঞ্জাম। বাংলাদেশ অধিকাংশ সরঞ্জাম বিদেশ থেকে আনে। দেশে সেই সরঞ্জাম তৈরি এবং সামনে রপ্তানির পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রীর। এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে মন্ত্রণালয় ও ক্রীড়া পরিদপ্তর। খেলোয়াড়দের প্রশিক্ষণ ও খেলার জন্য প্রয়োজন অর্থ দেবে। ফেডারেশনকে সরকার থেকে তেমন আর্থিক অনুদান দেয়া হয় না। পৃষ্ঠপোষকরাও সেভাবে ফেডারেশনের পাশে দাঁড়ায় না। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী বিভিন্ন ব্যাংক ও কর্পোরেট প্রতিষ্ঠানকে একেকটি খেলা কিংবা ফেডারেশনের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করেছেন। এই দায়িত্ব বাস্তবায়ন করবে মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদ। খেলাকে একেবারে তৃণমূল পর্যায়ে নিতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী। এজন্য উপজেলা পর্যায়ে ক্রীড়া অফিস স্থাপন ও ক্রীড়া অফিসার নিয়োগ করতে হবে। ক্রীড়া পরিদপ্তর এই বিষয়টি দেখভাল করবে। ৬৪ জেলায় ইনডোর ভিলেজ স্থাপনের দায়িত্ব বর্তেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানরে কাছে। গতকাল শপথ নেয়ার পর মিরপুর পল্লবীস্থ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আমিনুল। সেখানে তিনি বলেছিলেন ক্রীড়া উন্নয়নে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সবার আগে তিনি ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে বসতে চান। কথা মোতাবেকই কাজ করেছেন। আগামী রোববার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে তিনি সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করবেন। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান এই সংক্রান্ত চিঠি তিন ক্রীড়া সাংবাদিক সংগঠনকে প্রেরণ করেছেন আজ বিকেলে।

মোঃ ইমরান হোসেন ফেব্রুয়ারি ১৮, ২০২৬ 0
সংগৃহীত ছবি
ইয়ামালের পেনাল্টি মিসে বার্সার স্বপ্নভঙ্গ

লা লিগার শীর্ষে ফেরার সুবর্ণ সুযোগ হাতছাড়া করল বার্সেলোনা। ফ্রান বেলত্রানের শেষ মুহূর্তের গোলে জিরোনা ২-১ ব্যবধানে জয় তুলে নিলে কাতালান ডার্বি থেকে হতাশ মুখেই মাঠ ছাড়তে হয় বার্সাকে। জিরোনার মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। বার্সার হয়ে রাফিনিয়া ও লামিনে ইয়ামাল সুযোগ পেলেও গোলের দেখা পাননি। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি পেলেও ইয়ামালের স্পটকিক পোস্টে লেগে ফিরে আসে। বিরতির পর ৫৯ মিনিটে পাউ কুবারসির হেডে এগিয়ে যায় বার্সেলোনা। কিন্তু দুই মিনিটের মধ্যেই থমাস লেমার গোল করে ম্যাচে সমতা ফেরান। এরপর একের পর এক আক্রমণে চাপ বাড়ায় জিরোনা। ম্যাচের ৮৬ মিনিটে ফ্রান বেলত্রান নিচু শটে বল জালে জড়ালে উল্লাসে ফেটে পড়ে স্বাগতিক সমর্থকেরা। বার্সা শিবিরের আপত্তি সত্ত্বেও বহাল থাকে গোল। অতিরিক্ত সময়ে স্বাগতিক খেলোয়াড় জোয়েল রোকা লাল কার্ড দেখলেও ম্যাচের ফল বদলায়নি। এই হারে ২৪ ম্যাচ শেষে ৫৮ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। সমান ম্যাচ খেলে দুই পয়েন্ট এগিয়ে থেকে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ আছে শীর্ষে। অপরদিকে ২৪ ম্যাচ শেষে ২৯ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে আছে জিরোনা। 

মারিয়া রহমান ফেব্রুয়ারি ১৭, ২০২৬ 0
গোলের পর আর্সেনাল তারকার উচ্ছ্বাস। ছবি : এক্স
ছয় বছর পর যে প্রথমের দেখা পেল আর্সেনাল

প্রথম ৩০ মিনিটের মধ্যে চার গোল দিলো আর্সেনাল। লিগ ওয়ানের দল উইগান অ্যাথলেটিককে ৪-০ গোলে বিধ্বস্ত করল তারা। মিকেল আর্তেতার দল ছয় বছরে প্রথমবার এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠে গেলো। এমিরেটস স্টেডিয়ামে ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরের ক্লাবের ওপর আধিপত্য বিস্তার করে খেলেছে গানাররা। ১১ থেকে ২৭- প্রথমার্ধের এই ১৭ মিনিটেই সব গোল হয়েছে। গত বৃহস্পতিবার ব্রেন্টফোর্ডের সঙ্গে ড্র করা দলে আটটি পরিবর্তন আনেন আর্তেতা। তারপরও আক্রমণভাগে ছিলেন বুকায়ো সাকা, এবেরেচি এজে, ননি মাদুয়েকে, গ্যাব্রিয়েল জেসুস ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। তাদের তিনজনই জাল খুঁজে পেয়েছেন। ১১তম মিনিটে মাদুয়েকের গোলে এগিয়ে যায় আর্সেনাল। মার্তিনেল্লি সাত মিনিট পর স্বাগতিকদের ব্যবধান বাড়ান। ২৩ মিনিটে আত্মঘাতী গোল করেন জ্যাক হান্ট। জেসুসের গোলে প্রথম আধঘণ্টাতেই ৪-০ তে এগিয়ে যায় গানাররা। আর্সেনাল আর গোল যোগ করতে পারেনি। কিন্তু একপেশে জয়ে তারা ২০২০ সালের এফএ কাপ জয়ের পর প্রথমবার চতুর্থ রাউন্ড পার করল। ব্রেন্টফোর্ডের বিপক্ষে হতাশাজনক ৪৫ মিনিটের পর হাফটাইমেই এজেকে তুলে নেওয়া হয়েছিল। গত নভেম্বরে টটেনহ্যামের বিপক্ষে তার হ্যাটট্রিকের পর থেকে মাত্র একটি অ্যাসিস্ট, ছিল না কোনো গোল। উইগানের বিপক্ষেও গোলখরা কাটাতে পারেননি, তবে এখানে তিনি ছিলেন আর্সেনালের প্রথম দুটি গোলের কারিগর। এজে পাস বাড়িয়েছিলেন মাদুয়েকেকে। ডান প্রান্ত থেকে ভেতরে ঢুকে পড়ে প্রথম ছোঁয়াতে দারুণ ফিনিশিংয়ে জাল কাঁপাতে কোনো ভুল করেননি মাদুয়েকে। শিগগিরই এজে আবারো চালকের আসনে বসেন। তার পাস ধরে মার্তিনেল্লি স্যাম টিকলকে পরাস্ত করে বল জালে জড়ান। আর্সেনাল তাদের ব্যবধান আরও বাড়ায় পাঁচ মিনিট পর। মরগান ফক্সকে গতিতে পরাস্ত করে মাদুয়েকে পাস দেন সাকাকে। ইংল্যান্ডের এই উইঙ্গারের পুলব্যাক জেসুসের পায়ের আঙুলে লেগে সরে যায় এবং বিভ্রান্ত হয়ে হান্ট নিজের গোলরক্ষককে ফাঁকি দিয়ে হেডে আত্মঘাতী গোল করে বসেন। জেসুস ক্রিশ্চিয়ান নরগার্ডের উপর দিয়ে বাড়ানো লম্বা বল নিয়ন্ত্রণে নেন এবং এগিয়ে আসা টিকলের মাথার ওপর দিয়ে চিপ করে দলের চতুর্থ গোলটি করেন। উইগান লিগ ওয়ানের ২২তম স্থানে রয়েছে, তাদের শেষ সাতটি ম্যাচের মধ্যে ছয়টিতেই হার। অন্তর্বর্তীকালীন কোচ গ্লেন হুইলান হয়তো সবচেয়ে খারাপ কিছুরই আশঙ্কা করছিলেন। কিন্তু তার দল চার গোলের ব্যবধান নিয়েই কোনোমতে বিরতি পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়। তারা একটি গোল শোধ করার সুযোগ পেয়েছিল। কিন্তু জো টেলরের শট কেপা আরিজাবালাগা দক্ষতার সঙ্গে আটকে দেন। সাকার জায়গায় হাফটাইমে ভিক্টর গিওকেরেসকে নামানো হয়। সুইডেনের এই আন্তর্জাতিক তারকা পঞ্চম গোলটি প্রায় করেই ফেলেছিলেন। কিন্তু তার প্রথম ছোঁয়ার ডিফ্লেক্টেড শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর এক ঘণ্টার মাথায় এজে সাইড-নেটে বল মারেন। টিকল এরপর মার্তিনেল্লির কাছ থেকে নেওয়া হেডারটি বাম হাত দিয়ে প্রতিহত করেন। উইগানের গর্বের ব্যাপার যে তারা স্কোরলাইনকে বিশাল হতে দেয়নি। শুরুর ৩০ মিনিটের গোল উৎসবের ম্যাচটি ধীরে ধীরে স্তিমিত হয়ে পড়ে।

মোঃ ইমরান হোসেন ফেব্রুয়ারি ১৬, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
সাউদাম্পটনের কাছে হেরে লেস্টারের বিদায়, হতাশ হামজা

ঘরের মাঠে লিড নিয়েও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারল না লেস্টার সিটি। অতিরিক্ত সময়ে গোল হজম করে এফএ কাপ থেকে বিদায় নিতে হয়েছে হামজা চৌধুরীর ক্লাবকে। ২-১ ব্যবধানে জিতে পঞ্চম রাউন্ড নিশ্চিত করেছে সাউদাম্পটন। ইনজুরির কারণে এদিনও মাঠে নামতে পারেননি বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী।   শনিবার রাতে প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে এগিয়ে যায় সাউদাম্পটন। পেনাল্টি এরিয়ায় স্যামুয়েল এডোজিকে ফাউল করলে স্পট কিকের সুযোগ পায় স্বাগতিকরা। কাইল লারিন সফল শটে দলকে লিড এনে দেন।   বিরতির পর দ্রুতই ম্যাচে ফেরে লেস্টার। আক্রমণের ধার বাড়িয়ে সমতায় ফেরে তারা। অধিনায়কের চমৎকার বাইসাইকেল কিকে জালে বল জড়ালে ১-১ সমতা ফিরে আসে ম্যাচে। এরপর দুই দলই এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময়ে আর গোল হয়নি। ইনজুরি সময়ের শেষদিকে গোললাইনের সামনে দারুণ রক্ষণে লেস্টারকে হতাশ করেন সাউদাম্পটনের নাথান উড।   সমতা নিয়েই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ১৯ মিনিটে ফ্রি কিক থেকে উড়ে আসা বলে জেমস ব্রির শক্ত হেড টপ কর্নারে জাল খুঁজে নেয়। ২-১ ব্যবধানে এগিয়ে যায় সাউদাম্পটন। শেষ পর্যন্ত সেই ব্যবধান ধরে রেখেই জয় নিশ্চিত করে তারা।   অন্য ম্যাচে চমক দেখিয়েছে ম্যানসফিল্ড টাউন। ইংলিশ প্রিমিয়ার লিগের দল বার্নলি-কে ২-১ গোলে হারিয়ে ১৯৭৫ সালের পর প্রথমবারের মতো এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠেছে তারা।   প্রত্যাশিত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। সালফোর্ডকে ২-০ গোলে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে পেপ গার্দিওলার দল। বেঞ্চের কয়েকজনকে সুযোগ দিয়েই জয় তুলে নেয় সিটি।

মো: দেলোয়ার হোসাইন ফেব্রুয়ারি ১৫, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
এফএ কাপের পঞ্চম রাউন্ডে ম্যানচেস্টার সিটি

অবশেষে গোলের দেখা পেলেন মার্ক গেহি।ক্রিস্টাল প্যালেস থেকে জানুয়ারিতে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর নিজের প্রথম গোলের দেখা পাওয়ার দিনে জয় পেয়েছে তার দলও।   তার গোলের সৌজন্যেই আজ শনিবার এফএ কাপের চতুর্থ রাউন্ডে পুঁচকে স্যালফোর্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছে পেপ গার্দিওলার দল। তবে দিনের অন্য ম্যাচে তৃতীয় স্তরের দল ম্যানসফিল্ডের কাছে হেরে বড় অঘটনের শিকার হয়েছে প্রিমিয়ার লিগের দল বার্নলি। নিজেদের ইতিহাদ স্টেডিয়ামে সিটির জয়টা যতটা সহজ হওয়ার কথা ছিল, বাস্তবে হয়েছে তার উল্টো। আলফি ডরিংটনের আত্মঘাতী গোলে শুরুতেই এগিয়ে গিয়েছিল সিটি। কিন্তু চতুর্থ স্তরের দল স্যালফোর্ডের বিপক্ষে ব্যবধান বাড়াতে ঘাম ঝরাতে হয়েছে তাদের। ম্যাচের ৮১ মিনিটে রায়ান শেরকির পাস থেকে ট্যাপ-ইনে জালের দেখা পান ডিফেন্ডার গেহি। সিটির জার্সিতে এটিই তাঁর প্রথম গোল।   ম্যানচেস্টার ইউনাইটেডের দুই কিংবদন্তি গ্যারি নেভিল ও ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাব স্যালফোর্ড এবারই প্রথম এফএ কাপের চতুর্থ রাউন্ডে খেলার সুযোগ পেয়েছে।   ম্যাচের মাত্র ৬ মিনিটে রায়ান আইত-নুরির ক্রস ওমার মারমুশের দিকে যাওয়ার পথে ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন স্যালফোর্ডের ডরিংটন। সিটি ভক্তরা বড় জয়ের আশায় থাকলেও প্রথমার্ধে প্রতিপক্ষের গোলমুখে একটি শটও নিতে পারেনি গার্দিওলার শিষ্যরা। উল্টো বেন উডবার্ন ও কেলি এন’মাইয়ের আক্রমণ রুখে দিয়ে সিটিকে রক্ষা করেন গোলরক্ষক জেমস ট্রাফোর্ড।   দিনের অন্য ম্যাচে আজ টার্ফ মুরে বড় অঘটন ঘটিয়েছে ম্যানসফিল্ড। প্রিমিয়ার লিগের দল বার্নলিকে ২-১ গোলে হারিয়ে ১৯৭৫ সালের পর প্রথমবারের মতো এফএ কাপের পঞ্চম রাউন্ডে জায়গা করে নিয়েছে তারা।

মো: দেলোয়ার হোসাইন ফেব্রুয়ারি ১৫, ২০২৬ 0
ছবি : সংগৃহীত
নির্বাচনে ভোট দেবেন না মেসি

  স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় সভাপতি নির্বাচন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ক্লাব প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার পদত্যাগের কারণে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন নির্বাচনে আবারও সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন লাপোর্তা। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন ভিক্টর ফন্ট। বার্সেলোনার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ এ নির্বাচনে সাবেক তারকা ফুটবলারদের ভূমিকা নিয়ে আলোচনা জোরালো হয়েছে। সাবেক কোচ জাভি হার্নান্দেজ প্রকাশ্যে ভিক্টর ফন্টকে সমর্থন দিয়েছেন। তবে লিওনেল মেসি এ বিষয়ে প্রকাশ্যে কোনো অবস্থান নেননি। লাপোর্তার সঙ্গে মেসির সম্পর্ক দীর্ঘদিন ধরেই ভালো নয় বলে আলোচনায় রয়েছে। সে কারণে ফন্টকে সমর্থনের সম্ভাবনার কথাও উঠে আসে। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম ডিয়ারিও স্পোর্ট–এর প্রতিবেদনে জানানো হয়েছে, বার্সেলোনার চলমান নির্বাচনে সরাসরি যুক্ত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন মেসি। তিনি ভোটদান করবেন না এবং কোনো প্রার্থীর পক্ষেও অবস্থান নেবেন না। এ তথ্য নিশ্চিত করেছে ইয়াহু স্পোর্টস। প্রতিবেদন অনুযায়ী, মেসি কোনো প্রার্থীর সঙ্গে সাক্ষাৎ করবেন না। এমনকি ভিক্টর ফন্টের সঙ্গেও নয়। যদিও ফন্ট আগেই জানিয়েছেন, নির্বাচনে জয়ী হলে তার প্রথম ফোনকল যাবে মেসির কাছেই। প্রতিবেদনে আরও বলা হয়েছে, লাপোর্তার সঙ্গে মেসির সম্পর্ক কার্যত বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তবুও এবার নির্বাচনে ভোট না দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। সাম্প্রতিক নির্বাচনগুলোর তুলনায় এটি বড় পরিবর্তন। কারণ অতীতে বার্সেলোনার নির্বাচনী প্রক্রিয়ায় নিয়মিতভাবে অংশ নিয়েছেন মেসি। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন মেসি। তিনি কোনো প্রার্থীর নাম উল্লেখ করে মন্তব্য করতে চান না। তার আশঙ্কা, সামান্য ইঙ্গিতও নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে। এ নির্বাচনে অংশ না নেয়ার পেছনে মূল কারণ হিসেবে তার যুক্তরাষ্ট্রে ব্যস্ত জীবনকেই দেখানো হচ্ছে। ইন্টার মায়ামির হয়ে সক্রিয় ক্যারিয়ার চালিয়ে যাওয়ায় আপাতত বার্সেলোনার ক্লাব রাজনীতির বাইরে থাকতে চান তিনি। ভবিষ্যতে পরিস্থিতি বদলাতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

মারিয়া রহমান ফেব্রুয়ারি ১০, ২০২৬ 0
ছবি : সংগৃহীত
শেষ মুহূর্তে নাটকীয়তার পর অ্যানফিল্ডে লিভারপুলকে হারাল সিটি

রোববার রাতে অ্যানফিল্ডে নাটকীয় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। যোগ করা সময়ে এরলিং হালান্ডের পেনাল্টিতে লিভারপুলকে ২-১ গোলে হারায় পেপ গার্দিওলার দল। এই জয়ে প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে সিটির পয়েন্ট ব্যবধান কমে দাঁড়াল ছয়।   প্রথমার্ধে গোল হয়নি। তবে বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। লিভারপুল বেশির ভাগ সময় রক্ষণেই ব্যস্ত ছিল।   ৭৪তম মিনিটে ম্যাচে প্রথম গোল আসে। প্রায় ৩০ মিটার দূর থেকে ডমিনিক শবোস্লাইয়ের বাঁকানো ফ্রি-কিক জালে জড়ায়। এতে এগিয়ে যায় লিভারপুল।   গোল খাওয়ার পর চাপ বাড়ায় সিটি। ১০ মিনিট পর সমতায় ফেরে তারা। হালান্ড ডিফেন্সের ওপর দিয়ে হেড করে বল বাড়ান। সেই বল থেকে ছয় গজ বক্সের সামনে থেকে গোল করেন বার্নার্দো সিলভা।   এরপর ম্যাচ গড়ায় যোগ করা সময়ে। তখন বড় সুযোগ পায় সিটি। মাতেউস নুনেসকে ফেলে দেন লিভারপুল গোলরক্ষক আলিসন। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। দায়িত্ব নিয়ে স্পট কিক নেন হালান্ড। গোল করে অ্যানফিল্ডের দর্শকদের চুপ করিয়ে দেন তিনি।   শেষ মুহূর্তে নাটক আরও বাড়ে। আলিসন কর্নারে উঠে গেলে অর্ধমাঠ থেকে রায়ান চের্কি বল জালে পাঠান। তখন হালান্ড ও সোবোস্লাই বল নিয়ে টানাটানিতে জড়ান। ভিএআর দেখে গোল বাতিল করা হয়। সেই সঙ্গে হালান্ডের শার্ট টানার কারণে সোবোস্লাইকে লাল কার্ড দেখান রেফারি। সিটি ফ্রি-কিক পায়। চের্কির শট দর্শকসারিতে গেলে রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজান।

মো: দেলোয়ার হোসাইন ফেব্রুয়ারি ০৯, ২০২৬ 0
ছবি : সংগৃহীত
ভ্যালেন্সিয়াকে হারিয়ে বার্সার আরও কাছে রিয়াল

২০২৬ সালে লা লিগায় নিজেদের শতভাগ জয়ের ধারা ধরে রাখল রিয়াল মাদ্রিদ। মেস্তায়ায় তারা হারাল ভ্যালেন্সিয়াকে। ম্যাচটি সহজ ছিল না। তবু শেষ পর্যন্ত তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদ।   এই ম্যাচে আলভারো আরবেলোয়া খেলান ৪-৪-২ ফরমেশনে। কারণ ভিনিসিয়াস জুনিয়র ছিলেন না। তিনি নিষেধাজ্ঞায় ছিলেন। রদ্রিগো গোয়েস ছিলেন চোটে। আক্রমণে একসঙ্গে খেলেন কিলিয়ান এমবাপ্পে ও গঞ্জালো গার্সিয়া। প্রথমার্ধে তারা তেমন প্রভাব ফেলতে পারেননি।   ম্যাচের প্রথম ৪৫ মিনিটে সুযোগ ছিল খুব কম। সেরা সুযোগটি পান রাইট-ব্যাক ডেভিড হিমেনেজ। এটি ছিল তার লা লিগা অভিষেক ম্যাচ। ডান দিক থেকে নেওয়া তার শট ভ্যালেন্সিয়া গোলরক্ষক স্তোল দিমিত্রিয়েভস্কি ঠেকিয়ে দেন। এর আগে তাকে খুব বেশি পরীক্ষা দিতে হয়নি।   ৬৫ মিনিটে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। আলভারো কারেরাস আলো জ্বালান রিয়াল শিবিরে। তিনি দুই ভ্যালেন্সিয়া ডিফেন্ডারকে কাটিয়ে সামনে এগিয়ে যান। এরপর কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান।   গোল হজমের পরই সমতায় ফেরার বড় সুযোগ পায় ভ্যালেন্সিয়া। লুকাস বেলত্রানের শট পোস্ট ছুঁয়ে বেরিয়ে যায়। এটিই ছিল তাদের সবচেয়ে কাছাকাছি চেষ্টা। এরপর আর ম্যাচে ফেরা হয়নি তাদের।   স্টপেজ টাইমের প্রথম মিনিটে ব্যবধান বাড়ায় রিয়াল মাদ্রিদ। ব্রাহিম দিয়াসের পাস থেকে এমবাপ্পে গোল করেন। এটি ছিল ম্যাচে রিয়ালের দ্বিতীয় গোল।   মোটের ওপর এটি রিয়াল মাদ্রিদের আরেকটি দুর্বল পারফরম্যান্স ছিল। তবু তারা তা নিয়ে ভাববে না। জয়ই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জয়ে তারা লা লিগা তালিকায় বার্সেলোনার থেকে এক পয়েন্টের মধ্যে চলে এসেছে। আগামী সপ্তাহে ফর্মে থাকা রিয়াল সোসিয়েদাদের হারাতে পারলে তারা সাময়িকভাবে শীর্ষেও উঠতে পারে। বার্সেলোনা খেলবে সোমবার রাতে জিরোনার বিপক্ষে।

মো: দেলোয়ার হোসাইন ফেব্রুয়ারি ০৯, ২০২৬ 0
ছবি : সংগৃহীত
ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

পারল না বাংলাদেশ। নেপালের পোখরায় সাফ অনুর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালে আজ ভারত ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশকে। ম্যাচের প্রথমার্ধে ভারত ১-০ গোলে এগিয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে কোনরকম প্রতিরোধই গড়তে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। বরং এই সময়ে ৩ গোল হজম করে বাংলাদেশ। আর তাতেই স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশের মেয়েদের।   অথচ, টুর্নামেন্টের গ্রুপ পর্বে দাপুটে ফুটবল খেলেছে বাংলাদেশ। তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১৮ গোল করলেও বাংলাদেশের জালে কেউ বল পাঠাতে পারেনি। তবে আজ ফাইনালে ঘটেছে উল্টো ঘটনা। বাংলাদেশ কোনো গোল করতে পারেনি। ভারত বাংলাদেশের জালে চার বার বল পাঠিয়েছে। ভারত বাংলাদেশের বিপক্ষে নিয়ন্ত্রিত ও পরিকল্পিত ফুটবল খেলেছে। সেখানে বাংলাদেশ একেবারে ছন্নছাড়া। গ্রুপ পর্যায়ের খেলায় বাংলাদেশ ২-০ গোলে ভারতকে হারায়। ঐ ম্যাচে প্রথমার্ধে বাংলাদেশ জোড়া গোল করেছিল। পুরো ম্যাচই ছিল বাংলাদেশের নিয়ন্ত্রণ। আজ ফাইনালে বাংলাদেশ সেই খেলা খেলতে পারেনি। কোচ বাটলারের রক্ষণ বারবার পরাস্ত হয়েছে। গোলরক্ষক ইয়ারজান দুই বার শিশুসুলভ ভুল করেছেন। ম্যাচের ৪২ মিনিটে বাংলাদেশের রক্ষণের ভুলে ভারতীয় অধিনায়ক বক্সে পুরো আনমার্কড ছিলেন। প্লেসিংয়ে গোল করতে কোনো সমস্যা হয়নি। দ্বিতীয়ার্ধে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে বাংলাদেশ পিছিয়ে পড়ে। ৬১ মিনিটে ভারতের একটি লং বল বক্সের সামনে ধরতে এসে ব্যর্থ হন গোলরক্ষক ইয়ারজান। গোলরক্ষক ভারতের ফরোয়ার্ডকে বাধা দেয়ার চেষ্টা করেন। ভারতের ফরোয়ার্ড বলের পেছনে ছুটে না পেয়ে ডাইভ দিয়ে পড়ে যান। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে ভারত ব্যবধান দ্বিগুণ করে।   মিনিট কয়েক পর প্রতীমার ব্যাক পাসে ইয়ারজান শট নিতে গেলে সামনে দৌড়ে আসেন পার্ল ফার্নান্দেজ। ইয়ারজানের শট নেন প্রতিপক্ষ খেলোয়াড়েরর শরীর বরাবর। এরপর আলতো টোকায় গোল করেন ভারতীয় স্ট্রাইকার। ৮৩ মিনিটে ডিফেন্সের ভুলে ৪ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাটলারের দল।

মোঃ ইমরান হোসেন ফেব্রুয়ারি ০৭, ২০২৬ 0
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
এবার তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি!

চমকপ্রদ এক দলবদলের জন্য 'সবুজ সংকেত' দিয়ে দিয়েছেন লিওনেল মেসি। যেখানে জুড়ে দেয়া আছে এক অদ্ভুত শর্তও। প্রতিপক্ষের মাঠে ম্যাচ নয়। মূলত, ২০২৬ বিশ্বকাপের জন্য নিজেকে ফিট রাখার জন্যই এমন শর্ত। আর সেই কারণেই স্বল্পমেয়াদি চুক্তিতে ইউরোপে ফেরার চিন্তাভাবনা করছেন তিনি। আর সেই সুযোগে কাজে লাগাতে চায় তুর্কি জায়ান্ট গালাতাসারাই। তুরস্কের খ্যাতনামা ফুটবল বিশ্লেষক লেভেন্ট তুজেমান দাবি করেছেন, গালাতাসারাই ও মেসির মধ্যে আলোচনা এরমধ্যেই হয়েছে। আটবারের ব্যালন ডি’অরজয়ী নাকি চার মাসের চুক্তিতে তুর্কি ক্লাবটির হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন, যেখানে মোট ম্যাচ হবে ১২টি। এই ম্যাচগুলোর সবগুলোই ইস্তাম্বুলে, অর্থাৎ র‍্যামস পার্কে। মেসির শর্ত—তিনি কেবল ঘরের মাঠের ম্যাচেই খেলবেন। শর্তটি কিছুটা অদ্ভুত মনে হলেও, তুরস্কে তার উপস্থিতি যে ব্যাপক উন্মাদনা তৈরি করবে, তা এড়াতেই নাকি এই সিদ্ধান্ত। তুজেমান অ্যা স্পোর'র লাইভ অনুষ্ঠানে কায়সারিসপোরের বিপক্ষে গালাতাসারাইর ৪–০ গোলের জয়ের পর এই বিস্ফোরক দাবি করেন। তার মতে, বিশ্বকাপের আগে আরও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পেতেই এই ট্রান্সফার বাস্তবায়িত হতে পারে। সাহসী মন্তব্যের জন্য পরিচিত তুজেমান বলেন, ‘ম্যানেজমেন্টও বিষয়টি নিশ্চিত করেছে। তারা যুক্তরাষ্ট্র থেকে লিওনেল মেসিকে গালাতাসারাইতে আনার চেষ্টা করেছিল। মেসি বলেছেন, আমেরিকান লিগে খেলার গতি তার জন্য খুব ভারী হয়ে যাচ্ছে এবং তিনি চোট নিয়ে বিশ্বকাপে যেতে চান না।’ সৌদি প্রো লিগ থেকে মেসি প্রস্তাব পেলেও তা নাকচ করার কথা জানিয়ে বলেন, ‘আল-হিলাল প্রস্তাব দিয়েছিল, কিন্তু তিনি তা গ্রহণ করেননি। মেসি এলে এক মিলিয়ন মানুষ বিমানবন্দরে যাবে।’ তুজেমান আরও জানান, তুরস্কে আসার শর্ত পরিষ্কার করে দিয়েছেন মেসি। তার ভাষায়, ‘মেসি বলেছেন, তিনি ইস্তাম্বুলে খেলবেন—এই শর্তেই আসবেন। তিনি ১২টি ম্যাচ খেলবেন, তবে কোনো অ্যাওয়ে ম্যাচে যাবেন না।’ যদিও গালার হয়ে তিনি শুধু হোম ম্যাচ খেলতেই আগ্রহী, তবে, তুজেমানের দাবিতে সত্যতা থাকলে ওকান বুরুকের দল তুর্কি কাপের ফাইনালে উঠলে, মেসি সেই ম্যাচেও খেলতে পারেন। এর আগে মেসি নিজেই বলেছিলেন, ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য তিনি যেন ‘বোঝা’ না হয়ে যান। কারণ নতুন এমএলএস মৌসুম শুরু হবে বসন্তে, ফলে বিশ্বকাপের আগে হয়তো তিনি প্রত্যাশিত মানের কঠিন চ্যালেঞ্জ পাবেন না। এ কারণে যুক্তরাষ্ট্রের বাইরে বিকল্প খোঁজার পরামর্শও পেয়েছেন তিনি। সাবেক ফুটবলার টেরি ফেলান, যিনি খেলোয়াড়ি জীবনে চার্লস্টন ব্যাটারির হয়ে যুক্তরাষ্ট্রে খেলেছিলেন, সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘মেসি কি বিশ্বকাপের দিকে তাকিয়ে ভাবছেন—‘‘আমাকে আরও ভালো প্রতিযোগিতায় খেলতে হবে, ফিট থাকতে হবে?’’ সৌদি আরব? সেখানে যাওয়ার জন্য তার টাকার দরকার নেই। সৌদি দলগুলো ক্লাব বিশ্বকাপে ভালো করেছে ঠিকই, ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে, এক-দুটি ম্যাচ জিতেছে—কিন্তু সেটাই সব নয়।’ এসময় তিনি আরও যোগ করেন, ‘মেসির যদি সত্যিই সেই ক্ষুধা থাকে, তাহলে তাকে এমন জায়গায় যেতে হবে, যেখানে সে নিজেকে আরও কঠিন চ্যালেঞ্জে ফেলতে পারে। এখন তো তার জন্য সবকিছু খুব সহজ। পরিসংখ্যান, ভিডিও দেখলে মনে হয়—এই মুহূর্তে এটা তার জন্য প্লেস্টেশন খেলার মতো। এটা স্বাস্থ্যকর নয়।’ লিওনেল মেসি এখনো আনুষ্ঠানিকভাবে ২০২৬ বিশ্বকাপে খেলার বিষয়টি নিশ্চিত করেননি। তবে প্রত্যাশা করা হচ্ছে, তিনি প্রধান কোচ লিওনেল স্কালোনির ডাকে সাড়া দেবেন এবং টুর্নামেন্টে আর্জেন্টিনার অধিনায়কত্ব করবেন। এই টুর্নামেন্ট খেলার সময়ই তার আন্তর্জাতিক ম্যাচ সংখ্যা ২০০ ছাড়িয়ে যাবে।

মারিয়া রহমান ফেব্রুয়ারি ০৩, ২০২৬ 0
শেষ মুহূর্তে এমবাপের গোলে জিতল রিয়াল

নির্ধারিত ৯০ মিনিট শেষে চলছিল যোগ করা সময়ের খেলা। যেকোনো সময়ই শেষ বাঁশি বাজাতে পারেন ম্যাচ রেফারি। এমন সময় পেনাল্টি পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি দলের ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। শেষ মুহূর্তের এই গোলেই রায়ো ভায়েকানোর বিপক্ষে ২-১ গোল ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্ন্যাবুতে তুলনামূলক কম শক্তিশালী দল রায়ো ভায়েকানোর বিপক্ষে সহজ জয়ই পাবে রিয়াল মাদ্রিদ, এমনটিই ভেবেছিলেন সবাই। ম্যাচের পরিসংখ্যানও রয়েছে স্বাগতিকদের পক্ষেই। বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল রিয়াল। পুরো ম্যাচের ৫৭ শতাংশ সময় নিজেদের অধীনে বল ধরে রাখে স্বাগতিকরা। আর প্রতিপক্ষের গোলবার বরাবর শট নেয় মোট ২৩টি। অন্যদিকে রায়ো ভায়েকানো নিজেদের অধীনে বল ধরে রেখেছে ৪৩ শতাংশ সময়। আর রিয়াল মাদ্রিদের গোলবার লক্ষ্য করে শট নিয়েছে ১৪টি। ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচের ১৪তম মিনিটে গোল করে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। দলের স্প্যানিশ তারকা ব্রাহিম দিয়াজের বাড়ানো বলে নিখুঁত শট মেরে গোল আদায় করেন ভিনিসিয়ূস জুনিয়র। বিরতির আগ পর্যন্ত লিড ধরে রাখেন আলভারো আরবেওলার শিষ্যরা। প্রথমার্ধ শেষ জয় ১-০ গোল ব্যবধানে। দ্বিতীয়ার্ধে নেমেই গোলের দেখা পায় রায়ো ভায়েকানো। মাঠে নামার চতুর্থ মিনিটেই গোল করে দলকে সমতায় ফেরান জর্জ ডি ফ্রুটোস। এরপর প্রতিপক্ষের রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালায় রিয়াল মাদ্রিদ। কিন্তু রক্ষণভাগ ভেদ করে আর গোল আদায় করা হচ্ছিল না তাদের। এমতাবস্থায় মনে হচ্ছিল, ১-১ ব্যবধানেই শেষ হচ্ছে ম্যাচ। কিন্তু ম্যাচের নাটকীয়তা তখনও বাকিই ছিল। যোগ করা সময়ের দশম মিনিটে ডি-বক্সের ভেতরে অবৈধভাবে বাধা দেওয়ার কারণে হলুদ কার্ড দেখেন আলফোনসো এস্পিনো। তাতেই পেনাল্টি পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। স্পট কিক থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন কিলিয়ান এমবাপে। এ জয়ের মাধ্যমে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমালো রিয়াল। ২২ ম্যাচ শেষে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছেন আরবেওলার শিষ্যরা। সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। তিনে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তাদের সংগ্রহ ৪৫ পয়েন্ট। আর ২২ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে আছে রায়ো ভায়েকানো।

মারিয়া রহমান ফেব্রুয়ারি ০১, ২০২৬ 0
সংগৃহীত ছবি
ভুটানের জালে ১২ গোলের উৎসব বাংলাদেশের মেয়েদের

  সাফ নারী অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ভুটানকে হারিয়ে চ্যাম্পিয়নের মতোই শুরু করেছে বাংলাদেশ। শনিবার নেপালের পোখারায় বাংলাদেশ ১২-০ গোলে উড়িয়ে দিয়েছে ভুটানকে। প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়েছিল বাংলাদেশ।  এই টুর্নামেন্টের সর্বশেষ আসরে বাংলাদেশ ও ভারত যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার শিরোপা নিজেদের করে নিতে বাফুফে বয়সভিত্তিক এই সাফ চ্যাম্পিয়নশিপকে মহা গুরুত্ব দিয়ে জাতীয় দলকে ঢাকায় রেখে প্রধান কোচকে পাঠিয়েছে নেপালে। সেই মিশনে শুরুটা দুর্দান্তই করেছে বাংলাদেশ। প্রথম গোল পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ২৭ মিনিট। তারপর ভুটানের মেয়েরা শুধু জাল থেকে বলই কুড়িয়েছেন। প্রথমার্ধে চার ও দ্বিতীয়ার্ধে ৮ গোল দিয়ে বাংলাদেশ রীতিমতো ভুটানের জালে গোল উৎসব করেছে।  চার গোল করেছেন মুনকি আক্তার। তিনটি করেছেন তৃষ্ণা রানী ও আলপি আক্তার। অধিনায়ক অর্পিতা বিশ্বাস, মামুনি চাকমা একটি করে গোল করেছেন। বাংলাদেশের মেয়েরা ম্যাচে যোগ করা সময়েই করেছেন ৩ গোল। চার দেশের টুর্নামেন্টে লিগ ভিত্তিতে খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের মধ্যে হবে ফাইনাল। বাংলাদেশের পরের ম্যাচ ২ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে।

মারিয়া রহমান ফেব্রুয়ারি ০১, ২০২৬ 0
Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

দেশের বাইরে পড়ার জীবনটা যেমন

দেশের বাইরে মানুষকে পড়তে আসা উচিত কি না—এ নিয়ে ধর্মীয়, সামাজিক, ব্যক্তিগত নানা মত আছে। তবে আমার বিশ্বাস, সুযোগ থাকলে জীবনে একবার হলেও দেশের বাইরে পড়াশোনা করা উচিত। বিদেশে পড়লে একজন মানুষের দৃষ্টিভঙ্গি বদলায়, সে নতুন অভিজ্ঞতা অর্জন করে। চাইলে বিদেশে চাকরি করতে পারে, আবার চাইলে দেশে ফিরে অবদান রাখতে পারে—সেটলড হওয়াই একমাত্র লক্ষ্য নয়। কিন্তু যেটাই করুক, সে যে অভিজ্ঞতা বয়ে নিয়ে যায় সেটা অমূল্য হয়ে থাকে। তার দুনিয়াকে দেখার চোখ অন্যদের থেকে আলাদা হবে।    অনেকেই দেশে হোস্টেলে থেকেছেন, বাবা–মা থেকে দূরে থেকেছেন। কিন্তু বিদেশে এসে যে ধাক্কাটা লাগে, সেটা আলাদা। এখানে সবই একা সামলাতে হয়। অসুস্থ হলে মাথায় নিজেই পানি দিতে হয়। হাজারো চ্যালেঞ্জ, হাজারো স্ট্রাগল—সব একা নিজের কাঁধে বয়ে বেড়াতে হয়।   দেশে একা থাকা আর বিদেশে একা থাকার তফাৎ এখানেই। দেশে জুতা ছিঁড়লে মুচি আছে, বিদ্যুৎ গেলে মেকানিক আছে, গাড়ি নষ্ট হলে সাহায্য মিলবে, রান্নার জন্য বুয়া পাওয়া যাবে। কিন্তু বিদেশে জুতা সেলাই করতে যে টাকা লাগে, তা দিয়ে নতুন দুই জোড়া কিনে ফেলা যায়। শেফ রাখতে চাইলে তার বেতনই আপনার বেতনের চেয়ে বেশি হতে পারে। তাও দেশি স্বাদের রান্না নাও আসতে পারে।   এখানে এসে আমি নিজের সাইকেলের চাকা নিজেই ঠিক করেছি ইউটিউব দেখে, জুতা নিজে সেলাই করেছি, গাড়ি নষ্ট হলে নিজে শিখে ঠিক করেছি। রান্না শিখেছি—কারণ বছরের পর বছর নিজের হাতের রান্নাই খেতে হয়। এসব তো কেবল কয়েকটা উদাহরণ; সব বলতে গেলে বই হয়ে যাবে।   কঠিন পড়াশোনা আর গবেষণার পাশাপাশি বেঁচে থাকার প্রয়োজনে আরও শত স্কিল শিখতে হয়। চ্যালেঞ্জ যতই থাকুক, মানুষ প্রতিকূল পরিবেশে টিকে থাকতে শিখে। সময়ের সঙ্গে সঙ্গে সব সহজ হয়ে আসে। আর এসব সংগ্রাম—এসবই মানুষকে শক্তিশালী, সক্ষম ও পরিণত করে তোলে। তাই প্রবাসজীবনে সমস্যা যেমন আছে, তেমনি আছে অসংখ্য সুযোগ ও ইতিবাচক দিক।   দেশে আমার পরিচিত অসংখ্য বন্ধু–পরিচিত ‘বেকার’। রূপক অর্থে বেকার। অর্থাৎ চাকরি থাকলেও তারা কাজকে অর্থবহ মনে করে না, নিজের কর্মজীবন নিয়ে গর্বিত হতে পারে না। বড় চাকরি, ছোট চাকরি, ব্যবসা—সব ক্ষেত্রেই বেশিরভাগ মানুষ সন্তুষ্ট না নিজের কাজ নিয়ে, না নিজের জীবনের মান নিয়ে।   কিন্তু বিদেশে এই বিষয়টা তুলনামূলক কম। এখানে নিজের পছন্দের কাজ খুঁজে পাওয়ার সুযোগ অসীম—যদি আপনি সেই কাজের স্কিল শিখে নিতে পারেন। ক্যারিয়ারের মাঝপথে হঠাৎ মনে হলে যে আপনি অন্য কিছু করতে চান—এখানে সেটা ভাবার সাহস মানুষ দেখাতে পারে। নিজের জীবন নতুনভাবে গড়া এখানে সম্ভব।   এখানে আপনাকে আপনার কাজ দিয়েই বিচার করা হবে। ব্যক্তিজীবন নিয়ে খুব কমই মানুষ মাথা ঘামায়। রেসিজম আছে ঠিকই—কিন্তু ক্ষমতার অপব্যবহার, কাউকে ‘কেনা গোলাম’ ভাবার প্রবণতা এখানে বিরল। আপনি নিজের কাজ ঠিকঠাক করলে কারো কাছে তোষামোদ করতে হবে না। নিজের আত্মসম্মান বিক্রি করতে হবে না। এই পরিবেশ জীবনকে কম টক্সিক করে তোলে।   বাংলাদেশে তো পাসপোর্ট অফিসের পিয়নকেও ‘স্যার’ বলতে হয় ফাইলটা একটু ভেতরে ঢোকানোর জন্য—যা আমরা শ্রদ্ধা থেকে বলি না, বাধ্য হয়ে বলি।   দেশে–বিদেশে কোথাও প্রতিদিন অসাধারণ লাগবে না। কিন্তু প্রতিদিন অন্তত মনে হওয়া উচিত—আপনি কোনো অর্থবহ কাজে যুক্ত আছেন। যদি সেটা না হয়, তাহলে নিজের কাজ, নিজের স্থান, নিজের পরিবেশ—সবই নতুন করে ভাবার সময় এসেছে।   আপনি যদি নিজের কাজ নিয়ে, নিজের জায়গা নিয়ে, নিজের অবদান নিয়ে গর্ব করতে পারেন—তাহলে দেশে পরিবার–পরিজন নিয়ে জীবন কাটানোই শ্রেয়। আর সময়–সুযোগ পেলে একবার বিদেশে অভিজ্ঞতা নেওয়া যেতে পারে—জব করে, মাস্টার্স বা পিএইচডি করে, কিংবা কিছুদিন ভ্রমণ করে। তবে দয়া করে—ব্যাচেলর/অনার্স লেভেলের পড়াশোনায় সন্তানকে বিদেশে পাঠাবেন না। আর ব্যাংক লোন নিয়ে বিদেশ ভ্রমণ করতে যাবেন না—এটা বাড়াবাড়ি।   লেখক : সাকলাইন মোস্তাক, পিএইচডি শিক্ষার্থী, যুক্তরাষ্ট্র

সপ্তাহের সেরা

ছবি : সংগৃহীত
জাতীয়

ঈদুল ফিতরে টানা ১০ দিনের ছুটির সুযোগ

মো: দেলোয়ার হোসাইন ফেব্রুয়ারি ২৩, ২০২৬ 0